২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

মুসলিম নারী পুরুষ

ছবির উৎস, Getty Images

Published ৬ মিনিট আগে

পড়ার সময়: ৫ মিনিট

বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়ের। তবে, ২০৩৫ সালের মধ্যেই এ চিত্রে পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে বিশ্বে জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবেন মুসলমানেরা।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের 'দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০' শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা হতে পারে ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান জনগোষ্ঠীর আকার হতে পারে ৩০০ কোটির কিছু কম।

গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

আর পূর্বাভাস তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে।

প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত - ৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।

গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষদেরকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • গার্মেন্টস কারখানা

  • বিয়ের কনের হাতের গহনা

  • অলিম্পিয়া

  • পত্রিকা

End of সর্বাধিক পঠিত

আর এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে - বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।

মুসলমানদের পবিত্র শহর মক্কা

ছবির উৎস, Getty Images

বিশ্বের মুসলিম জনসংখ্যা কত বাড়বে?

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জনমিতিক পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি হবে এবং ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬০ কোটিতে।

তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বাড়বে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।

২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে।

এ সময়ে চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ।

২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি।

গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে দাঁড়াবে।

২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র সাতটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে - পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সী জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি।

গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বাড়বে দ্রুত। এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।

২০৭০ সালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হবে এবং মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে।

২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল ২৬ শতাংশ।

এ অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি - পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।

তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।

গবেষণা প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকবে।

Skip এ নিয়ে আরও পড়তে পারেন and continue readingএ নিয়ে আরও পড়তে পারেন

End of এ নিয়ে আরও পড়তে পারেন

ছবির উৎস, Pratyush Roy

ছবির ক্যাপশান, কলকাতার একটি বাড়ির শতাব্দী-প্রাচীন দুর্গাপূজার মণ্ডপ

বাংলাদেশ ও ভারত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে

গবেষণায় ভারত ও বাংলাদেশ - এই দুই দেশেই মুসলিম জনসংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দুই দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও পরিবর্তনের ধরন এক নয়।

পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।

এতে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর ৯১ দশমিক এক শতাংশ ছিলেন মুসলিম।

আর ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। মুসলিমদের অংশ বেড়ে তখন দাঁড়াবে ৯২ শতাংশ।

অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর মানুষ ছিল সাত দশমিক নয় শতাংশ। আর ২০৭০ সালে সেটি কমে ছয় দশমিক আট শতাংশ হতে পারে।

তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় এক কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় এক কোটি ৬১ লাখ হতে পারে।

অর্থাৎ এ দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু - উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যাই বাড়বে।

এদিকে, আগামী দশকগুলোতে ভারতে এবং সামগ্রিকভাবে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় পিছিয়ে থাকবে।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।

অন্যদিকে, ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ৫০ বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত চার দশমিক চার শতাংশ বাড়তে পারে।

বিপরীতে হিন্দুদের অনুপাত কমতে পারে তিন দশমিক ছয় শতাংশ।

তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগোষ্ঠী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এই প্রতিবেদনে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এই সংখ্যা আরও বাড়বে।

কিন্তু একই সময়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে হিন্দুদের মোট জনসংখ্যায় অংশ কমে যাবে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম

খ্রিষ্টধর্মের জনসংখ্যা কেমন হবে?

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ২৩০ কোটি মানুষ।

এ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে অনেক দেশের জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে বাসিন্দাদের অংশ হিসাবে খ্রিস্ট ধর্মের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

মাত্র চারটি দেশে জনসংখ্যার দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ৬৮ কোটি ৭০ লক্ষ বৃদ্ধি পেতে পারে।

তবে, খ্রিস্টান জনসংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার খুব বেশি হবে না।

গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আগামী কয়েক দশকে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তন আসবে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠবে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র।

খ্রিষ্টানদের জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রেও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ছিল সবচেয়ে বড় কারণ।

গবেষণায় উঠে এসেছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিস্টানদের হার ১৫ শতাংশ হ্রাস পাবে।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira