লাইভ , মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ১১ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

    মাহবুব উল আলম হানিফ

    ছবির উৎস, Mahbubul Alam Hanif/facebook

    ছবির ক্যাপশান, মাহবুব উল আলম হানিফ

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় এই রায় হয়। একই মামলার আরো কয়েকটি অভিযোগে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

    মামলায় মাহবুব-উল আলম হানিফসহ চার জন আসামি ছিলেন। অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

    তাদেরও ভিন্ন ভিন্ন অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    চার জন আসামির সবাই পলাতক আছেন।

    সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যাক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

  2. ৩৭ মিনিট আগেগতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
    • ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো।
    • ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনার পরও বেনিয়ামিন নেতানিয়াহু বা গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্টতা পায়নি।
    • বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
    • 'শব্দচয়ন' নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি "অসতর্কভাবে 'ক্রসফায়ার' শব্দটি ব্যবহার করেছেন"।
    • পশ্চিমবঙ্গের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযোগ, দূর্গাপুজার প্যান্ডেলের পাস বিক্রিতে বেহিসাবী টাকার লেনদেন হয়, এর সাথে জড়িত ছিলেন তিনি।
    • ঢাকার শেরে বাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    • বাংলাদেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকায় ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
    • ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী জামিন পেয়েছেন।
  3. ৩৮ মিনিট আগেবিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira