সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
ছবির উৎস, Hindustan Times via Getty Images
- Author, রূপসা সেনগুপ্ত
- Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
Published এক মিনিট আগে
পড়ার সময়: ৮ মিনিট
হুড, গাউন ও মর্টারবোর্ডের বদলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে থাকুক ভারতীয় পোশাক ও উত্তরীয়—পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোকে এই পরামর্শই দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
'ঔপনিবেশিক মানসিকতার' প্রসঙ্গ টেনে সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল ও উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী প্রশ্ন তোলেন, সমাবর্তনে কেন রোব (আলখাল্লার মতো পোশাক) এবং ক্যাপ পরতে হবে? ভারতীয় ঐতিহ্যের প্রতীক উত্তরীয়ই কি এক্ষেত্রে যথেষ্ট নয়?
তারপরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাবর্তনের পোশাক বিধি নিয়ে পরামর্শ পাঠানো হয়। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া সংক্রান্ত এই পরামর্শগুলি ঘিরেই উঠেছে নানা প্রশ্ন।
শিক্ষাবিদদের মধ্যে কেউ প্রশ্ন তুলেছেন সমাবর্তনের পোশাকের সঙ্গে ঔপনিবেশিক মানসিকতার যোগ খোঁজা এবং ভারতীয় সংস্কৃতির ঝলক আনা কতটা যুক্তিসঙ্গত? কেউ আবার স্পষ্ট জানিয়েছেন সমাবর্তনের পোশাক বিধির বদলে শিক্ষা ও উচ্চশিক্ষার বিস্তারের উপর জোর দেওয়া হোক।
সমাবর্তনের মতো আলঙ্কারিক অনুষ্ঠানে দেশীয় পোশাক ও হ্যান্ডলুমের তৈরি কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ডিগ্রি-প্রাপকদের জন্য উত্তরীয় চালুর কথাও বলা হয়েছে। তবে পোশাকের নির্দিষ্ট নকশা বা ধরন কী হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিই ঠিক করবে বলে জানানো হয়েছে।
উচ্চশিক্ষা দপ্তরের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বস্ত্রশিল্পের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলা এবং সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারতীয় পরিচিতিকে আরও বেশি করে তুলে ধরা।
তবে শিক্ষাবিদদের অনেকেই এই যুক্তি মানতে রাজি নন।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস উপাচার্য এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান পবিত্র সরকার বিবিসি বাংলাকে জানিয়েছেন, ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের রীতি অনুসরণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাবর্তনের সময়ে গাউন আর হুড পরার রীতি শুরু হয়।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
ভারতও সেটাই অনুসরণ করে এসেছে।
তবে তার মতে সমাবর্তনের পোশাক-বিধিতে বদল বা বিজ্ঞপ্তির চেয়ে শিক্ষার উপর জোর দেওয়া জরুরি।
তিনি বিবিসি বাংলাকে বলেছেন, "সমাবর্তনের পোশাক কী হবে সেটা অত্যন্ত তুচ্ছ বিষয়। তার চেয়ে আমার মনে হয় শিক্ষার বিস্তারের উপর বেশি জোর দেওয়া উচিত।"
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, "১৮৫৭ সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এক শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহ্য রয়েছে। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে রোব বা মর্টারবোর্ড পরলেই তার সঙ্গে উপনিবেশিক মনোভাবের চিন্তাধারার যোগ খুঁজে পাওয়াটা আমার মনে হয় বাড়াবাড়ি।"
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাংবাদিকদের জানিয়েছেন এই নিয়ে বুধবার সিন্ডিকেটের একটা বৈঠক হওয়ার কথা। সেখানেই এই বিষয়ে আলোচনা করা হবে।
তবে সমাবর্তনের পোশাক বিধি নিয়ে এই পরামর্শ পশ্চিমবঙ্গে নতুন নয়।
২০১৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র তরফে প্রথমে বিজ্ঞপ্তি জারি করে হ্যান্ডলুম বা হাতে বোনা তাঁতের 'সেরিমোনিয়াল রোব' বা সমাবর্তনের মতো অনুষ্ঠানে পরার পোশাক চালু করার কথা বলা হয়। সেখানে এই ধরনের পোশাক ব্যবহারের পিছনে দেশের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ভারতীয় আবহাওয়ায় উপযোগিতার কথাও বলা হয়।
সেই মতো বেশ কিছু রাজ্য এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি-সহ একাধিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সেই রাজ্যের সংস্কৃতি মেনে পোশাক ও টুপি পরার চল শুরু হয়।
ছবির উৎস, Jagannath Chattopadhyay/Facebook
ঘটনার সূত্রপাত
গত শুক্রবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মতো প্রথাগত অ্যাকাডেমিক গাউন ও হুড পরতে রাজি হননি উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী।
এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "এখনো কেন রোবিং (রোব পরা) করতে হবে। এখনো কেন কালো হুড পরে সমাবর্তনে আসতে হবে? (তার পরনে থাকা উত্তরীয়কে দেখিয়ে) এই উত্তরীয় যথেষ্ট নয় কি? কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কোনো এনআইটি, কোনো আইআইটিতে এখন আর রোবিং করা হয় না। আমরা সেটা আনছি…ভারতীয় মূল্যবোধ থেকে শিক্ষা, ভারতীয় ব্যবস্থায় প্রয়োগের কথা বলছি। ফলে এখনো কেন রোব, হুড পরতে হবে?"
তিনি আরো বলেন, "আমরা যখন আত্মনির্ভর ভারত গড়তে সচেষ্ট, তখন আমাদের শিক্ষা ব্যবস্থাতেও আমাদের সভ্যতার মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটাতে হবে।"
এরপরই রোববার এই বিষয়ে উপাচার্যদের মতামত জানতে চাওয়া হয় উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক এবং উত্তরীয় চালু করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইন বা বিধিতে কোনোরকম সংশোধনের প্রয়োজন আনতে হবে কি না তা-ও জানতে চাওয়া হয়।
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব চন্দানি টুডু রাজ্যের সরকারি ও ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো 'অ্যাডভাইজরি'তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেন। তবে ওই অ্যাডভাইজরিতে জানানো হয় পোশাকের নির্দিষ্ট নকশা বা ধরন কেমন হবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপরেই। এর কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবর্তনের জন্য ঐতিহ্যবাহী পোশাক ইতিমধ্যে রয়েছে। নির্দিষ্ট রঙের রোবও ব্যবহার করা হয়।
Skip বিবিসি বাংলায় আরও পড়তে পারেন and continue readingবিবিসি বাংলায় আরও পড়তে পারেন
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
ছবির উৎস, IIT Bombay
ভারতীয় সংস্কৃতির উপর জোর
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চ্যাটার্জীর যুক্তি ছিল, "ইতিমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয় ও কলেজ দেশীয় পোশাক এবং উত্তরীয় ব্যবহার করা শুরু করেছে। ভারতের প্রাচীন প্রথা অনুযায়ী উপাধি প্রদানের সময়ে উত্তরীয় দিয়েই সম্মান জানানো হতো।"
ইউজিসির বিজ্ঞপ্তিতেও হস্তচালিত তাঁতের কাপড়ের ব্যবহারের কথা উল্লেখ করে বলা হয়েছিল এটা ভারতীয় হিসাবে গর্ববোধকে জাগিয়ে তুলবে। এই বিজ্ঞপ্তি জারির পরও দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তা ব্যবহার না করায় আবারও বিজ্ঞপ্তি জারি করা হয়, এখানেও ভারতের আবহাওয়ার কথা উল্লেখ করে দেশের ঐতিহ্যের প্রতি গর্বের বিষয়েও জোর দেওয়া হয়।
এখন প্রশ্ন হলো রোব এবং ক্যাপের সঙ্গে ইউরোপীয় রীতির যোগ রয়েছে, কিন্তু প্রাচীন কালে ভারতে সমাবর্তন কীভাবে হতো আর কী পোশাকই বা ব্যবহার করা হতো?
প্রাচীন ভারতে সমাবর্তন ও তার রীতি
লেখক ও পুরাণ বিশারদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী বিবিসি বাংলাকে বলেছেন, "সমাবর্তন শব্দটার সঙ্গে বৈদিক এবং ব্রাহ্মণ্য ব্যবস্থার একেবারে গোড়ার দিকের যোগ রয়েছে। সেই সময়ে গুরুকুলে পড়ার ব্যবস্থা ছিল। ছেলেবেলায় শিক্ষালাভের জন্য গুরুকুলে পাঠানো হতো। সেখানে শিক্ষালাভের শেষে, সেটা ১২ বছর বা ২৪ বছর পর, গুরুকুল থেকে বেরিয়ে আসার সময় যে অনুষ্ঠান হতো, তাকে সমাবর্তন বলা হতো। ছেলেবেলায় গুরুকুলে যাওয়ার পর অন্তত ১২ বছর অধ্যয়ন করতে হতো, যদি কেউ উচ্চশিক্ষা লাভ করতেন তাহলে ২৪ বছর অধ্যয়ন করতে হতো তাকে।"
"সেই অধ্যয়ন শেষ করার পর যে অনুষ্ঠান হতো সেখানে স্নান সেরে আসার পর, যাকে অবভৃত স্নান বলা হয়, তারপরই সে স্নাতক হতো। আর তারপর সমাবর্তন। এই সমাবর্তন কথার অর্থ, যে বাড়ি থেকে গুরুগৃহে গিয়েছিল, সেই গুরুগৃহ থেকে সম্যক জ্ঞান লাভ করে ফিরে আসা। অর্থাৎ আবর্তন হলো তার। গুরুগৃহেই এই অনুষ্ঠান হতো। এটা একটা পবিত্র অনুষ্ঠান যা অবশ্যই অনুষ্ঠিত হতো।"
এক্ষেত্রে কী পোশাক ব্যবহার হতো এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, "বস্ত্র, উত্তরীয় তো থাকতই আর কুশের ব্যবহার হতো।"
ঐতিহাসিক রাধা কুমুদ মুখার্জী তার বই 'এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন: ব্রাহ্মিনিকাল অ্যান্ড বুদ্ধিস্ট' -এ এই বিষয়ে উল্লেখ করেছেন।
সমাবর্তনের বিধি সম্পর্কে তিনি লিখেছিলেন, "শিক্ষাজীবনের উপর আরোপিত কঠোর বিধিনিষেধের অবসান ঘটানোর জন্য সমাবর্তন অনুষ্ঠানে একাধিক আচার পালন করা হত। প্রথমে, ব্রহ্মচারীকে সকালে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হত। এর কারণ ছিল, তার অসাধারণ জ্যোতির্ময় দীপ্তি যেন সূর্যের ঔজ্জ্বল্যকেও ম্লান করে না দেয়। কারণ সূর্য নিজেই তার কাছ থেকে সেই দীপ্তি ধার করে আলো ছড়ায়। শিক্ষার মাহাত্ম্য সম্পর্কে এর চেয়ে বড় প্রশংসা আর কল্পনা করা যায় না।"
"দুপুরে ঘর থেকে বেরিয়ে ছাত্র তার মাথা ও দাড়ি কামিয়ে ফেলতেন এবং ছাত্রজীবনের সমস্ত বাহ্যিক চিহ্ন মুছে দিতেন। এরপর স্নানের পালা আসত। এই স্নানের সময়ে ছাত্রের বন্ধু ও আত্মীয়স্বজনের দেওয়া সুগন্ধি গুঁড়ো, আতর, চন্দনবাটা প্রভৃতি ব্যবহার করা হত। এরপর জলে বিসর্জন দেওয়া হত ব্রহ্মচর্য জীবনের সমস্ত বাহ্যিক প্রতীক—যেমন উত্তরীয় ও নিম্নাঙ্গের বস্ত্র, মেখলা বা কোমরবন্ধ, দণ্ড এবং হরিণের চামড়া। স্নানের পর তিনি নতুন পোশাক, দুই কানে কুণ্ডল এবং সোনার আবরণযুক্ত ছিদ্রবিশিষ্ট একটা চন্দনকাঠের অলংকার পরিধান করে 'স্নাতক' হিসেবে নতুন জীবন শুরু করতেন।"
"বিশ্বাস করা হত, এই সোনার অলংকার সৌভাগ্য এনে দেয় এবং যুদ্ধক্ষেত্র ও সভা-সমাবেশে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করে। এরপর তিনি প্রার্থনা করতেন, যেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং রাজা—সকলের কাছেই তিনি প্রিয় হয়ে ওঠেন।"
ছবির উৎস, LightRocket via Getty Image
ইউরোপের বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় শিক্ষাঙ্গনে
সমাবর্তনে গাউন, হুড ও চৌকো টুপি পরার প্রথার শিকড় মধ্যযুগীয় ইউরোপে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক, পড়ুয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের পোশাকে এই ধরনের রোব বা আলখাল্লার ব্যবহার দেখা যেত। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লম্বা গাউন মূলত শীত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিক্ষাবিদদের স্বতন্ত্র পরিচয়ের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো।
পরবর্তী সময়ে গাউনের সঙ্গে যুক্ত হয় হুড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি এবং প্রতিষ্ঠানের পরিচয় বোঝাতে হুডের রং ও নকশার ব্যবহার শুরু হয়। অন্যদিকে, চৌকো আকৃতির মর্টারবোর্ড টুপিও ধীরে ধীরে অ্যাকাডেমিক পোশাকের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার সঙ্গে এই পোশাকের প্রচলন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। কলকাতা, ম্যাড্রাস ও বোম্বের মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও জায়গা করে নেয় এই রীতি। সময়ের সঙ্গে সঙ্গে গাউন, হুড ও টুপি শুধু আনুষ্ঠানিক পোশাক নয়, বরং ডিগ্রি ও শিক্ষাগত মর্যাদার প্রতীক হয়ে ওঠে।
তবে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন এসেছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে আইআইটি-সহ একাধিক বিশ্ববিদ্যালয় তাদের সমাবর্তন অনুষ্ঠানে কালো গাউন ও মর্টারবোর্ডের পরিবর্তে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক চালু করেছে। এর নেপথ্যে রয়েছে ২০১৫ সালে ইউজিসির জারি করা এক নির্দেশিকা। একাধিক বিজেপি নেতাকেও বিভিন্ন সময়ে সমাবর্তনের হুড-ক্যাপের সঙ্গে ঔপনিবেশিক যোগের প্রসঙ্গ টানতে দেখা গিয়েছে।
২০২৪ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক সমীক্ষা এই পরিবর্তনের সবচেয়ে বিস্তারিত চিত্র তুলে ধরে। আইআইটি, আইআইএম এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৯২টার মধ্যে ৭০টা প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রচলিত গাউন ও টুপির বদলে ভারতীয় পোশাক ব্যবহার করা শুরু করেছে। এর মধ্যে ৬২টা প্রতিষ্ঠান ২০১৫ সালের ইউজিসির পরামর্শের পরে পোশাক বদলেছে।
এর মধ্যে অন্যতম হলো উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে কালো গাউনের পরিবর্তে পুরুষদের জন্য সাদা কুর্তা-পাজামা, নারীদের জন্য শাড়ি, সঙ্গে উত্তরীয় চালু করে। মহারাষ্ট্রের আইআইটি বোম্বেও সমাবর্তনের পোশাকে বদল আনে। ২০১৬ সালে সেখানে খদ্দরের উত্তরীয় যুক্ত হয়। ওয়ার্ধার মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়েও দেশীয় পোশাকের রীতি রয়েছে। রাজস্থান ও গুজরাতের আইআইটিতেও এই বদল রয়েছে। আসামের আইআইটি গুয়াহাটি এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভারতীয় পোশাকের প্রচলন রয়েছে। হিমাচল প্রদেশের আইআইটি মাণ্ডিতে হিমাচলি শাল ও টুপির সঙ্গে ভারতীয় পোশাক ব্যবহৃত হয়।
ছবির উৎস, Getty Images
'বড় প্রসঙ্গ থেকে চোখ ঘোরানোর চেষ্টা'
ইউজিসির ওই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোব ও ক্যাপ পরার রীতি বজায় ছিল। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিক 'অ্যাডভাইজরি' প্রকাশের পর অনেকেই তার প্রয়োজনীয়তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন।
পবিত্র সরকার বলেছেন, "সারা পৃথিবীতে সমাবর্তন এবং সেখানে গাউন ও হুড পরার রীতি চলে আসছে। কেন ২০১৫ সালে বিজ্ঞপ্তি হয়েছিল আমি জানি না।"
রাজ্যে সম্প্রতি যে 'অ্যাডভাইজরি' জারি হয়েছে তার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তার পাল্টা যুক্তি, "লেখাপড়া হওয়াটা আসল। আমাদের দেশে শিক্ষার বিস্তার তো সেভাবে হয়নি, আমাদের দেশে এখনো নিরক্ষর মানুষ আছেন। তারপর উচ্চশিক্ষার বিস্তার আরো কম। উচ্চশিক্ষা হওয়া যতটা জরুরি, সেখানে এগুলো (সমাবর্তনের পোশাক বিধিতে বদল) জরুরি বলে আমি মনে করি না। কলেজগুলোতে নানা বিষয়ে পড়ানো হোক। কলাবিভাগ, বিজ্ঞান, বাণিজ্য, বিপণন, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিভাগে পড়ানো হোক। কলেজে পড়ার সুযোগও বাড়ুক।""
"সেই সঙ্গে সঙ্গে চাকরির সুযোগ বাড়ুক। কলেজে অনেক অধ্যাপক আসুক। এইসব নিয়ে মাথা ঘামানোটা জরুরি। সেখানে পোশাক নিয়ে মাথা ঘামানোটা, আমার মনে হয়, বড় বড় সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা।"
Source: BBC Bangla · রূপসা সেনগুপ্ত
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira