পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুন
Published ২ মিনিট আগে
পড়ার সময়: ৭ মিনিট
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ডও গঠন করেছে সরকার। বোর্ড গঠনের ঘোষণা দিয়ে গতকাল শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম অসন্তোষের জেরে একদিনেই বন্ধ হয়ে গেছে দেশের বিভিন্ন শিল্প অধ্যুষিত এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক গতকাল কাজ না করেই কর্মস্থল ত্যাগ করেন। পরিস্থিতির উন্নতি না হলে আজও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এ অবস্থায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী 'কাজ নেই, মজুরি নেই' নীতিতে কারখানা বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন তারা।
এদিকে কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থরক্ষা, রফতানি কার্যক্রম নির্বিঘ্ন ও জননিরাপত্তা ঠিক রাখতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল রবিবারও সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, কাঁদুনে গ্যাস নিক্ষেপ, লাঠিপেটা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ওই সব এলাকার পাঁচ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর মধ্যেই গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, ঢাকা ও গাজীপুরে সহিংস শ্রমিক বিক্ষোভে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যুক্ত রয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম একটি মিছিলের নেতৃত্ব দিয়েছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সহিংসতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কালিয়াকৈরে একটি ঝুটের গুদামেও আগুন দেওয়া হয়েছে।
তাঁর দাবি, আন্দোলনে মুখোশধারীরা ঢুকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকে ইন্ধন দিয়ে দেশের রপ্তানি বাণিজ্য ও পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সহিংসতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অপতৎপরতা ও সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর বিরুদ্ধে সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০০৯ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকার তাঁকে চেয়ারম্যান নিয়োগ দেয়। ২০১৪ সালের জুলাই পর্যন্ত তাঁর দায়িত্বকালে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে পরে সাড়ে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়। অথচ ২০০৮ সাল পর্যন্ত বেসিক ব্যাংক ছিল দেশের অন্যতম ভালো ব্যাংক।
প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, আবদুল হাই বর্তমানে কানাডায় সপরিবারে অবস্থান করছেন। তিনি দুদকের অন্তত ৬৬টি মামলায় অভিযুক্ত। মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তাঁর দাবি, ঋণ অনিয়মের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতারাও দায়ী। তবে বাংলাদেশ ব্যাংকের একাধিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল হাইয়ের নিয়োগ ও কর্মকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয় ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অনিয়মের খবর প্রকাশ ঠেকাতে ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তাদের চাপ দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া মতিঝিলে ব্যাংকের ভবন কেনার ক্ষেত্রে বিরোধপূর্ণ জমিতে অনিবন্ধিত চুক্তি করে ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়। তবু ভবনটির পূর্ণ দখল পায়নি ব্যাংক।
বছরে ৩০২ থেকে ৩৯৩ কোটি টাকা ব্যয় হতে পারে। আর ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত হলে সম্ভাব্য বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ৫৩২ থেকে ২ হাজার ১৮৮ কোটি টাকা। তবে সদস্যদের চাঁদা থেকে এই ব্যয়ের সামান্য অংশই সংগ্রহ করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর প্রকাশিত আয়-ব্যয়ের হিসাবের সঙ্গেও সম্ভাব্য ব্যয়ের বড় ব্যবধান রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে প্রকাশিত 'বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন' শীর্ষক গবেষণায় বলা হয়েছে, রাজনৈতিক অর্থায়নে ব্যক্তিনির্ভরতা ও অনানুষ্ঠানিক উৎসের প্রাধান্য দলগুলোকে ব্যবসায়ী ও বিত্তশালীদের ওপর নির্ভরশীল করে তুলছে। এর ফলে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিস্তার ঘটছে। নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করে ন্যূনতম ২২টি জেলা ও ১০১টি উপজেলায় কার্যালয় ও কার্যক্রম পরিচালনা করতেই একটি রাজনৈতিক দলের বছরে প্রায় ১৪ থেকে ২০ কোটি টাকা ব্যয় হতে পারে।
গবেষণায় রাজনৈতিক দলগুলোর অর্থায়ন, অভ্যন্তরীণ গণতন্ত্র, নেতৃত্ব নির্বাচন, প্রার্থী মনোনয়ন এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা ও অন্তর্ভুক্তির ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে দুই ঘণ্টা ব্যাপী গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
গতকাল বিকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
পুলিশ, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে গোলাগুলি চলছে।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা সংবাদমাধ্যমকে বলেন, 'দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল সোয়া ৩টার দিকে গোলাগুলি হয়। এলাকাটি দুর্গম এবং আশপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী বুধবার (৪ নভেম্বর) থেকে চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময় গ্যাসের চাপও কম থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির গ্যাস পুনরায় সরবরাহের কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।
এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকেরা গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষ শিক্ষকের অভাবে দীর্ঘমেয়াদি শিখন ঘাটতিতে পড়ছে শিক্ষার্থীরা। মুখস্থনির্ভর পড়াশোনার কারণে বিষয় দুটিতে শিক্ষার্থীদের ভিত্তি দুর্বল থেকে যাচ্ছে, যার প্রতিফলন দেখা গেছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে। এ পরীক্ষায় ইংরেজিতে ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং আইসিটিতে ২৭ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশের ২ হাজার ৬২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের কোনো শিক্ষক নেই। বর্তমানে এ বিষয়ে পাঠদান করছেন ৬৪ হাজার ২৫৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৫১ হাজার ৩৬০ জনের ইংরেজি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা উচ্চতর কোনো ডিগ্রি নেই।
প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ১২ বছর ইংরেজি পড়েও অনেক শিক্ষার্থীর ভাষাভীতি কাটছে না। এর অন্যতম কারণ মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা ও বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব। ফলে ইংরেজি ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা তৈরি হচ্ছে না এবং দীর্ঘমেয়াদে তাদের শিখন ঘাটতি বাড়ছে।
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রোববার দিল্লিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে অভিযোগ করা হয়, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা পাইয়ে দিচ্ছে।
কেন্দ্রীয় দিল্লি থেকে রামলীলা ময়দানের নির্ধারিত সমাবেশস্থল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বিরোধী দলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় এবং যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়। বিক্ষোভকারীদের অনেকের হাতে ভারতের জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল।
সমাবেশে রাহুল গান্ধী বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ ছাড়তে হবে। তাঁর মতে, নির্বাচন কমিশনের প্রধানের অপসারণ দেশের পরিস্থিতি সঠিক পথে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এটিকে নরেন্দ্র মোদির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখছে রয়টার্স। তবে এখনো তাঁর সরকারের স্থিতিশীলতা রয়েছে এবং পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।
সাবেক বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরী হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশা (১৯) নামের এক নারীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার রাত দুইটার দিকে রাজধানীর কাফরুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ডিজিটাল তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে দিশা তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসের একটি শাখায়ও গেছেন। সিসিটিভি ফুটেজে তাঁদের একসঙ্গে রেস্তোরাঁয় সময় কাটানো এবং মোটরসাইকেলে চলাচলের দৃশ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। তাহসিফের মৃত্যুর আগে তাঁদের মধ্যে একাধিকবার ফোনে কথাও হয়েছে।
এ ছাড়া মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে দেখা গেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। দীপও বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। পুলিশের দাবি, দিশাকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাইয়ের মাধ্যমে হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
Source: BBC Bangla · BBC News বাংলা
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira