বাংলাদেশের সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ছবির ক্যাপশান, বাংলাদেশের সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি সংসদে বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে সরকার কি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে যেয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি সংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।''

''এটা তাদের চরিত্র, আগুন লাগানো তাদের স্বভাব। আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব। অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপর থেকে গত কয়েকদিনে বিভিন্ন ভিডিও ম্যাসেজে, স্যোশাল মিডিয়ায় পাওয়া যায়- তাদের সাবেক মন্ত্রী-এমপিরা, তথাকথিত নেতারা ম্যাসেজ দিচ্ছে, তোমরা গ্রামে গ্রামে গিয়ে আগুন লাগাও।''

বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''তারা চাইছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাইছে মিছিলে মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলিতে ঝাঝরা করি। এটা তাদের কৌশল।''

''আমরা গণতান্ত্রিক কালচারের সরকার। জনগণ এইদেশে আর কোনোরকম রাজপথে আন্দোলনকারীদের হত্যা দেখতে চায় না। তবে হ্যা, যদি কেউ থানায় আক্রমণ করে, তারা চরিত্রগতভাবে আন্দোলনকারী না। যদি কোনো সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগায়, তারা কোনো গণতন্ত্রিক আন্দোলন করে না। তারা ঘোষণা দিয়ে রাস্তায় নামছে এবং আগুন লাগানোর নির্দেেশনা দিচ্ছে, গুলি করার নির্দেশনা দিচ্ছে, সব কিছু ভিডিওতে পাওয়া যায়,'' বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ''প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের কায়দায় সাধারণ মানুষকে এভাবে গুলিবিদ্ধ করবো? প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমার কিছুদিন ধৈর্য পোষণ করবো, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়। আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিটিং মিছিলে গুলি না করি।''

''তবে পরিষ্কারভাবে আমরা বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মরক্ষার স্বার্থে তাদের প্রয়োজনীয় বল প্রয়োগ করবে, অতিরিক্ত বল প্রয়োগ করবে না। আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি।'

গোপালগঞ্জের বাসিন্দাদের প্রতি সহিংসতায় জড়িত না হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, ''আমি আহ্বান জানাচ্ছি, গোপালগঞ্জের সাধারণ মানুষ আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা সীমান্তের ওপার থেকে যারা উস্কানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমরা যদি হুুকুম দিতাম এখানে এই বৈঠক থেকে, তারা অনেক মানুষকে হতাহত করতেন। আমরা সেটা চাইনি। চার-পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি বিজিবি পুলিশসহ সবাই অপেক্ষা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষজনকে, আপনার শান্তিপূর্ণভাবে যা কিছু বলার বলে বাড়ি যান, অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো।''

''কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবে। টুডে অর টুমরো, প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে ভিডিও ফুটেজ দেখে, ফটো দেখে যারা থানায় হামলা করেছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দিয়েছে, আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে,'' সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Skip YouTube post

সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira