মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও পোশাক শ্রমিকদের আন্দোলন থামছে না কেন?

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা শ্রমিকদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করছেন পুলিশ সদস্য

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে
    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ২ মিনিট আগে

  • পড়ার সময়: ৭ মিনিট

বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও আন্দোলন থামেনি। গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে।

ফলে মজুরি বৃদ্ধির পরও কেন শ্রমিকদের অসন্তোষ থামছে না, এই প্রশ্ন সামনে আসছে।

শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড।

কিন্তু নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে খুশি করতে পরেনি মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত।

যার প্রভাব দেখা গেছে বুধবার সকাল থেকেই। সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অনেক শ্রমিক।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

শ্রমিক নেতাদের অনেকেই মনে করেন যে, মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই শ্রমিকদের কেউ কেউ এখনও বিক্ষোভ করছেন।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • வல்லபி: இந்தியாவில் ஒரு சீப்புக்காக நடந்த போரால் ஒரு அரசே சரிந்த வரலாறு

  • কয়েকজন হিন্দু নারী প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করছেন

  • গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ

  • মুসলিম নারী পুরুষ

End of সর্বাধিক পঠিত

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

তবে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও মত বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এর।

এদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতার মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

পোশাক কারখানা মালিকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই চাপে থাকা বাংলাদেশের পোশাক খাত, আরও চাপে পড়বে।

এমন প্রেক্ষাপটে, আন্দোলন না করে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তারা।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর, শ্রমিকদেরকে কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেও।

কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়ান শ্রমিকরা

শ্রমিক আন্দোলন চলছে

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে। যেখানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে।

এই ঘোষণার পরও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায়।

সকাল নয়টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এসময় কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, শ্রমিকরা রাস্তায় নামলে শুরুতে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কাজ হয়নি। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সড়ক থেকে সরানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলছেন, "শ্রমিকদের আন্দোলন এখন আর শুধু শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের আন্দোলনে অনেক তৃতীয় পক্ষ ঢুকেছে, সেক্টরটাকে অস্থিতিশিল করার জন্য।"

এদিকে, বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরের ভোগড়া এবং নাওজোড় এলাকায়ও।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, Nazmul Huda

ছবির ক্যাপশান, সাভারে আন্দোলনরত শ্রমিকদেরকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়

স্থানীয় গণমাধ্যম কর্মী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক কিরণ কুমার রায় জানান, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় খণ্ড খণ্ড ভাবে জড়ো হয় শ্রমিকরা।

একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও। সকাল সাড়ে দশটার পর থেকে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

এসময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

"আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মহাসড়কের পাশেই অবস্থান করছি। এখন (বুধবার দুপুর) বাঘের বাজার হয়ে ময়মনসিংহগামী সড়কটি পুরোপুরি স্বাভাবিক রয়েছে," গণমাধ্যমকে জানান মি. রায়।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

এছাড়া জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রমিক অসন্তোষের কারণে অনেক তৈরি পোশাক কারখানা বর্তমানে বন্ধ রয়েছে (ফাইল ছবি)

বেতন কত বাড়লো?

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আন্দোলনে নামেন তৈরি পোশাক শ্রমিকরা।

ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগেরও দাবি জানান তারা।

শ্রমিক অসন্তোষের মুখে পহেলা নভেম্বর তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

এরপর থেকেই একদিকে মজুরি নির্ধারণের জন্য বোর্ডের সভা চলছিল অন্যদিকে মাঠের আন্দোলন অব্যাহত রেখেছিলেন শ্রমিকরা।

নয়ই নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব দেয়। যেখানে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়।

অন্যদিকে ২৩শে নভেম্বর মজুরি বোর্ডের কাছে তাদের প্রস্তাব দেন মালিকপক্ষ। যেখানে তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে মালিক পক্ষ।

মজুরি বোর্ডের সঙ্গে কারখানা মালিক ও শ্রমিকপক্ষের কয়েক দফা বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়ে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়।

মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু'জন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।

ভোট শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী চূড়ান্ত নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। যা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

এছাড়া, তিন বছর পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, চারটি গ্রেডের মধ্যে পোশাক কারখানায় কাজ করা সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিক, তথা হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

আর তৃতীয় গ্রেড, মানে কারখানার জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।

অন্যদিকে, সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

আর প্রথম গ্রেডে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে।

ছবির উৎস, Nazmul Huda

ছবির ক্যাপশান, গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ

যা বলছে শ্রমিক-মালিক

তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন শ্রমিকরা।

শ্রমিক অসন্তোষে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কোনো কোনো কারখানায় ছুটি ঘোষণার পাশাপাশি অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধও রেখেছেন মালিকরা।

এই পরিস্থিতি বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পে এক ধরনের অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

অন্যদিকে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিও অযৌক্তিক নয় বলেই মনে করেন অনেকে।

ফলে সরকারের গঠন করা মজুরি বোর্ড- মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করে যে মজুরি নির্ধারণ করেছেন, সেটি এই খাতে চলমান অস্থিরতা কমাবে বলেই মনে করা হচ্ছিল।

কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নতুন মজুরি নির্ধারণ হওয়ার পরও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই অনেক শ্রমিক এখনও আন্দোলন করছেন বলে মনে করেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

"নিম্নতম মজুরি বোর্ডই সবসময় মজুরি ঘোষণা করে। এখানে ন্যায্য বা লেভেল ওয়াইজ করা হয় না, শুধুমাত্র ন্যূনতমটা করে। মালিকরা ইচ্ছা করলে এর চেয়ে বেশি দিতে পারে। ন্যূনতম মজুরিতে আসলে কেউই সন্তুষ্ট হয় নাই," বিবিসি বাংলাকে বলেন তিনি।

মি. আখতার বলছেন, অতীতেও কোন পক্ষই নির্ধারিত মজুরি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিল না। কিন্তু দেশের শিল্পের স্বার্থে সবাইকে এই মজুরি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিকদেরকে কাজে ফেরানোর জন্য শ্রমিক ইউনিয়নগুলোও চেষ্টা করছে বলে জানান মি. আখতার।

"কিছু জায়গায় অনেক মালিকের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক ভালো নেই। মূলত সেই সব জায়গায়ই এই বিশৃঙ্খল পরিস্থিতি বেশি হচ্ছে," বিবিসি বাংলাকে বলেন তিনি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ১৮ই নভেম্বর গাজীপুরে শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা

শুক্র-শনিবার থেকে বাংলাদেশের পোশাক শিল্পে, শ্রমিকদের পক্ষ থেকে আর কোনো অস্থিরতা থাকবে না বলেও মনে করে মি. আখতার।

তার ভাষ্য মতে, মজুরি বোর্ডের ঘোষণা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি সব শ্রমিক।

তবে, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বা অন্য কোনো ইন্ধন বা উদ্দেশ্য এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেটি বলা কঠিন বলেই মত এই শ্রমিক নেতার।

এদিকে, শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন আহমেদর রুবেল।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না তিনি।

"মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকারপক্ষ সবার বোঝাপড়ার মধ্য দিয়েই মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এটা কারো একার সিদ্ধান্তে হয়নি। ফলে এটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিৎ," বিবিসি বাংলাকে বলেন তিনি।

যদিও শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত পোশাক খাতকে প্রভাবিত করবে বলেও মনে করেন মি. রুবেল।

প্রতিযোগী দেশগুলোর থেকে বাংলাদেশের পোশাক খাত যেন পিছিয়ে না পড়ে সেজন্য সরকারকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

এছাড়া চলমান শ্রমিক আন্দোলনের তৈরি পোশাক শিল্পের ক্ষয়ক্ষতি প্রতিনিয়ত বাড়ছে বলেও মত মি. রুবেল এর।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "আমরা (মালিকপক্ষ) মজুরি বোর্ডের সিদ্ধান্তকে রেসপেক্ট করি। বেতন বেড়েছে, এটা পার্ট অব দ্যা বিজনেস কিন্তু অন্য দেশের সঙ্গে আমাদের কম্পিটিটিভনেসটা বাড়াতে হবে।"

Source: BBC Bangla · সজল দাস

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira