1. ১৬ নভেম্বর ২০২৬সোমবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি।
    • অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডায় ‘মাইগ্র্যান্ট ডিপোর্টেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। দেশগুলো হলো: জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
    • ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন। অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন তিনি।
    • গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবং তিনি কারাগার থেকে বিচার প্রক্রিয়ায় অংশ নিবেন।
    • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন মারধরকারীরা।
    • বাংলাদেশে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশের ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছে আদালত।
    • বাংলাদেশ সরকার দেশে আরও দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
    • পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ২১শে জানুয়ারি থেকে প্রথম দফার নির্বাচন হবে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

  2. ১৬ নভেম্বর ২০২৬টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১১৩ রানে পিছিয়ে

    দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১১৩ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

    জোহানেসবার্গে দিন শেষে আজ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানে খেলা শেষ করেছে স্বাগতিকরা।

    এর মধ্যে ৩টি উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। অন্যটি পেয়েছেন মুমিনুল হক।

    মার্কেস আকারম্যান পেয়ে গেছেন তার ক্যারিয়ারের প্রথম শতক। মাত্র ১৬৪ বলে ১৫৭ রান করেছেন তিনি।

    এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। তৌহিদ হৃদয় ও লিটন দাস সেঞ্চুরি পেয়েছেন।

  3. ১৬ নভেম্বর ২০২৬অভিবাসীদের ফেরত পাঠাতে রুয়ান্ডায় কেন্দ্র করবে ইউরোপের পাঁচ দেশ

    অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা জোরদার করতে চাইছে ইউরোপের দেশগুলো

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা জোরদার করতে চাইছে ইউরোপের দেশগুলো

    অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডায় ‘মাইগ্র্যান্ট ডিপোর্টেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ।

    দেশগুলো হলো: জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। সোমবার ভিয়েনায় এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এসব দেশ গত সেপ্টেম্বরে জানিয়েছিল, ইইউর বাইরের কোনো একটি দেশের সঙ্গে ‘রিটার্ন হাব’ বা অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনে জন্য একটি চুক্তির বিষয়ে তারা কাজ করছে।

    এর আগে গত অগাস্টে রুয়ান্ডা জানিয়েছিল, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে তাদের ‘প্রাথমিক আলোচনা’ শুরু হয়েছে।

    জানা গেছে, এই পরিকল্পনা কেবল আশ্রয়প্রার্থী হিসেবে ইইউতে থাকার জন্য সব ধরনের আইনি সুযোগ শেষ করেছেন তাদের জন্য প্রযোজ্য হবে।

    তবে এ বিষয়ে যুক্তরাজ্য যে চুক্তি করেছিল তার সঙ্গে এই চুক্তির পার্থক্য রয়েছে। ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল।

    আইনি চ্যালেঞ্জের কারণে যুক্তরাজ্যের ওই চুক্তি কখনোই বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার চুক্তিটি বাতিল করে দেয়।

    পাঁচটি ইইউ দেশ বলছে, অভিবাসীদের বিদেশে পাঠানোর এই পরিকল্পনা ইইউ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এর ফলে অভিবাসীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।

    ইইউর সাম্প্রতিক একটি সংস্কারের মাধ্যমে জোটের বাইরে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা এএফপিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, মধ্য-পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু করা হবে। সেখানে প্রায় ১০০ জনকে রাখা হতে পারে। পাঁচটি দেশের প্রতিটি সম্ভবত ২০ জন করে অভিবাসী পাঠাবে।

  4. ১৬ নভেম্বর ২০২৬ব্রেকিং, নতুন জেমস বন্ড হিসাবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা

    রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড

    ছবির উৎস, 007/Instagram

    ছবির ক্যাপশান, জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে নিশ্চিত করা ভিডিওটিতে তাকে হাতে বন্দুক ও টাক্সিডো পরা অবস্থায় দেখা যায়

    ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন।

    অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন প্যাটিনসন।

    সোমবার স্থানীয় সময় সকালে অ্যামাজনের তরফ থেকে এই ঘোষণা এসেছে।

    ভ্যারাইটি-তে প্রকাশিত এক বিবৃতিতে প্যাটিনসন বলেছেন: "জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তী চরিত্র এবং 007-এর দায়িত্ব পাওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান।"

    আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই ভূমিকাটি পাওয়া যে আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো, তা বলে বোঝানো যাবে না।

    এই অংশীদারিত্ব এবং এই অসাধারণ দলের সাথে সামনের কাজ নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।

    পিকি ব্লাইন্ডার্স-এর স্রষ্টা স্টিভেন নাইট নতুন চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন এবং ডেনিস ভিলেনিউভ এটি পরিচালনা করবেন।

    মে মাসে, অ্যামাজন এমজিএম স্টুডিওস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেওয়ার পর কাস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেয়।

  5. ১৬ নভেম্বর ২০২৬আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মারধর, শিক্ষককে হেনস্তার অভিযোগ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন মারধরকারীরা।

    আজ বেলা সাড়ে বারটার দিকে এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মারধরের পর কর্মকর্তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ সাংবাদিক বলেছেন যে, তথ্য প্রমাণ যাচাই করে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন। একই সঙ্গে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছেন।

    যাদের মারধর করা হয়েছে তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

    এর বাইরে বাংলা বিভাগের একজন অধ্যাপককে হেনস্তার তথ্য পাওয়া গেছে।

    এদিকে কর্মকর্তাদের মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, একজন করে কর্মকর্তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারও কারও গায়ের জামা ছিড়ে ফেলা হয়।

    যারা মারধর করছিলেন তারা সাংবাদিকদের বলেছেন যে, “এরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তালিকা অনুযায়ী তাদের খুঁজে বের করা হচ্ছে”।

  6. ১৬ নভেম্বর ২০২৬নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক, বললেন প্রধানমন্ত্রী

    সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    “তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে,” তিনি সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।

    শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে।

    “এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে”।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে”।

  7. ১৬ নভেম্বর ২০২৬জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবং তিনি কারাগার থেকে বিচার প্রক্রিয়ায় অংশ নিবেন। এ বিষয়ে প্রসিকিউশনের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

    "প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর মামলা জিয়াউল আহসানকে যেন ভার্চুয়ালি হাজির করানো হয় সেই আবেদন করেছিলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এখন থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে।''

    ''এটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়। আদেশে বলা আছে এ মামলার যে কোনো আসামী দীর্ঘদিন অসুস্থ থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাহলে যে কোনো আসামিই এ আদেশের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যে অংশ নিতে পারবে। এখন থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। অন্য কোনো আসামি আসতে না চাইলে, লম্বা সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে,” বলেছেন তিনি।

    এর আগে দুপুর প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানিয়েছিলেন।

    মি. ইসলাম তখন বলেছিলেন, জিয়াউল আহসান যেসব মামলার আসামি সেসব মামলার কার্যক্রমে তিনি ও তার আইনজীবী বোন বাধার সৃষ্টি করছেন।

    “আজ সকাল থেকে তিনি ট্রাইব্যুনালে আসবেন না। তিনি অভিনয় করছেন। কখনো তিনি অসুস্থ। কখনো কর্তব্যরত পুলিশের সাথে দুব্যর্বহার করছেন। অবশেষে ওই প্রিজন ভ্যানে করেই জেল কর্তৃপক্ষ তাকে এনেছে। নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পড়িয়ে এনেছে। কিন্তু এসব নাটকীয়তার কারণে আজ আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

    প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

  8. ১৬ নভেম্বর ২০২৬পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

    প্রধান আসামী সোহেল রানা

    ছবির উৎস, ROMIZ HUSSAIN

    ছবির ক্যাপশান, প্রধান আসামী সোহেল রানা

    বাংলাদেশের ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছে আদালত।

    অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, এ মামলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের দেওয়া দন্ড বহাল রাখার জন্য তারা তাদের যুক্তি আদালতে বোঝাতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন।

    “এখন আদালত যে রায় দিবেন সেটিই চূড়ান্ত। আমাদের যুক্তি আমরা উপস্থাপন করেছি। প্রতিপক্ষের যুক্তি শুনেছেন। আদালত যেসব প্রশ্ন দিয়েছেন তার জবাব দিয়েছি। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করেন। আমরা মনে করি আদালত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রত্যাশা করি,” বলছিলেন তিনি।

    সরকারি বার্তা সংস্থা বাসস- এর খবরে বলা হয়েছে, বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি এক দিনেই শেষ করে আজ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

    গত ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

    পরে ২৪শে মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ এবং স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

    ঘটনার পর অভিযুক্ত সোহেল আত্মগোপনে গেলেও ঘটনার ১০ ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    চার্জশিটে এই ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি করা হয় সোহেল রানাকে। তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তার স্ত্রী স্বপ্না আক্তারকে।

    আটকের পরে প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

    পরে সাতই জুন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

  9. ১৬ নভেম্বর ২০২৬শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি।

    “আমাদের সাথে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি,” পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।

    বিবিসি বাংলায় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের সূত্রে শেখ হাসিনার বিষয়ে ভারতের তরফ থেকে দুটি শর্ত দেওয়ার কথা বলা হয়েছিল। সেই বিষয়টি উল্লেখ করেই সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন।

    জবাবে তিনি আরও বলেছেন, “প্রতিবেদন অফিশিয়াল জায়গা থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে অফিশিয়ালি কিছু আসলে আমরা সেটা গ্রহণ করে জবাব দিবো”।

    ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে বিশাল ব্যাপার। আমাদের ইস্যুজ আছে যা আমরা কূটনীতি দিয়ে সমাধান করবো। ভারতে বসে তিনি বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন”।

    ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপ বন্ধ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সভাটি বাতিল হয়নি, পিছিয়েছে”। ১৭ ও ১৮ই নভেম্বর ওই সংলাপ হওয়ার কথা ছিল''।

    শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “আমি যতদূর জানি বাংলাদেশের নাগরিক হওয়াটাই পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে না। আপনি যদি সাজাপ্রাপ্ত হন, যা যা হয়েছে ২০২৪ সালে জুলাইতে সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তার আওতায় রায় হয়েছে ও তিনি সাজাপাপ্ত, ফাঁসির আসামী। সে জায়গায় ওনি কিভাবে আসবেন সেটি ল মিনিস্ট্রি খতিয়ে দেখছে”।

    “আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি আসবেন ও সাজা ভোগ করবেন,” বলেছেন তিনি।

    শেখ হাসিনাকে সাজা দেওয়াটা লক্ষ্য হলে তাকে ট্রাভেল পাস দিয়ে আসতে দিয়ে ইমিগ্রেশনেই তাকে আটক করার সুযোগ বাংলাদেশ কেন নিবে না – এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নিবে না। ভারত যদি রেসপন্স করে তাহলে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য সহজ হয়।''

    দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি ল ফার্ম দিয়েছে। মিশন সেটা পেয়েছে ও সরকার সেটা দেখছে। আইন অনুযায়ী নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চিত করে না। সাজাপ্রাপ্ত হলে সরকার দায়বদ্ধ না যে কাউকে পাসপোর্ট দিতে”।

  10. ১৬ নভেম্বর ২০২৬গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বিজিবি ছাড়াও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

    মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

    পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

  11. ১৬ নভেম্বর ২০২৬‘গোপালগঞ্জ ছাড়া সারাদেশে ওনাদের অস্তিত্ব নেই’'- আওয়ামী লীগ প্রসঙ্গে বললেন তথ্যমন্ত্রী

    ছবির উৎস, https://moi.gov.bd/

    ছবির ক্যাপশান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

    বাংলাদেশের তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রম প্রমাণ করেছে যে গোপালগঞ্জ ছাড়া সারাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই।

    “আওয়ামী লীগের এ কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটা প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে ওনাদের কোনো অস্তিত্ব নাই। ওনাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন। জুলাইকে অস্বীকার করে ওনাদের রাজনীতি করার অধিকারও নেই, সুযোগও নাই। এ কর্মকাণ্ড করে রাজনৈতিক ফায়দা পাবে না বলে আমাদের ধারণা,” ঢাকায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

    তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের যে ইতিবাচক ও ভালো কাজ ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বড় বড় প্রজেক্ট নিচ্ছি। গত ৭/৮ মাসে পত্রিকার পাতায় রাষ্ট্রীয় মদদে গুম নেই, ব্যাংক লুট নেই, নতুন কোনো দরবেশ, এস আলমের ঘটনা নেই”।

    তিনি বলেন, “ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী আসবেন এটা যে পলিটিক্যাল ব্লাফ ছিল, এতে করে যে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙ্গে যাবে যে আসলে তার আসা হবেনা । সে জন্যই ইস্যুটিকে ডাইভার্ট করার জন্য গোপালগঞ্জের ঘটনা ঘটিয়েছে তারা। রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা আমরা দেখিনি”।

    মন্ত্রী বলেন, সতের বছর পর বাংলাদেশ গণতন্ত্র পেয়েছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে। “এ সব কিছু ধামাচাপা দেওয়ার পায়তারা- এর বাইরে তাদের কার্যক্রমে আমি আর কিছু দেখি না”।

    "তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছে। ১৯৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তানও এত ক্ষতি করেনি গত সতের বছরে অর্থনীতির যত ক্ষতি আওয়ামী লীগ যা করে গিয়েছে। সবকিছু ধ্বংস করে দিয়েছে"।

  12. ১৬ নভেম্বর ২০২৬আরও দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন সরকারের

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, নিকারের সভায় সভাপতিত্ব করেছেন তারেক রহমান

    বাংলাদেশ সরকার দেশে আরও দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

    প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আজ এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছেন।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

    এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

    অন্যদিকে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

    পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

    এছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

    একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

  13. ১৬ নভেম্বর ২০২৬পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা ইসির, প্রথম ভোট ২১শে জানুয়ারি

    ছবির উৎস, Election Commission Bangladesh

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা হয়েছে

    পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। একই সঙ্গে বলেছে যে, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন।

    কমিশনের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে ১৩১ টি উপজেলার ১০২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

    ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১শে জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ই মে এবং পঞ্চম ধাপে ২৭শে মে ভোট হবে।

    কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

    এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

    নির্বাচন কমিশার মো. সানাউল্লাহ বলেন, ''ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।''

    তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের সভায় আলোচনা হয়েছে। আগামী ১০ই ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

  14. ১৬ নভেম্বর ২০২৬গতকাল রোববারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিনদিনের মধ্যে ওই দেশে এটি তাদের দ্বিতীয় হামলা।
    • ঢাকার রামপুরায় ইন্টারনেট সংযোগের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কর্মীদের ওপর গুলি চালানোর খবর পাওয়া গেছে। এই ঘটনায় দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
    • দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর ও ঘণীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভ সহিংসতার পর জেলার ডিসি ও এসপিকে বদলি করা হয়েছে।
    • এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ১৮ই নভেম্বর পর্যন্ত তিনদিন বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।
    • আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
    • রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা), আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
    • রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজন নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
    • ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুর, সাভার, আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
  15. ১৬ নভেম্বর ২০২৬বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira