মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

গাজান খান ইসলাম ধর্ম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেছিলেন

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, গাজান খান ইসলাম ধর্ম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেছিলেন
    • Author, ওয়াকার মোস্তফা, সাংবাদিক ও গবেষক
  • Published ৩ মিনিট আগে

  • পড়ার সময়: ৯ মিনিট

১২৯৫ সালের গ্রীষ্মকালে, উত্তর ইরানের আলবোর্জ পর্বতমালা অঞ্চলের দামাভান্দে অবস্থিত লার সমভূমিতে এক অসাধারণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

সেখানে ছিলেন হালাকু খানের প্রপৌত্র (নাতির পুত্র) গাজান খান, যিনি মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের পঞ্চম বংশধর, এবং যিনি ছিলেন ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম মোঙ্গল শাসক।

গাজান খানই ১২৫৮ সালে বাগদাদের আব্বাসীয় খিলাফতের পতন ঘটিয়েছিলেন।

তিনি তখন খোরাসানের গভর্নর এবং মোঙ্গল সাম্রাজ্যের ইরানি শাখা 'ইলখানাত সাম্রাজ্য' বা ইলখানি রাজবংশের সিংহাসনের একজন শক্তিশালী দাবিদার ছিলেন।

১২৫৬ সালে ইরান জয়ের পর তার ভাই ও মোঙ্গল শাসক মংকে খানের আদেশে হালাকু খান এই ইলখানাত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।

'ইলখান' শব্দের অর্থ ছিল 'অধীনস্থ খান', অর্থাৎ মোঙ্গল গ্রেট খানের অধীনে শাসনকারী শাসক।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে, ১২৫৮ সালে বাগদাদ বিজয়ের পর ইলখানিরা ইরান ও ইরাকের বিশাল অঞ্চলকে একটি একক রাজনৈতিক সত্তায় রূপান্তরিত করেছিল।

গাজান খান ১২৭১ সালের পাঁচই নভেম্বর ইরানের আবস্কন শহরে জন্মগ্রহণ করেন।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • வல்லபி: இந்தியாவில் ஒரு சீப்புக்காக நடந்த போரால் ஒரு அரசே சரிந்த வரலாறு

  • কয়েকজন হিন্দু নারী প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করছেন

  • হামলার পর গত ১৭ই নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ছবি

  • জন্মনিয়ন্ত্রণ বড়ি

End of সর্বাধিক পঠিত

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার জন্য কেনেথ প্লেচারের গবেষণা বলছে, গাজানের দাদা আবাকা এবং বাবা আরঘুন (১২৮৪-১২৯১) দুজনেই বৌদ্ধ ছিলেন, তাই গাজান সে ধর্মেই লালিত-পালিত হয়েছেন।

'আরঘুন তার চাচা তেকোদার, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার কাছ থেকে সিংহাসন দখল করেন এবং তার ইসলামী নীতিগুলো বাতিল করেন। তিনি মামলুকদের বিরুদ্ধে খ্রিস্টান পশ্চিমা শক্তির সাথে মিতালীর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।'

তার রাজত্বকালে ইহুদি সা'দ আল-দাওলা প্রধানমন্ত্রী হন, তবে আরঘুনের অসুস্থতার সময় তিনি বিরোধীদের হাতে নিহত হন।

'আরঘুনের পর তার ভাই গেখাতু এবং তারপর তার চাচাতো ভাই বাইদু ক্ষমতায় আসেন।

আরঘুন ১২৮৪ সালে গাজানকে উত্তর-পূর্ব পারস্যের ভাইসরয় নিযুক্ত করেন, যেখানে তিনি পরবর্তী দশকটি চাগতাই মোঙ্গল ও তার বিদ্রোহী ভাইসরয় নওরোজের বিরুদ্ধে লড়াই করে কাটিয়েছেন।'

কেনেথ প্লেচারের মতে, গেখাতুর সাথে গাজানের সম্পর্কে টানাপোড়েন ছিল, এবং অন্যদিকে অবৈধ ক্ষমতা দখলকারী বাইদুর সাথে তার দ্বন্দ্ব প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়।

মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান

ছবির উৎস, Hulton Archive / Getty Images

ছবির ক্যাপশান, মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

প্রাথমিক সংঘর্ষ এবং একটি সাময়িক যুদ্ধবিরতির পর, গাজান ১২৯৫ সালের গ্রীষ্মকাল বর্তমান তেহরানের উত্তরের পাহাড়ি অঞ্চলে চলে যান।

'সেখানে নওরোজের পরামর্শে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করেন, যার সাথে তিনি ইতিমধ্যে শান্তি স্থাপন করেছিলেন।'

রশিদ আল-দিন হামাদানি, যিনি পরবর্তীতে গাজান খানের দরবারী ইতিহাসবিদ এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার 'জামি আল-তাওয়ারিখ' গ্রন্থে লিখেছেন যে, গাজান শেখ সদর আল-দিন হামাভির উপস্থিতিতে কালিমা তৌহিদ পাঠ করেন এবং তার পারিষদবর্গও তার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তিনি নিজের জন্য ইসলামি নাম 'মাহমুদ' গ্রহণ করেন এবং পরবর্তীতে 'মুয়াজ্জালুদ্দিন' উপাধি গ্রহণ করেন।

রশিদ আল-দিন এই ঘটনাটিকে গাজানের ধর্মীয় চিন্তাভাবনা এবং একশ্বেরবাদের প্রতি তার ঝোঁকের অবদান বলে উল্লেখ করেছেন।

এই অনুষ্ঠানটির পর একটি উৎসব উদযাপিত হয়।

জোনাথন বারাক, 'মিডিয়েটিং স্যাক্রেড কিংশিপ'-এ আব্দুল্লাহ কাশানির রচিত 'তারিখ-ই-মুবারক-ই-গাজানি'-র বরাতে লিখেছেন যে, গাজান পণ্ডিত, ইমাম এবং সাদাতিদের (সৈয়দ) প্রতি তার পৃষ্ঠপোষকতা ঘোষণা করেছিলেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দান ও ওয়াকফ নির্ধারণ করেছিলেন।

ইনসাইক্লোপিডিয়া ইরানিকার মতে, এ পরিবর্তনের তাৎপর্য কেবল এই ঘটনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

"গাজান ইসলাম গ্রহণের পর, মোঙ্গল অভিজাত ও সৈন্যদের মধ্যে দ্রুত ইসলামের প্রসার ঘটে এবং ইলখানাত ধীরে ধীরে একটি মুসলিম সাম্রাজ্য হিসেবে নিজের পরিচয় গড়ে তোলে। তার শাসনকালে মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ইসলামি প্রতিষ্ঠানের নির্মাণ ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়।"

ইতিহাসবিদ রেভেন অমিতাই-প্রিস্টের মতে, গাজান খান ইসলাম গ্রহণের পর একটি মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব দেন এবং বাইদুকে পরাজিত করেন।

ব্রিটানিকা লিখেছে যে, গাজান ইলখানিদ সাম্রাজ্যের রাজধানী তাবরিজে প্রবেশ করার দিনেই বাইদুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ইলখানি শাসক

গাজান খান ১২৯৫ সালের তেসরা নভেম্বর সিংহাসনে আরোহণ করেন।

ব্রিটানিকা বলছে, তিনি তার শাসনের প্রথম বছরে বেশ কয়েকটি বিদ্রোহের মুখোমুখি হন।

তার সবকটিই নির্মমভাবে দমন করা হয় এবং বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে রাজপরিবারের অন্তত পাঁচজন রাজকুমারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

'আমির নওরোজ, যিনি গাজানকে সিংহাসনে আরোহণে সহায়তা করেছিলেন, মামলুকদের সাথে কথিত আঁতাতের কারণে শীঘ্রই তিনিও তার জীবন হারিয়েছিলেন।'

গাজান খানের ইসলাম গ্রহণ মোঙ্গল অঞ্চলে ইসলামের প্রচারকে উৎসাহিত করেছিল, তবে তিনি বিভিন্ন ধর্মের প্রতি সহনশীলতার মনোভাবও বজায় রেখেছিলেন।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, গাজান খানের সভা

স্যার থমাস ওয়াকার আর্নল্ড 'দ্য প্রিচিং অফ ইসলাম' বইটিতে লিখেছেন, গাজান যখন জানতে পেরেছিলেন যে কিছু বৌদ্ধ ভিকু বা সন্ন্যাসী তাদের মন্দির ধ্বংসের পর কেবল জীবন বাঁচানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি তাদের তিব্বত, কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, যেখানে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে এবং অন্যান্য বৌদ্ধদের সাথে বসবাস করতে পারবে।

সামগ্রিকভাবে, গাজান খানের ইসলাম গ্রহণকে ব্যক্তিগত বিশ্বাস, রাজনৈতিক কৌশল এবং মোঙ্গল ঐতিহ্যগুলির এক জটিল সংমিশ্রণ হিসাবে দেখা যেতে পারে।

অমিতাইয়ের মতে, তার রাজত্বকালে মোঙ্গল আইন (ইয়াসাক বা ইয়াস) বলবৎ ছিল এবং মোঙ্গল শামানপন্থী ধর্মীয় নেতারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন।

তবে, গাজানের ভাই ও উত্তরসূরি ওলজেইতুর মৃত্যুর পর প্রাচীন মোঙ্গল ঐতিহ্যগুলো ক্রমান্বয়ে হ্রাস পায়।

গাজান খ্রিস্টানদের জিজিয়া কর থেকে অব্যাহতি দেন। ১২৯৬ সালে তিনি খ্রিস্টান নেতা তৃতীয় মার ইয়াভালাহাকে তার পদে পুনর্বহাল করেন।

একইভাবে, রশিদ আল-দীনের মতে, ১২৯৮ সালের ২১শে জুলাই তাবরিজে যে ধর্মীয় চরমপন্থীরা গির্জা ও সিনাগগ ধ্বংস করেছিল, তাদেরও শাস্তি দেওয়া হয়েছিল।

মামলুকদের প্রতি বৈরিতা

ব্রিটানিকা বলছে, একজন মুসলিম শাসক এবং একটি মুসলিম রাষ্ট্রের প্রধান হওয়া সত্ত্বেও, গাজান মামলুকদের প্রতি তার পরিবারের সহজাত শত্রুতা বজায় রেখেছিলেন, যারা নিজেদের ইসলামের রক্ষক বলে দাবি করত।

১২৯৯ এবং ১৩০০ সালে তিনি সিরিয়া আক্রমণ করেন, হিমসে মিশরীয় সেনাবাহিনীকে পরাজিত করেন এবং বিজয়ীর বেশে দামেস্কে প্রবেশ করেন।

'তবে, ১৩০০-এর দশকের গোড়ার দিকে তারা পারস্যে ফিরে আসার পর, মামলুকরা এলাকাটি পুনরায় দখল করে।

'একই বছরের শরতে গাজান আবার আক্রমণ করেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সামরিক অভিযান অসম্ভব হয়ে পড়ে এবং শত্রুর মুখোমুখি হওয়ার আগেই অভিযানটি পরিত্যক্ত করা হয়।'

Skip বিবিসি বাংলায় আরো পড়তে পারেন and continue readingবিবিসি বাংলায় আরো পড়তে পারেন

End of বিবিসি বাংলায় আরো পড়তে পারেন

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, ফার্সি চিত্রকলায় গাজান খানের শিকার

বিদ্বান পন্ডিতদের সাথে বৈঠক

দেনিজ ইগল 'দ্য মোঙ্গল ইনভেশনস অফ সিরিয়া বাই গাজান খান অ্যান্ড ইবন তাইমিয়াহস থ্রি 'অ্যান্টি-মোঙ্গল' ফাতওয়াস' নামক গ্রন্থে লিখেছেন যে, গাজান খানের সিরিয়া আক্রমণ নিয়ে ভীত হয়ে মামলুক শাসকরা দামেস্কের বিশিষ্ট পন্ডিত ও ইমামদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলকে ১৩০০ সালের জানুয়ারিতে নাবাকে তার শিবিরে পাঠান, যাতে তাকে দামেস্ক আক্রমণ করা থেকে নিবৃত করা যায়।

প্রতিনিধিদলে ইবন তাইমিয়াহসহ মুসলিম পন্ডিত, আইনবিদ এবং হাদিস বিশারদরা অন্তর্ভুক্ত ছিলেন।

এটি বর্ণিত আছে যে, গাজান খানের সামনে উপস্থিত কোনো পণ্ডিত কথা বলার সাহস পাননি, কেবল ইবন তাইমিয়াহ ছাড়া।

তিনি তাকে বলেছিলেন, 'আপনি দাবি করেন যে আপনারা মুসলিম এবং আপনাদের সাথে একজন মুয়াজ্জিন, একজন মুফতি, একজন ইমাম এবং একজন শায়খ আছেন, কিন্তু আপনারা আমাদের আক্রমণ করেছেন এবং আমাদের দেশ আক্রমণ করেছেন।

আপনার পিতা এবং পিতামহ উভয়ই অমুসলিম ছিলেন, কিন্তু তারা আমাদের আক্রমণ করেননি এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। কিন্তু তার বিপরীতে, আপনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা ভঙ্গ করেছিলেন।'

ইবন কাসিরের 'আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ' গ্রন্থে বলা হয়েছে, ওই বৈঠকে ইবন তাইমিয়াহ গাজান খানের জন্য দোয়া করেছিলেন - 'হে আল্লাহ! যদি গাজানরা আপনার ধর্মের বাক্যের বুলন্দির জন্য এবং আপনার পথে জেহাদের জন্য লড়াই করে, তবে তাদের সাহায্য করুন, এবং যদি তাদের উদ্দেশ্য কেবল পার্থিব ক্ষমতা এবং সম্পদ অর্জন করা হয়, তবে তাদের সে অনুযায়ী প্রতিদান দিন।'

তৃতীয় সামরিক অভিযানের জন্য, গাজান খ্রিস্টান পাশ্চাত্যের সাথে একটি মৈত্রী বা জোটের জন্য চেষ্টা করেছিলেন।

ব্রিটানিকার মতে, ১২০২ সালের ১২ই এপ্রিল পোপ বোনিফেস অষ্টমের কাছে লেখা তার চিঠিতে, তিনি সিরিয়া আক্রমণের একটি বিশদ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, যা পূর্বে ইউরোপের শাসকদের কাছে উপস্থাপন করা হয়েছিল।

তিনি লিখেছিলেন, 'বর্তমানে আমরা এই পরিকল্পনায় নির্ধারিত পদ্ধতি অনুসারে আমাদের প্রস্তুতি নিচ্ছি। আপনারাও আপনাদের সেনাবাহিনী প্রস্তুত করুন, বিভিন্ন দেশের শাসকদের কাছে তথ্য পাঠান এবং নির্ধারিত স্থানে পৌঁছাতে দেরি করবেন না।

ঈশ্বর চাইলে, আমরা (অর্থাৎ গাজান) এ মহান উদ্দেশ্যকে (অর্থাৎ মামলুকদের বিরুদ্ধে যুদ্ধ) আমাদের একমাত্র অগ্রাধিকার দেব।'

ওই চিঠিতে গাজান যে অভিযানের কথা উল্লেখ করেছিলেন তা ইউরোপীয়দের সহায়তা ছাড়াই ১৩০৩ সালের বসন্তে শুরু হয়।

মোঙ্গল সেনাবাহিনী প্রাথমিকভাবে সিরিয়ায় সামান্য প্রতিরোধের মুখোমুখি হয়, কিন্তু দামেস্কের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়।

সামরিক অভিযানের পর গাজান খান ১৩০২ সালের জুলাই মাসে তার রাজধানী উজবেকে ফিরে আসেন।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, Universal Images Group via Getty Images

রশিদ আল-দিনের মতে, স্ত্রী কোকাচিনের মৃত্যুর পর গাজান গভীরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তিনি একবার তার আমিরদের বলেছিলেন, "জীবন একটি কারাগার, আশীর্বাদ নয়।"

১৩৫৩ সালের শরতে গাজান খান অসুস্থ হয়ে পড়েন, যার ফলে চতুর্থ সামরিক অভিযান বাধাগ্রস্ত হয়।

১৩০৪ সালের মার্চ বা এপ্রিলে তিনি তার কোনো পুত্র সন্তান না থাকায় তার ভাই ওলজেইতুকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেন।

এরপর তিনি কিছুদিনের জন্য সুস্থ হয়ে ওঠেন, কিন্তু শীঘ্রই আবার অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ১৩০৪ সালের ১১ই মে মারা যান।

লার উপত্যকার পানিতে তার মরদেহ গোসল করানো হয়েছিল।

ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি এই পানি দিয়েই ওজু করেছিলেন।

গাজান খানের ইসলাম ধর্ম গ্রহণের প্রভাব

ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে, ১২৯৫ সালে মাহমুদ গাজান যখন সিংহাসনে আরোহণ করেন, তখন মোঙ্গল ইলখানা একটি সন্ধিক্ষণে ছিল। একদিকে ছিল এর যাযাবর অতীত এবং অন্যদিকে ইরানের প্রাচীন সভ্যতা।

এক দশকেরও কম সময়ের মধ্যে, গাজান খান যুদ্ধবিগ্রহে বিদীর্ণ মোঙ্গল বহিঃপোত্রটিকে পারস্য সভ্যতায় ভূষিত একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন।

গাজান খানের ইসলাম ধর্ম গ্রহণ কেবল তার শাসনপদ্ধতিকেই নয়, বরং ইরানের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়কেও বদলে দিয়েছিল।

তিনি প্রশাসনিক, রাজস্ব এবং ধর্মীয় সংস্কারের একটি দূরপ্রসারী কর্মযজ্ঞ শুরু করেছিলেন - তিনি মুদ্রা ব্যবস্থাকে মানসম্মত করেছিলেন, দুর্নীতি দমন করেছিলেন এবং পারস্যের শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্যকে নতুন করে নির্মান করেছিলেন।

তবে, তার সময়ে অভ্যন্তরীণ সংঘাতেরও বহু নজির ছিল।

একজন মোঙ্গল শাসক যিনি ইসলামি সাম্রাজ্যসমূহের জটিল বিশ্বে নিজের স্থান খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন এবং চেঙ্গিস খানের তলোয়ার ও পারস্যের পণ্ডিতদের কলমের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বাধ্য হচ্ছিলেন।

গাজান খানের একটি বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ বুদ্ধিবৃত্তিক কৌতূহল, এবং তিনি প্রাকৃতিক ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান এবং রসায়নের মতো বিভিন্ন বিষয়ে জ্ঞানী ছিলেন।

তিনি নিজে অনেক হস্তশিল্পেও দক্ষ ছিলেন।

বাইজেন্টাইন ইতিহাসবিদ পাচিমেসের মতে, "স্যাডল, ব্রাইডেল, স্টিরাপ, বর্ম এবং বর্ম তৈরির ক্ষেত্রে গাজানের কোনো জুড়ি ছিল না। তিনি ধাতু তৈরি, সেলাই এবং পালিশ করার ক্ষেত্রেও দক্ষ ছিলেন এবং তিনি যুদ্ধের বাইরে অবসর সময়ে এ কাজগুলো করতেন।"

বলা হয় যে, নিজের মাতৃভাষা মঙ্গোলিয় ছাড়াও তিনি আরবি, ফার্সি, হিন্দি, কাশ্মীরি, তিব্বতি, চাইনিজ এবং ফরাসি ভাষা জানতেন।

তার পরামর্শ ও সহযোগিতায়, তার উজির রশিদ আল-দীন মোঙ্গলদের একটি ইতিহাস সংকলন করেছিলেন, যা পরবর্তীতে এশিয়া এবং ইউরোপের সমস্ত জাতির ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত করা হয়েছিল যাদের সাথে তারা মোঙ্গল বিজয়ের ফলে যোগাযোগে এসেছিল।

ব্রিটানিকার মতে, গাজানের প্রভাবশালী উজির রশিদ আল-দীন সম্ভবত সেই আর্থিক সংস্কারগুলোর প্রধান রূপকার ছিলেন, যা গাজানের নামে নামকরণ করা হয়েছে।

এ সংস্কারগুলোর উদ্দেশ্য ছিল বসতি স্থাপনকারী জনসংখ্যাকে যাযাবর অভিজাতদের চাঁদাবাজি ও শোষণ থেকে রক্ষা করা।

ছবির উৎস, Universal Images Group via Getty Images

ছবির ক্যাপশান, স্ত্রী কোকাচিনের সাথে রাজদরবারে গাজান খান

গাজান খানের ইসলাম ধর্ম গ্রহণ মোঙ্গল বিজয়ের পর প্রতিষ্ঠিত একটি বিশাল সাম্রাজ্যের ধর্মীয় দিকনির্দেশনা পরিবর্তন করেছিল।

মোঙ্গল ও তুর্কিদের মধ্যকার সম্পর্ক কেবল বিজয়ী ও বিজিতের ছিল না, বরং সময়ের সাথে সাথে উভয়ের মধ্যে একটি জাতিগত, ভাষাগত, সামরিক এবং সাংস্কৃতিক সংমিশ্রণ গড়ে ওঠে।

মোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর, মধ্য এশিয়া এবং কিপচাক সমভূমিতে বসবাসকারী তুর্কি উপজাতিরা মোঙ্গল সেনাবাহিনী ও প্রশাসনের অংশ হয়ে ওঠে, অন্যদিকে মোঙ্গল শাসকরাও স্থানীয় তুর্কি ভাষা ও প্রথা গ্রহণ করেন।

ইতিহাসবিদ বিট্রিস ফোর্বস মান্স তার 'দ্য রাইজ অ্যান্ড রুল অব তেমারলঙ্কা' বইয়ে লিখেছেন যে, মোঙ্গল শাসকরা স্থানীয় জনগণের প্রয়োজন অনুযায়ী একটি নতুন সভ্যতা তৈরি করেছিলেন, যার মধ্যে মোঙ্গল যাযাবর ঐতিহ্যের পাশাপাশি পশ্চিমা স্তেপের তুর্কি উপজাতি এবং বসতি স্থাপনকারী কৃষিজীবী সমাজের সাংস্কৃতিক উপাদান অন্তর্ভুক্ত ছিল।

এ সংমিশ্রণের ফলে মোঙ্গলদের বেশ কয়েকটি উত্তরসূরি রাষ্ট্রে একটি নতুন তুর্কি-মোঙ্গল পরিচয়ের উদ্ভব ঘটেছিল।

টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক জো য়ুপ লি তার ২০১৮ সালের গবেষণাপত্র, "পোস্ট-মোঙ্গল সেন্ট্রাল এশিয়া এবং কিপচাক স্তেপে মোঙ্গলদের তুর্কিকরণের উপর কিছু মন্তব্য"-এ লিখেছেন যে, মধ্য এশিয়া এবং কিপচাক স্তেপের তুর্কি যাযাবর গোষ্ঠীগুলো বিভিন্ন তুর্কি উপজাতি এবং মোঙ্গলদের আন্তঃমিশ্রণের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল।

তার মতে, এই প্রক্রিয়ায় মোঙ্গল পরিচয় এবং উপজাতীয় ঐতিহ্যও সংরক্ষিত হয়েছিল, এটি কেবল মোঙ্গলদের তুর্কি জনসংখ্যার সাথে মিশে যাওয়ার বিষয় ছিল না।

গাভিন আর. জে. হ্যাম্বলি গবেষণা করেছেন যে, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ইসলামি সভ্যতার সাথে মোঙ্গলদের একীভূত করার ক্ষেত্রে মাহমুদ গাজান একটি নির্ধারক ভূমিকা পালন করেছিলেন, যদিও তার মৃত্যুর সময় এ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি।

'তিনি কর ব্যবস্থা এবং ভূমি ব্যবস্থায় ব্যাপক সংস্কার করেছিলেন, যার লক্ষ্য ছিল কৃষকদের কষ্ট কমানো এবং সরকারি রাজস্ব বৃদ্ধি করা। তিনি বণিকদের সুরক্ষা এবং বাণিজ্য প্রচারের জন্য কঠোর নির্দেশ জারি করেছিলেন, পাশাপাশি ক্যারাভান লুটকারী ডাকাত ও গ্রামবাসীর বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করেছিলেন।'

'তার পদক্ষেপগুলোর মধ্যে সেতু মেরামত, রাস্তাঘাট উন্নত করা, পরিমাপ ও মুদ্রার মানের সংস্কার এবং সীমান্তে রাজস্ব পোস্ট স্থাপনও অন্তর্ভুক্ত ছিল।'

এ সংস্কারগুলোর বাস্তবায়ন তার প্রধানমন্ত্রী রশিদউদ্দিনের লেখা অসংখ্য সরকারি চিঠি এবং প্রশাসনিক আদেশ দ্বারা নিশ্চিত করা হয়েছে।

গাভিন লিখেছেন, প্রজাদের প্রতি শাসকের দায়িত্ব সম্পর্কে তার ধারণা তার পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি উদার এবং পরোপকারী বলে মনে হয়।

ব্রিটানিকার মতে, ইসলাম ধর্ম গ্রহণ এবং এ সংস্কারগুলো মোঙ্গল ও পারস্যবাসীকে একটি একক জাতিতে পরিণত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, ঠিক যেমন নরম্যান এবং ইংরেজ জনগণ ধীরে ধীরে এক জাতি হয়ে উঠেছিল।

এইভাবে, ইলখানি শাসক রাজবংশ প্ল্যান্টাজেনেট রাজবংশের মতো একটি সত্যিকারের জাতীয় সাম্রাজ্যের ভিত্তি তৈরি করতে পারত।

"তবে, গাজান খান নিজে সিংহাসনের প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে নির্মূল করে ইলখানি রাজবংশের পতনে অবদান রেখেছিলেন। তার মৃত্যুর মাত্র ৩০ বছরের মধ্যে রাজবংশের অবসান ঘটে।"

Source: BBC Bangla · ওয়াকার মোস্তফা, সাংবাদিক ও গবেষক

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira