বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক

বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে

ছবির উৎস, Getty Images

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ২ মিনিট আগে

  • পড়ার সময়: ৭ মিনিট

বাংলাদেশ, ভারতসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্প আরোপের ঘোষণা বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ আবারও তীব্র হওয়ার শঙ্কা তৈরি করেছে।

বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদনের বিষয়ে একটি তদন্তের পর এই শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর।

ইউএসটিআর এর প্রস্তাবনা অনুযায়ী, বাংলাদেশের ওপর নতুন শুল্কের পরিমাণ পণ্য ভেদে ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার ৪০ শতাংশ পর্যন্ত, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ।

এছাড়া বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতের ওপরও ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

তবে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হলে এই হার কমিয়ে ১৭ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি শুরু থেকেই বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে। অন্যান্য দেশের মতো এর প্রভাব থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্র নিজেও।

এমন প্রেক্ষাপটে, ইউএসটিআর এর শুল্ক বৃদ্ধির নতুন প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই ঢাকা ও দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • গত কয়েকদিনে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ভারত-বাংলাদেশের দুটি সীমান্ত অঞ্চলে গিয়েছিলেন - বাঁয়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ডানে ত্রিপুরার আখাউড়া সীমান্ত - ফাইল ছবি

  • ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পোর্ট স্ট্যানলির প্রধান শহরের একটি সাধারণ দৃশ্য। পাহাড়ি ও পাথুরে ভূদৃশ্যের সামনে প্রায় দুই ডজন একতলা ও দোতলা ভবন দেখা যাচ্ছে, যেগুলোর কয়েকটির ছাদ রঙিন।

  • অলিম্পিয়া

  • ভাসমান এলএনজি টার্মিনাল, প্রতীকী ছবি

End of সর্বাধিক পঠিত

প্রতিবেশি দুই দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকেই বলছেন, বাংলাদেশে পোশাক খাতে অস্থিরতা, বিদেশি বিনিয়োগে স্থবিরতা এবং বিপুল খেলাপি ঋণ অর্থনীতিকে চাপে ফেলেছে।

একইভাবে ভারতেও মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সাথে চাপ বাড়ছে রপ্তানি বাজারে। এমন সময় নতুন করে মার্কিন শুল্ক, দুই দেশের জন্যই নতুন এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

ইউএসটিআর এর নতুন শুল্ক আরোপের প্রস্তাবনা সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ-ভারত দুই দেশই।

মার্কিন শুল্ক আরোপের বিষয়টিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অন্যদিকে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে সেটি সরাসরি নাকোচ করে দিয়েছে ভারত।

তবে, বাণিজ্য-সংক্রান্ত যেকোনো উদ্বেগ, আলোচনার মাধ্যমে সমাধানের কথাও বলেছে দুই দেশ।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের চ্যালেঞ্জ যেখানে

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশের ওপর নতুন করে কত শুল্ক আরোপ করা হচ্ছে, সেটি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।

তবে ইউএসটিআর এর প্রস্তাবনা অনুযায়ী, এর পরিমাণ পণ্য ভেদে ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়।

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে যে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যভেদে বাংলাদেশের মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শাতাংশের আশপাশে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে নেগোশিয়েট বা সমঝোতার চেষ্টা করা হবে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিন্তু এমন একটি সময়ে যুক্তরাষ্ট্র এই বাড়তি শুল্কের প্রস্তাব করলো যখন, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিদেশি বিনিয়োগে স্থবিরতা এবং বিপুল খেলাপি ঋণের কারণে আগে থেকেই চাপে বাংলাদেশের অর্থনীতি।

বিশেষ করে, বাড়তি শুল্ক, জ্বালানি ঘাটতি এবং শ্রমিকদের আন্দোলনের কারণে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে পরিচিত পোশাক শিল্প।

অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে পোশাক খাত থেকে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক বাজার। ফলে নতুন করে শুল্ক বৃদ্ধির খবর বাংলাদেশের জন্য চাপের।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, ট্যারিফ নিয়ে গোটা বিশ্বেই এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির তৈরি হয়েছে।

"গত বছরের এপ্রিল থেকে শুরু হয়েছে এটা। এরপর থেকেই একের পর এক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটেই চলেছে," বিবিসি বাংলাকে বলেন তিনি।

এই পরিস্থিতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বলেই মনে করেন মি. হাতেম।

তিনি জানান, "আমেরিকার মার্কেটে একমাত্র ভিয়েতনাম ছাড়া প্রত্যেকের রপ্তানি কমেছে। চীনের রপ্তানি ৩৭ শতাংশ কমে গেছে।"

পোশাক শিল্পে অস্থিরতা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির জন্যই অস্বস্তির বলে মত অর্থনীতিবিদদের।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত

নতুন শুল্ক প্রস্তাবে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তার অনেকগুলো যৌক্তিক নয় বলেই মনে করেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বিবিসি বাংলাকে তিনি বলছেন, "বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করেছে সেটিও বৈষম্যমূলক। সেখান থেকে বের হয়ে আসা দরকার ছিল। কিন্তু সেটির পরও আবার উল্টো বাংলাদেশের ওপর ট্যারিফ আরোপ হচ্ছে, এটা দুঃখজনক।"

এর মধ্য দিয়ে একদিকে যেমন মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কমবে। আবার ওই দেশের নাগরিকদেরকেও বাড়তি মূল্যে পণ্য কিনতে হবে।

এদিকে, চীন এবং ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরেও বাড়তি শুল্ক (চীনের ৪০ শতাংশ, ভিয়েতনামে ৩৫ শতাংশ) আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্ক হওয়ায় মার্কিন বাজারে বাংলাদেশ সুবিধা পেতে পারে বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, সেটিও সঠিক নয় বলেই মনে করেন অর্থনীতিবিদদের অনেকে।

"যুক্তরাষ্ট্রে দাম বাড়লে সেখানকার ক্রেতারা কম কিনবেন। আর চীনের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে ইউরোপের বাজারে লো প্রাইসে যাচ্ছে। যা সেখানেও আমাদের জন্য প্রেশার তৈরি করছে," বিবিসি বাংলাকে বলেন মি. মোয়াজ্জেম।

এক্ষেত্রে পণ্য বহুমুখীকরণ এবং নতুন বাজার তৈরির কথা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া মার্কিন কটন ব্যবহারের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটিও কাজে লাগানোর পরামর্শ বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের।

তিনি বলছেন, ট্যারিফ যদি দুই শতাংশও বাড়ে, সেটি সামগ্রিকভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলবে। যা অন্যান্য দেশের মতো বাংলাদেশের রপ্তানিকেও প্রভাবিত করবে।

তবে, ইউএসটিআর এর প্রস্তাবনায় বাংলাদেশের জন্য একটা সুযোগও রাখা হয়েছে বলেই মনে করেন মি. রুবেল।

তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের কটন ব্যবহার করে হাই ভ্যালু প্রডাক্ট তৈরি করা গেলে সেখান থেকেও কিছুটা সুবিধা আদায় করা যেতে পারে।

"বাংলাদেশকে যুক্তরাষ্ট্র একটা সুবিধা দিয়েছে, টিআরকিউ নামে। যেখানে ওদের কটন ব্যবহার করলে আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। এটাকে মন্দের ভালো বলতে পারেন," বিবিসি বাংলাকে বলেন তিনি।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের (ফাইল ছবি)

শুল্ক নিয়ে চাপে ভারতও

ভারতের অর্থনীতি বাংলাদেশের মতো এক খাতের ওপর নির্ভরশীল নয়। এটি বড়, বৈচিত্র্যময় এবং অভ্যন্তরীণ বাজারনির্ভর। কিন্তু এরপরও মার্কিন শুল্ককে ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর।

এর ফলে দেশটির রপ্তানি খাত সরাসরি ঝুঁকিতে রয়েছে বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাক ও ইলেকট্রনিক্স খাত।

আমেরিকার নতুন শুল্ক প্রস্তাবের পর ভারতের ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগী সংস্থা ফিকি-সিএমএসএমই এর সভাপতি হরজিন্দর কৌর তালওয়ার এটিকে ভারতীয় শিল্পের জন্য উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন।

তবে ভারতের বহুমুখী রপ্তানি পণ্যের মধ্যে অনেকগুলোই এখনও শুল্ক ছাড়ের আওতায় রয়েছে, যা দেশটির জন্য সহায়ক হিসেবেই দেখা হচ্ছে।

এছাড়া ইউএসটিআর এর প্রস্তাব অনুযায়ী, ভারত যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে শুল্কের হার ২৫ শতাংশ থেকে ১৭ শতাংশ হয়ে যাবে। যা বাংলাদেশের চেয়েও এক শতাংশ কম।

যদিও যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে চুক্তির কথা বলছে, সেটি কতটা লাভজক হবে, এ নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রস্তাবিত চুক্তিটি লাভজনক হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রোমোশন কাউন্সিল এর চেয়ারম্যান পঙ্কজ চাড্ডা।

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, "আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সবারই প্রায় ১৮ শতাংশ শুল্ক। যদি তাদের ১৮ শতাংশ শুল্ক থাকে এবং বাণিজ্য চুক্তির অধীনে আমাদের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়, তাহলে আমি নিশ্চিত নই যে এটি আমাদের জন্য সুবিধার হবে।"

কারণ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি ভবিষ্যতেও থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, প্রস্তাবিত শুল্ক হার ভারতের উদ্বেগ বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে (প্রতীকী ছবি)

ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞ রবীন্দ্র সচদেব বিবিসি হিন্দিকে বলেছেন, ধারা ৩০১-এর অধীনে আরও পাঁচ থেকে ছয়টি বিষয়ে এখনও তদন্ত করছে বা করতে পারে যুক্তরাষ্ট্র।

ফলে, জবরদস্তিমূলক শ্রম এবং অতিরিক্ত উৎপাদন ক্ষমতার বিষয়টি ছাড়াও "ডিজিটাল কর, সামুদ্রিক বাণিজ্য এবং চালজাত পণ্যের ওপর শুল্ক নিয়েও আলোচনা ও তদন্ত চলছে। সুতরাং, আরও অন্তত তিন থেকে চারটি বিষয় তদন্তাধীন রয়েছে," বলেন তিনি।

এছাড়া দুই দেশের মধ্যে এখনও আলোচনার পর্যায়ে থাকা বাণিজ্য চুক্তিটি নিয়েও শঙ্কা প্রকাশ করেন মি. সচদেব।

"আমি বুঝতে পারছি না কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তিটি ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। কারণ এর একটি অংশ যুক্তরাষ্ট্রের দিক থেকে সম্পূর্ণ অস্পষ্ট। আরও অন্তত তিন থেকে চারটি বিষয় রয়েছে, যেগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে," বলেন তিনি।

তার মতে, যতদিন এই শুল্কগুলো আরোপ করা থাকবে বা এই বিষয়গুলো নিয়ে তদন্ত চলতে থাকবে, ততদিন সম্পূর্ণ স্বচ্ছতা পাওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য এখন অনিশ্চিত এবং অপ্রত্যাশিত বলেই মনে করেন ভারতের সাবেক কূটনীতিক অশোক সজ্জনহার।

বিবিসি হিন্দিকে তিনি বলছেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি থাকা বা না থাকা এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ যেসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে জাপান এবং অনেক ইউরোপীয় দেশ রয়েছে, যাদের ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি রয়েছে।"

ফলে মার্কিন প্রশাসন যে কোনো পদক্ষেপ নিতে পারে, যার জন্য প্রস্তুতি রাখার কথা বলছেন মি. সজ্জনহার। বাণিজ্যের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করা এবং ঝুঁকি কমাতে কাজ করার কথা বলছেন তিনি।

Source: BBC Bangla · সজল দাস

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira