প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, PMO

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।

এর প্রথমদিনে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) একটি প্রতিনিধি দল।

বিএনপি ও এনসিপি'র একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার দুপুরের দিকে এনসিপি'র সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপি'র প্রেস উইং।

এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

তবে সেই প্রতিনিধি দলে মি. ইসলামের সঙ্গে কারা কারা যাচ্ছেন, সেটি এখনও নিশ্চিত করা হয়নি।

যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলামের রোববার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর আলোচনা করে প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি'র আরেক কেন্দ্রীয় নেতা।

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির নেতারা মনে করছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জামায়াতে ইসলামীসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা অন্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপ হবে বলে জানিয়েছেন বিএনপি'র প্রেস উইংয়ের একজন কর্মকর্তা।

তবে কবে, কার সঙ্গে বৈঠক হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে, সংসদের সবশেষ অধিবেশনের শেষদিনের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।

সেটিরই ধারাবাহিকতায় এখন দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে দেখা যাচ্ছে।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira