ভ্রূণের চিকিৎসার জন্য গর্ভাবস্থাতেই যেসব অস্ত্রোপচার করা হয়

ভ্রূণের ছবি - প্রতীকী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কিছু কিছু জটিলতার ক্ষেত্রে ভ্রূণ অবস্থাতেই চিকিৎসা সম্ভব- প্রতীকী ছবি
    • Author, সারদা ভি
    • Role, বিবিসি নিউজ তামিল
  • Published ২২ মিনিট আগে

  • পড়ার সময়: ৫ মিনিট

শিশুর জন্মের পর অনেক সময়ে জরুরি কারণে অস্ত্রোপচার করা হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গর্ভাবস্থায় শিশুর কিছু সমস্যা দেখা দিলে, শিশুর জন্মের জন্য অপেক্ষা না করেই মাতৃগর্ভেই তার সমাধান করা সম্ভব।

যেমন ভ্রূণের হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি এবং মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গের ক্ষতি রুখতে চিকিৎসকরা অনেক সময়ে অস্ত্রোপচার করে থাকেন। কিছু চিকিৎসায় লেজার ব্যবহার করা হয় এবং বিরল ক্ষেত্রে, চিকিৎসকরা মায়ের জরায়ু উন্মোচন করে ভ্রূণের অস্ত্রোপচার করেন।

একে ফিটাল সার্জারি বা 'ভ্রূণ শল্যচিকিৎসা' বলা হয়।

এখন প্রশ্ন হলো কোন কোন সার্জারি গর্ভাবস্থাতে করা হয় এবং অস্ত্রোপচারের জন্য কী পদ্ধতি অবলম্বন করা হয়?

বিশেষজ্ঞদের মতে ভ্রূণকে প্রভাবিত করে এমন সব রোগের ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা সম্ভব নয়। নির্দিষ্ট রোগ, গর্ভাবস্থার কোন পর্যায় চলছে, মা ও ভ্রূণের স্বাস্থ্য ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

ভারতেও অনেক নারীরই গর্ভাবস্থাতে ভ্রূণের চিকিৎসা হয়েছে।

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. ইন্দিরা নেদুমারান বলেছেন, "কিছু ক্ষেত্রে মায়ের পেটে একটা ছোট ছিদ্র করে তার ভিতর দিয়ে আণুবীক্ষণিক যন্ত্র প্রবেশ করিয়ে চিকিৎসা হয়। কোনো কোনো ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। কিছু বিরল ক্ষেত্রে মায়ের জরায়ু উন্মোচন করে সরাসরি ভ্রূণের অস্ত্রোপচার করা হয়।"

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • অলিম্পিয়া

  • লাটিসোটা হাতে মারামারি করতে দেখা যাচ্ছে দুটি পক্ষকে

End of সর্বাধিক পঠিত

ভ্রূণের ছবি - প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মেরুদণ্ড জনিত জটিলতার ক্ষেত্রে অনেক সময়ে ভ্রূণ অবস্থাতেই অস্ত্রোপচার করা হয়- প্রতীকী ছবি

মেরুদণ্ড

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

স্পাইনাল কর্ড সার্জারি:

ভ্রূণের মেরুদণ্ড জনিত সমস্যা এবং বিকৃতি সংশোধনের জন্য অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়। চলতি বছরের ১২ই নভেম্বর দিল্লির 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'-এর চিকিৎসকরা ২৫ সপ্তাহের গর্ভবতী এক নারীর সন্তানের অস্ত্রোপচার করেন।

ভ্রূণের মেরুদণ্ডে ত্রুটি সারিয়ে তুলতে ওপেন সার্জারির সাহায্য নেওয়া হয়েছিল। ভারতে এই ধরনের সার্জারি এই প্রথম।

অনেক সময়ে ভ্রূণের 'মেরুদণ্ড পুরোপুরি জোড়া অবস্থায় থাকে না, এর ফলে স্নায়ু এবং সেগুলির রক্ষাকারী টিস্যুগুলো মেরুদণ্ডের ফাঁক দিয়ে বাইরের দিকে প্রসারিত হয়। এর কারণে স্ট্রোক এবং মস্তিষ্কে তরল পদার্থ জমার মতো জটিলতা দেখা দিতে পারে।

এই অবস্থাকে 'স্পাইনা বিফিডা' বা 'মায়েলোমেনিঙ্গোসিল' বলে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এর চিকিৎসার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের জরায়ু উন্মোচন করে তারপর ভ্রূণের মেরুদণ্ডে দৃশ্যমান টিস্যুগুলো মেরামত করা হয়।

তারপর তারা আবার জরায়ু বন্ধ করে এমন এক অবস্থাতে আনা হয়, যাতে ভ্রূণ গর্ভাবস্থায় সুস্থ ও স্বাভাবিক থাকে।

তবে এই ধরনের সমস্যার জন্য এই পদ্ধতি সম্পূর্ণ চিকিৎসা নয়। এই চিকিৎসা পদ্ধতি স্নায়ুর আরো বেশি ক্ষতি রুখতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে প্রসবোত্তর জটিলতাও কমিয়ে দেয়।

Skip বিবিসি বাংলায় আরও পড়তে পারেন and continue readingবিবিসি বাংলায় আরও পড়তে পারেন

End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভ্রূণের হৃদপিণ্ডের ভাল্ভে কোনো সমস্যা দেখা দিলে গর্ভাবস্থাতেই চিকিৎসকরা অনেক সময়ে অস্ত্রোপচার করেন- প্রতীকী ছবি

হৃদপিণ্ড

হার্টের ভালভ জনিত সমস্যার জন্য বেলুন থেরাপি:

কখনো কখনো দেখা যায়, ভ্রূণের হৃদপিণ্ডে নিয়মিত রক্তপ্রবাহ বজায় রাখতে সাহায্যকারী ভাল্ভগুলো বেশ সংকীর্ণ বা সম্পূর্ণ বন্ধ।

যেমন, ২০১৪ সালে হায়দরাবাদে এক নারীর গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে ঘটেছিল।

তিনি ২৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। ভ্রূণের হৃদপিণ্ডের একটা ভাল্ভের ব্লকেজ সারাতে ডাক্তাররা বেলুন থেরাপির সাহায্য নেন।

তারা মায়ের পেটের মধ্য দিয়ে একটা সূঁচ প্রবেশ করান এবং তার মাধ্যমে ভ্রূণের হৃদপিণ্ডে একটা ছোট বেলুন ঢুকিয়ে দেন। এরপর সেই বেলুন ফুলিয়ে দেওয়া হয় যাতে ভাল্ভের প্রতিবন্ধকতার সঙ্গে যোঝা যায়।

ফুসফুস

ফুসফুসে টিউমার এবং বুকে জমা ফ্লুইডের চিকিৎসা:

কোনো ক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণের ফুসফুসের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার দেখা যায়। এই অবস্থায় হার্ট ও ফুসফুসে চাপ সৃষ্টি হতে পারে। জীবনের ঝুঁকিও দেখা দিতে পারে।

কেরালায় ২০১৯ সালে অমৃতা হসপিটালে, ২১ সপ্তাহের ভ্রূণের ফুসফুসে একটা বড় টিউমার লক্ষ্য করেন চিকিৎসক। এরপর লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তার চিকিৎসা করা হয়। এই পদ্ধতিতে লেজার ব্যবহার করে টিউমারে রক্ত প্রবাহ বন্ধ করা হয়, যা টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে, গর্ভস্থ শিশুর বুকে তরল জমে গেলে কিছু ক্ষেত্রে তার চিকিৎসাও জন্মের আগেই করা সম্ভব। বুক থেকে জমা হওয়া ফ্লুইড নিষ্কাশনের জন্য গর্ভস্থ শিশুর দেহে নল ঢোকানো হয়।

যেমনটা ঘটেছিল ২০২১ সালে, নাগপুরে। ২৮ সপ্তাহের গর্ভবতী এক নারীর সন্তানের এই চিকিৎসা করা হয়। এই চিকিৎসা পদ্ধতি ফুসফুসকে আবার প্রসারিত করে তুলতে এবং হার্টের উপর চাপ কমাতে সাহায্য করে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশেষজ্ঞদের মতে শিশুর স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কমাতে অনেক সময়ে গর্ভাবস্থাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়- প্রতীকী ছবি

মূত্রথলি ও মূত্রনালী

মূত্রনালীতে সৃষ্ট বাধা দূর করার চিকিৎসা:

অনেক সময়ে শিশুর মূত্রনালীতে বাধা সৃষ্টি হয়। এই সমস্ত ক্ষেত্রে মূত্রথলিতে প্রস্রাব জমা হতে পারে যা কিডনির উপর প্রভাব ফেলে।

এর চিকিৎসাও শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে করাই সম্ভব।

চিকিৎসার জন্য মূত্রথলির ভেতরে একটা ছোট নল ঢোকানো হয়। এর ফলে প্রস্রাব সরাসরি প্রবাহিত হওয়ার ক্ষেত্রে আর বাধা থাকে না।

কেরালায় ২০১৮ সালে ডাক্তাররা ২২ সপ্তাহের এক ভ্রূণের মূত্রনালীতে উপস্থিত ব্লকের চিকিৎসার জন্য এই পদ্ধতি ব্যবহার করেন।

মায়ের পেটের মধ্য দিয়ে প্রবেশ করানো লেজার ডিভাইস ব্যবহার করে ওই ব্লক নির্মূল করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রস্রাব লিক করার সমস্যা রোখা এবং কিডনির ক্ষতি রোধ করা।

প্লাসেন্টা ও রক্তনালী

যমজ শিশুর মধ্যে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণের জন্য লেজার থেরাপি:

যমজ শিশুদের ক্ষেত্রে কিছু সময়ে দেখা যায় ভ্রূণ অবস্থায় তারা একই প্লাসেন্টা ভাগ করে নেয়। প্লাসেন্টা অস্থায়ী অঙ্গ যা গর্ভাবস্থায় মা এবং বিকাশমান ভ্রূণকে সংযুক্ত করার জন্য জরায়ুতে তৈরি হয়। এটা ভ্রূণের ফুসফুস, কিডনি, লিভার এবং অন্তঃস্রাবী তন্ত্র হিসেবে কাজ করে।

ডা. ইন্দিরা নেদুমারান ব্যাখ্যা করেছেন, "যে সমস্ত ক্ষেত্রে যমজ শিশুরা একই প্লাসেন্টা শেয়ার করে, প্লাসেন্টার রক্তনালীর মাধ্যমে অসম পরিমাণ রক্ত এক শিশু থেকে অন্য শিশুর কাছে প্রবাহিত হতে পারে। একে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম (টিটিটিএস) বলে।"

যেমন ২০১১ সালে, চেন্নাইতে, লেজার দিয়ে প্লাসেন্টার সংযুক্ত রক্তনালীগুলো বন্ধ করার জন্য ফেটোস্কোপি নামে চিকিৎসা পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছিল। দুই শিশুর মধ্যে অসম রক্ত প্রবাহ রোধ করতে সাহায্য করে ফেটোস্কোপি।

লক্ষ্ণৌয়ের কয়েকজন চিকিৎসক ২০১৬ সালে প্লাসেন্টায় বেড়ে ওঠা বড় রক্তনালীর টিউমারের চিকিৎসা করেন। ওই টিউমার রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করছিল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গর্ভাবস্থার পর্যায়ে, মা ও শিশুর স্বাস্থ্য ইত্যাদির উপর নির্ভর করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন- প্রতীকী ছবি

রক্ত ও সঞ্চালন

ভ্রূণে রক্ত সঞ্চার করার চিকিৎসা:

"কোনো কোনো গর্ভস্থ শিশুর উপর নন-সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতিও ব্যবহার করা হয়," বলেছেন ডা. ইন্দিরা নেদুমারান। অর্থাৎ সে ক্ষেত্রে শল্য চিকিৎসার সাহায্য নেওয়া হয় না।

মায়ের শরীরে উৎপন্ন কিছু অ্যান্টিবডি গর্ভস্থ সন্তানের লোহিতকণিকা ধ্বংস করে, যা ভ্রূণের দেহে গুরুতর রক্তাল্পতা সৃষ্টি করতে পারে। নাভি-রজ্জু মারফত সরাসরি রক্ত সরবরাহ করা হয় ভ্রূণের দেহে।

তবে ঝুঁকির বিষয়েও উল্লেখ করেছেন এই বিশেষজ্ঞ।

তার কথায়, "এই চিকিৎসা পদ্ধতিতে অনেক সময়ে জরায়ু ফেটে যাওয়া, সময়ের আগে সন্তান প্রসব এবং প্লাসেন্টা ফেটে যাওয়ার মতো জটিলতা সৃষ্টি হতে পারে।

তাই বিভিন্ন ফ্যাক্টরের কথা মাথায় রেখে এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন প্রসূতির স্বাস্থ্যের অবস্থা এবং ভ্রূণের বিকাশ।"

Source: BBC Bangla · সারদা ভি

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira