লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে যা ঘটেছে

লাটিসোটা হাতে মারামারি করতে দেখা যাচ্ছে দুটি পক্ষকে

ছবির উৎস, M A QUAIYUM

ছবির ক্যাপশান, সোমবার রাতে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান ঘিরে হামলার ঘটনা ঘটে
    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ১৭ নভেম্বর ২০২৬

  • পড়ার সময়: ৬ মিনিট

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখানে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর সামনে এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর বলেও জানিয়েছে দলটি।

লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর একটি বিবৃতিতে এনসিপির আহ্বায়ক মি. ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘটনার নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, "যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না"।

এর আগে গত শুক্রবার ঢাকা থেকে লন্ডনে পৌঁছান এনসিপির এই শীর্ষ নেতা।

দেশটিতে পৌঁছানোর আগেই যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ফেসবুকে নাহিদকে প্রতিহতের ঘোষণা দিতেও দেখা যায়।

নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফরকালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শনিবার। সেখানেও তাকে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

লন্ডনে মি. ইসলামের সফরসঙ্গী দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেন, "নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বলেই তাকে টার্গেট করা হচ্ছে। এর আগেও গণঅভ্যুত্থানের অন্য নেতাদের টার্গেট করা হয়েছে, যদিও তারা সফল হতে পারেনি"।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • অলিম্পিয়া

  • টুঙ্গিপাড়া থানায় আগুন

End of সর্বাধিক পঠিত

নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে লন্ডনে রওনা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রতিহতের ঘোষণা দিতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের।

এর আগেও যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়। গত বছর যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন, সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারাকে হেনস্তার চেষ্টাও করা হয়।

দেশের বাইরে কেন বার বার এনসিপিসহ বিরোধী মতের নেতাদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের নাম আসছে? এর মাধ্যমে কী অর্জন করতে চায় আওয়ামী লীগ? এমন প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে।

এর জবাবে তিনি বলেছেন, "আমাদের নেতাকর্মীরা কোথাও হামলা করলে আমরা তাদের দলীয়ভাবে উৎসাহিত করি বিষয়টি এমন না। তবে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। এটা অস্বাভাবিক নয়"।

এনসিপি নেতারা জানিয়েছেন, আরো কয়েকটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া শেষে দুই-তিন পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন নাহিদ ইসলাম।

Skip এ নিয়ে আরও পড়তে পারেন and continue readingএ নিয়ে আরও পড়তে পারেন

End of এ নিয়ে আরও পড়তে পারেন

অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অবস্থান

ছবির উৎস, M A QUAIYUM

ছবির ক্যাপশান, আগেই অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা

ইস্ট লন্ডনে ঠিক কি ঘটেছিল?

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুতে এই সংবর্ধনার আয়োজন করে বলে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

সেখানে উপস্থিত দলটির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই অনুষ্ঠানটি শুরুর কথা ছিল। সময় মতো অনুষ্ঠানটি শুরুও হয়েছিল।

এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ বিবিসি বাংলাকে জানান, সন্ধ্যায় অনুষ্ঠান থাকলেও বিকেল চারটার দিকেই অনুষ্ঠান ভেন্যুতে পৌঁছান নাহিদ ইসলাম। এই অনুষ্ঠান ঘিরে শুরু থেকেই অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান করছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।

"সন্ধ্যার পর নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হয়। নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন ৯টা ২৯ মিনিটে। প্রায় ১৫ মিনিটি বক্তব্য দেন নাহিদ ইসলাম। এরপর তিনি জুলাইয়ের শ্লোগান দিয়ে পেছনের একটি দরজা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন", বলছিলেন মি. মোহাম্মদ।

সেখানে ছিলেন এমন কয়েকজন নেতা ও সাংবাদিকরা জানান, নাহিদ ইসলামসহ কয়েকজন নেতা যে সেখান থেকে বের হয়ে গেছেন সেটি সামনের গেটের বাইরে থাকা নেতাকর্মীরা প্রথমে বুঝতে পারেন নি।

পরে সেখানকার দর্শক ও অনুষ্ঠানে আগত ব্যক্তিরা যখন বের হতে যান তখন আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকরা বের হওয়া অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়েন।

সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক এম এ কাইয়ুম। তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, "যে হলটিতে এই অনুষ্ঠানটি হয়েছে তার পেছনে একটি কার পার্কিং রয়েছে। এনসিপির নেতাকর্মীরা নাহিদ ইসলামকে বিদায় দেওয়ার পর কার পার্কে গিয়েছিল। কার পার্কিংয়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্কিং করার কিছু গাড়ির মধ্যে অবস্থান করছিল"।

ছবির উৎস, NCP

ছবির ক্যাপশান, অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

হামলায় ১০ জন আহতের দাবি

ওই সময়কার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিছু কিছু ভিডিও পোস্টও করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।

স্থানীয় সাংবাদিক এম এ কাইয়ুম বলছিলেন, অনুষ্ঠান ভেন্যু থেকে যখন অতিথি ও উপস্থিত অন্যরা বের হচ্ছিলেন সেখানে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা পানির বোতল, কাচের বোতল এবং গাছের ডাল নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় এনসিপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগে কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে"।

ভিডিওগুলোতে সেখানকার দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দুই পক্ষকে নিবৃত্ত করতে দেখা যায়।

এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন, "নাহিদ ইসলাম চলে যাওয়ার পর সামনের গেট ও পেছনের গেট দুই জায়গাতেই ছিল আওয়ামী লীগের লোকজন। তখন আমাদের বড় একটা অংশ ভেতরে আটকা পড়লো। এক পর্যায়ে দীর্ঘক্ষণ আটকা পড়ার পর ওনারা বের হতে পারছিল না তখন ওদের ধাওয়া দিয়েছে আমাদের লোকজন"।

এক পর্যায়ে সিকিউরিটি টিমের সদস্যরা নিরাপত্তার স্বার্থে যখন ভেন্যুর দরজা আটকে দেয় তখন আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক লাঠি দিয়ে হামলা চালালে বেশ কয়েকজন আহত হয়।

এই অনুষ্ঠানের আয়োজক ও এনসিপি নেতা নুরুল হুদা জুনেদ বিবিসি বাংলাকে বলেন, "লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আমাদের দশজন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর"।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার ভোরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি"।

Skip বিবিসি বাংলার অন্যান্য খবর and continue readingবিবিসি বাংলার অন্যান্য খবর

End of বিবিসি বাংলার অন্যান্য খবর

ছবির উৎস, Nurun Nabi

ছবির ক্যাপশান, এর আগে গত জুনে হোয়াইট চ্যাপেল এলাকায় হাসনাত আব্দুল্লাহর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল

আগেও ঘটেছে হেনস্তা ও হামলার ঘটনা

এনসিপি নেতা নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর ঘিরে দেশটিতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের তা প্রতিহত করার ঘোষণা দিতে দেখা গিয়েছিল ফেসবুকে।

সোমবারের ওই অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্তকে নাহিদ ইসলামের এই অনুষ্ঠান প্রতিরোধে বিভিন্ন ধরনের পোস্ট করতে দেখা যায়।

মি. ইসলামকে জুলাই জঙ্গি আখ্যা দিয়ে এক সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে কোনো মি. গুপ্ত অনুষ্ঠানস্থলের কাছে বিকেল চারটায় 'ক্যাডওয়েল হিথ' বিকেল চারটায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।

মি. গুপ্তর কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি লিখিতভাবে বিবিসি বাংলাকে বলেন, "প্রথম হিট কিন্তু করেছে এনসিপির ভাড়াটিয়া সিকিউরিটি। আমাদের একজনকে পাঞ্চ মারছে। এরপরই শুরু। এরপর দাবানলের মতো ছড়িয়েছে সব"।

এর আগে গত শনিবার যুক্তরাজ্য সফররত নাহিদ ইসলাম যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যামব্রিজ বাংলা সোসাইটির আয়োজনে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান হয়।

সেই অনুষ্ঠানস্থলের বাইরেও মি. ইসলামকে হেনস্তার ঘটনা ঘটে বলে জানান এনসিপির কেন্দ্রীয় নেতা ও তার সফরসঙ্গী আলাউদ্দিন মোহাম্মদ।

তিনি বিবিসি বাংলাকে জানান, শনিবারও নাহিদ ইসলাম অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় অডিটোরিয়ামের বাইরে চারদিকে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে নাহিদ ইসলাম অনুষ্ঠান থেকে বের হয়ে গাড়িতে উঠতে গেলে সেখানে তাকে হেনস্তার চেষ্টা করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট মি. গুপ্ত।

মি. গুপ্ত বিবিসি বাংলাকে বলেন, "যেখানেই জুলাই জঙ্গি সেখানেই প্রতিরোধ। এটা আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ঘোষিত নীতি। এই নীতির আওতায় আমরা আমাদের কার্যক্রম করছি। আমাদের কাঙ্ক্ষিত অর্জন হলো, ৭১ এর বাংলাদেশ গড়ে তোলা"।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা আগেও ঘটেছে।

এর আগে লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল।

যুক্তরাজ্যে বার বার আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন ছাত্র নেতাদের টার্গেট করছে এমন প্রশ্নও সামনে আসছে।

এ নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, তাদের যে সব কর্মী সমর্থকরা এই প্রতিরোধ গড়ে তুলছেন তারা গত দুই বছরে কোন না কোনভাবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার কোন বিচার পাচ্ছে না।

Source: BBC Bangla · মুকিমুল আহসান

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira