বাথরুমে গোপন বৈঠক, কেজিবি, এমআই-৬ ও ইসলামি প্রজাতন্ত্রের মাঝে আটকে পড়া এক গুপ্তচর

এমআই৬ কর্মকর্তা ইয়ান ম্যাকক্রিডি ও কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির কোজিচকিন

ছবির উৎস, Courtesy of Ian McCredie

ছবির ক্যাপশান, এমআই৬ কর্মকর্তা ইয়ান ম্যাকক্রিডির পাশে কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির কোজিচকিন, যিনি ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন
    • Author, রেজা সাবেতি
    • Role, সাংবাদিক
  • Published ৩ মিনিট আগে

  • পড়ার সময়: ১১ মিনিট

ব্রিটিশ দূতাবাস প্রাঙ্গণের এক ছোট্ট বাথরুমে বসে আছেন দুইজন গোয়েন্দা কর্মকর্তা - একজন রুশ, অন্যজন ব্রিটিশ। ট্যাপের পানি ছেড়ে দেওয়া হয়েছে, সাথে বাজছে রেডিও - যাতে তাদের কথাবার্তা বাইরে কেউ শুনতে না পায়।

এমআই সিক্স কর্মকর্তার সন্দেহ ছিল যে ইরানি নিরাপত্তা সংস্থাগুলো বাড়িটিতে আড়ি পাতার জন্য বাগ সেট করেছে।

বেন ম্যাকইন্টায়ার ১৯৮১ সালে তেহরানের এ দৃশ্যের বর্ণনা দিয়ে নিজের নতুন বইয়ের সূচনা করেছেন।

দৃশ্যের রুশ অতিথি হলেন ভ্লাদিমির কুজিচকিন, যিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির একজন কর্মকর্তা।

তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৬-এর হয়ে গুপ্তচরবৃত্তি করবেন ও তথ্য সরবরাহের প্রস্তাব দিয়েছেন এবং আশা করছেন যে কিছু সময় পর তাকে ইরান থেকে বের করে ব্রিটেনে নিয়ে যাওয়া হবে।

বৈঠকের সময় তিনি অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়ও তুলে ধরেন। ম্যাকইন্টায়ারের ভাষ্যে, কোজিচকিন বিশ্বাস করতেন পশ্চিমা চিকিৎসকেরা তার যৌন সমস্যার চিকিৎসা করতে পারবেন এবং তার দাম্পত্য জীবন রক্ষা করতে পারবেন।

এ দৃশ্যটি ছিল স্নায়ুযুদ্ধের যুগের সবচেয়ে জটিল গুপ্তচর অভিযানগুলোর একটির সূচনা।

ব্রিটিশ লেখক ও বেস্টসেলার ঐতিহাসিক গ্রন্থকার ম্যাকইন্টায়ার তার 'রেডউড: স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিস্ময়কর গুপ্তচরের অজানা কাহিনি' বইয়ে সেই গল্প বর্ণনা করেছেন।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • আগুন দেওয়া আরেকটি বাড়ির ছবি। (ভিডিও থেকে নেওয়া ছবি)

  • পৃথিবীর সেসব ভূখন্ড যেটি কারো মালিকানাধীন নয়

  • দু’জন স্কুল শিক্ষার্থী

  • অলিম্পিয়া

End of সর্বাধিক পঠিত

রেডউড বইটিতে কোজিচকিনকে নিয়োগ, তেহরানে তার গোপন কার্যক্রম এবং বাজারগান সীমান্ত পেরিয়ে তার পালিয়ে যাওয়ার কাহিনি একটি গুপ্তচর উপন্যাসের মতো বিশদভাবে তুলে ধরা হয়েছে।

কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব কেবল একজন কেজিবি কর্মকর্তার জীবনকাহিনির মধ্যেই সীমাবদ্ধ নয়।

ম্যাকইন্টায়ার তার নতুন বইয়ে বলেছেন, সোভিয়েত ইউনিয়ন ও তুদেহ পার্টির সম্পর্ক নিয়ে কোজিচকিনের দেওয়া তথ্য ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের হাতে পৌঁছেছিল এবং তা ১৯৮২ ও ১৯৮৩ সালে দলটির বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নে সহায়তা করেছিল।

বইটি একটি ঐতিহাসিক এবং এখনও মীমাংসিত নয় এমন কিছু প্রশ্ন নতুন করে উত্থাপন করেছে - তুদেহ পার্টি ও সোভিয়েত ইউনিয়ন কি সত্যিই ইরানে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছিল?

ফারসি ভাষার ছাত্র থেকে কেজিবি কর্মকর্তা

ভ্লাদিমির কোজিচকিন ১৯৪৭ সালে মস্কোয় জন্মগ্রহণ করেন।

কেজিবি কর্মকর্তা আন্দ্রেই কোজিচকিন ছিলেন তার সৎবাবা এবং ভ্লাদিমির ২২ বছর বয়স পর্যন্ত তাকেই নিজের পিতা বলে মনে করতেন।

ওই বয়সে তিনি জানতে পারেন যে তার প্রকৃত পিতা ছিলেন আইরিশ বংশোদ্ভূত নির্মাণ প্রকৌশলী গেওর্গি আলেকসান্দ্রোভিচ লারকিন, যাকে তিনি কোনো দিনই দেখেননি।

পরে তার মা এলিজাভেতার সঙ্গে বিয়ের পর আন্দ্রেই, ভ্লাদিমিরকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন।

কোজিচকিন মস্কো ইনস্টিটিউট অব এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজে ফারসি ভাষা শেখেন এবং ১৯৭৩ শিক্ষাবর্ষে ইরানের বাফক ইন্ডাস্ট্রিয়াল প্রেজেক্টে দোভাষী হিসেবে কাজ করেন।

ভ্লাদিমির কোজিচকিন

ছবির উৎস, Courtesy of Elena Alexandrovna

ছবির ক্যাপশান, ভ্লাদিমির কোজিচকিন

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

প্রশিক্ষণ শেষ করে তিনি কেজিবির 'এস ডিরেক্টরেট'-এ যোগ দেন, যে বিভাগ তথাকথিত 'ইললিগ্যাল' বা অবৈধ এজেন্টদের পরিচালনার দায়িত্বে ছিল। এই এজেন্টরা কূটনৈতিক সুরক্ষা বা সুবিধা ছাড়া অন্য দেশে ভুয়া পরিচয়ে বসবাস ও কাজ করতেন।

১৯৭৭ সালের ১১ই জুন কোজিচকিনকে কনস্যুলার কর্মকর্তার ছদ্মবেশে তেহরানে পাঠানো হন।

শুরুতে তিনি 'লাইন এন' নামে পরিচিত বিভাগের একজন 'সাপোর্ট অফিসার' ছিলেন। এ বিভাগ ইরান ও আশপাশের অঞ্চলে কেজিবির অবৈধ এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা করত।

১৯৮০ সালের মাঝামাঝি সময়ে, এ বিভাগের প্রধান ভ্লাদিমির গোলভানভকে মস্কোতে ফিরিয়ে নেওয়ার পর, কোজিচকিন লাইন এন-এর প্রধান হন এবং তার আনুষ্ঠানিক পরিচয় উপ-কনসাল পদে উন্নীত হয়।

তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি ছিল এমন একটি দম্পতি, যারা মিশেল ও উরসুলা গেশভিন্ট নামে ভুয়া পরিচয়ে তেহরানে বাস করতেন। তারা নৈশভোজ ও কূটনৈতিক সমাবেশে অংশ নিয়ে বিদেশি ও ইরানি কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন।

বিপ্লবের আগে তেহরান ছিল পূর্ব ও পশ্চিমের গোয়েন্দা প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সাভাক সিআইএ এবং এমআই৬-এর সহযোগিতায় সোভিয়েত এজেন্টদের ওপর নজরদারি করত।

১৯৭৯ সালের বিপ্লব এবং মার্কিন দূতাবাস দখলের পর, ইরানে পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে।

সেই সাথে আফগানিস্তানে সোভিয়েত সামরিক বাহিনীর প্রবেশ ওয়াশিংটন ও লন্ডনের উদ্বেগ বাড়িয়ে দেয় যে মস্কো হয়তো ইরান ও পারস্য উপসাগরের দিকে তাদের প্রভাব বিস্তার করতে পারে।

কুজিচকিন পরবর্তীতে কেজিবির ক্ষমতা ও শৃঙ্খলা নিয়ে প্রচলিত সাধারণ ধারণার চেয়ে আলাদা এক চিত্র তুলে ধরেন। তিনি তার স্মৃতিকথায় এ সংস্থার কর্মীদের মধ্যে দুর্নীতি, অভ্যন্তরীণ প্রতিযোগিতা, অতিরিক্ত মদ্যপান এবং অদক্ষতার কথা লিখেছেন।

সুইজারল্যান্ডে তার অধীন দুজন গোপন এজেন্টের গ্রেফতার সেসময় তার উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

তিনি চিন্তিত ছিলেন যে তাদের ওপর তদন্তের সূত্র ধরে শেষ পর্যন্ত এ নেটওয়ার্কের পরিচালক হিসেবে তাকেও চিহ্নিত করা হতে পারে।

ঠিক এই সময়েই তার স্ত্রী গালিনার সাথে তার সম্পর্কের চরম অবনতি ঘটে এবং মানসিক চাপ সামলাতে তিনি আরও বেশি মদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

'রেডউড' বইয়ের লেখক ম্যাকইন্টায়ার মনে করেন, সোভিয়েত ব্যবস্থা ও কেজিবির প্রতি চরম মোহভঙ্গ, পেশাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং ব্যক্তিগত জীবনের সংকট কুজিচকিনকে ব্রিটেনের সাথে সহযোগিতার সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

বইটির বিবরণ অনুযায়ী, তার যৌন সমস্যা এবং বৈবাহিক জীবনে এর প্রভাবও এ সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।

কুজিচকিন ভেবেছিলেন যে পশ্চিমা চিকিৎসকেরা হয়তো তার সমস্যার সমাধান বের করতে পারবেন এবং সে আশা থেকে তিনি সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, Penguin Books Ltd

তুদেহ পার্টির সঙ্গে 'গোপন সংযোগ'

তেহরানে কোজিচকিনের কাজের সবচেয়ে সংবেদনশীল অংশ ছিল তুদেহ পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ।

বইটির বর্ণনা অনুযায়ী, দলের দীর্ঘদিনের সদস্য গাগিক আভানেসিয়ান কেন্দ্রীয় কমিটির প্রথম সচিব নুরউদ্দিন কিয়ানৌরির বার্তাগুলো সোভিয়েত দূতাবাসে পৌঁছে দিতেন।

এসব বার্তায় কখনও কখনও রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাকাঠামোর অভ্যন্তরীণ মতপার্থক্য এবং সশস্ত্র বাহিনীর অবস্থা সম্পর্কিত রিপোর্টও থাকত।

ম্যাকইন্টায়ার লিখেছেন, বিপরীত দিক থেকে সোভিয়েত ইউনিয়ন তুদেহ পার্টিকে অর্থ ও অন্যান্য সুবিধা দিত।

তার বর্ণনা অনুযায়ী, সোভিয়েত বাণিজ্য প্রতিনিধিদলের সহযোগিতায় দলটি একটি আমদানি প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যার মাধ্যমে এসব অর্থ ও পণ্য সরবরাহ করা হতো।

সোভিয়েত ইউনিয়ন দলটির পত্রিকার কাগজও সরবরাহ করত এবং বিমান ভাড়া ও হোটেল ব্যয়সহ কিছু খরচও একই পন্থায় পরিশোধ করতো।

তথ্যের একটি অংশ ছিল সশস্ত্র বাহিনীতে তুদেহ পার্টির গোপন সংগঠন সম্পর্কিত।

মোহাম্মদমেহদি পারতাভি, যার সাংগঠনিক নাম ছিল 'খসরু', তিনি একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন যার সদস্যরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশে কাজ করতেন।

ম্যাকইন্টায়ার তার সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, ১৯৮১ সালের শেষ নাগাদ এ নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০০ জনেরও বেশি ছিল।

এ নেটওয়ার্কের সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক সদস্য ছিলেন ইরানি নৌবাহিনীর তৎকালীন কমান্ডার অ্যাডমিরাল বাহরাম আফজালি।

ম্যাকইন্টায়ার দুটি নির্দিষ্ট গোপন তথ্যের কথা উল্লেখ করেন, যা আফজালির মাধ্যমে দল এবং পরে সোভিয়েত ইউনিয়নের কাছে পৌঁছেছিল - পারস্য উপসাগরে পিকান যুদ্ধজাহাজের সঙ্গে ডুবে যাওয়া মার্কিন হারপুন ক্ষেপণাস্ত্রের অবস্থান, এবং সোভিয়েত-সমর্থিত আফগান বাহিনীর যোগাযোগ ইরানি সেনাবাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা আড়ি পেতে শোনার তথ্য।

তবে, আফজালি গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছিলেন, যদিও স্বীকার করেছিলেন যে এই দুই ক্ষেত্রেই তিনি দলটিকে গোপন তথ্য দিয়েছিলেন।

সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তুদেহ পার্টির সম্পর্কের প্রমাণ শুধু গ্রেপ্তার হওয়া নেতাদের টেলিভিশন সাক্ষাৎকারের মধ্যেই সীমাবদ্ধ নয়।

প্রকাশিত সোভিয়েত আর্কাইভ নথিপত্রে পার্টি নেতাদের মস্কো কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ, সাহায্য প্রার্থনা, গোপন কর্মকাণ্ডের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতার প্রমাণ পাওয়া যায়।

তবে সশস্ত্র বাহিনীতে পার্টির গোপন সংগঠনের পরিধি ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন গবেষকের ভিন্ন ভিন্ন মত রয়েছে। তুদেহ পার্টির সাবেক কর্মকর্তারা গোপন সামরিক সংগঠনের অস্তিত্ব স্বীকার করলেও এর উদ্দেশ্যের বিষয়ে ভিন্ন ভিন্ন বিবরণ দিয়েছেন।

গোপন সংগঠনের তৎকালীন প্রধান মোহাম্মদ মেহেদি পারতোভি ২০১৬ সালে 'আন্দিশে পোয়া' সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, কিয়ানুরি বিপ্লবের পরও এই গোপন সংগঠনটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কারণ তিনি অভ্যুত্থান এবং পাহলভী সরকারের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি।

প্রকাশ্যে পার্টির কার্যক্রমে বাধা আসলে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি ব্যাকআপ নেটওয়ার্ক রাখতে চেয়েছিলেন তিনি।

পারতোভি আরও বলেন যে, সমর্থক অফিসারদের সাথে যোগাযোগের জন্য একটি আলাদা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল।

তার বিবরণ অনুযায়ী, যখন এই অফিসারদের একজন আফগানিস্তানের সামরিক অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে বলেন, "আমাদের আফগান সহযোদ্ধাদের চেয়ে আমাদের কিসের কমতি আছে?", তখন কিয়ানুরি উত্তর দিয়েছিলেন: "আমি জানি, কিন্তু এখন এসব কথার সময় নয়। পার্টি বর্তমানে ইসলামিক প্রজাতন্ত্রকে সমর্থন করছে।"

বইয়ের কিছু বিবরণ কেবল কুজিচকিনের বক্তব্য বা ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তা রিপোর্টের ওপর ভিত্তি করে লেখা।

উদাহরণস্বরূপ, কুজিচকিনের দাবি ছিল যে তুদেহ পার্টির সেন্ট্রাল কমিটির সব সদস্য মস্কো থেকে টাকা পেতেন, তবে এ দাবির সপক্ষে স্বাধীন কোনো আর্কাইভ নথির প্রমাণ মেলেনি।

ম্যাকইন্টায়ার তুদেহ পার্টিকে দেয়া সোভিয়েত আর্থিক সহায়তার পরিমাণ বার্ষিক প্রায় পাঁচ লাখ ডলার বলে অনুমান করেছেন।

তিনি ইরানের একটি গোয়েন্দা রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন যেখানে বলা হয়েছে যে, পার্টির সেন্ট্রাল কমিটির একজন সদস্য একবারে আট লাখ তোমান পেয়েছিলেন, যা তৎকালীন হিসেবে ৪০ হাজার ডলারের বেশি ছিল।

Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:

End of আরো পড়তে পারেন:

ছবির উৎস, Galina Kokosova Archives

ছবির ক্যাপশান, স্ত্রীর সাথে ভ্লাদিমির কোজিচকিন, সত্তরের দশকে

লেখক অনুমান করেন যে প্রতি মাসে এ পরিমাণ অর্থ দেওয়া হতো, যার ওপর ভিত্তি করে তিনি বার্ষিক প্রায় আধা মিলিয়ন ডলারের এই আয়ে পৌঁছান।

সোভিয়েত কমিউনিস্ট পার্টির পলিটবুরোর এক পৃথক নথিতে (যা ভ্লাদিমির বুকোভস্কি আর্কাইভে প্রকাশিত) দেখা যায় যে, ১৯৮০ সালের ২৯শে ডিসেম্বর ১৯৮১ সালের জন্য তুদেহ পার্টিকে তিন লাখ ডলার সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদিত হয় এবং তা পৌঁছানোর দায়িত্ব কেজিবির ওপর ন্যস্ত করা হয়।

যদিও এ নথিটি অর্থ বরাদ্দের প্রমাণ দেয়, তবে এর পুরোটাই পার্টিকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কী-না তা এতে স্পষ্ট নয়।

তুদেহ পার্টির জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আমুই তার 'সবরে তলখ' (বাংলায় যার মানে তিক্ত ধৈর্য) বইয়ে সদস্য ফি, সমর্থকদের অনুদান, বই-পত্রিকা বিক্রি এবং পার্টির ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অর্জিত আয়ের কথা উল্লেখ করেছেন।

'ভ্রাতৃপ্রতীম দলগুলো' সাহায্য করত কী-না এ প্রশ্নে তিনি তা অস্বীকার করেন। তবে, জানান যে তারা চেকোস্লোভাকিয়া থেকে খুব কম দামে পত্রিকার কাগজ পেতেন।

আমুইয়ের মতে, পার্টির সাথে সম্পর্কিত কোম্পানির হিসাব সরাসরি কিয়ানুরির তত্ত্বাবধানে ছিল এবং আর্থিক বিভাগের মূল হিসাব থেকে আলাদা রাখা হতো।

চাটানুগায় বৈঠক এবং বাজারগান সীমান্ত দিয়ে পলায়ন

বইয়ের বিবরণ অনুযায়ী, তেহরানের বিখ্যাত চাটানুগা রেস্তোরাঁয় ১৯৮১ সালের ২২শে অক্টোবর এমআই৬-এর সাথে কুজিচকিনের প্রথম জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ইয়ান ম্যাকার্ডি নামে এক তরুণ ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত হন যে, কুজিচকিনের ওপর কোনো নজরদারি নেই এবং তিনি তার কাছে গিয়ে নিজের পরিচয় দেন।

এক সপ্তাহ পর, ম্যাকার্ডি পূর্বনির্ধারিত এক স্থানে ল্যান্ড রোভার গাড়ি নিয়ে কুজিচকিনকে তুলে নেন। এই রুশ কর্মকর্তা পেছনের সিটে শুয়ে পড়ে একটি কম্বল দিয়ে নিজেকে ঢেকে রাখেন যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়।

এরপর তাকে ব্রিটিশ দূতাবাস প্রাঙ্গণে ম্যাকার্ডির বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বাথরুমে তাদের এই গোপন কথোপকথন অনুষ্ঠিত হয় - যে কক্ষটিকে ম্যাকার্ডি আড়ি পাতার ক্ষেত্রে ঘরের সবচেয়ে নিরাপদ স্থান মনে করতেন।

ম্যাকইন্টায়ার লিখেছেন যে প্রথম বৈঠকেই কুজিচকিন সোভিয়েত দূতাবাসের ফোনবুক নিয়ে এসেছিলেন, যেখানে ইরানে নিযুক্ত ১০০ জনেরও বেশি সোভিয়েত কূটনীতিক ও কর্মকর্তার তালিকা ছিল।

এ ছাড়া তিনি 'লাইন এন' (ইরান ও ওই অঞ্চলে সোভিয়েত অবৈধ এজেন্টদের নেটওয়ার্ক), তাদের পরিচয়, কর্মস্থল ও কেজিবির অন্যান্য অপারেশন সম্পর্কে ব্যাখ্যা দেন।

পরবর্তীতে তিনি তুদেহ পার্টির সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক, গোপন নেটওয়ার্ক, আর্থিক সাহায্য ও যোগাযোগের বিষয়েও বিস্তারিত জানান।

এমআই৬ তার কোড নাম দিয়েছিল রেডউড। তেহরানে তার এ সহযোগিতা প্রায় এক বছর চালিয়ে যাওয়ার কথা থাকলেও, তাকে মস্কোতে ডেকে পাঠানো বা তার পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কায় পরিকল্পনা দ্রুত পরিবর্তন করা হয়।

শেষ পর্যন্ত ব্রিটিশরা তার জন্য 'মাইকেল রুড' নামে একটি জাল পাসপোর্ট তৈরি করে।

১৯৮২ সালের পহেলা জুন সন্ধ্যায় কুজিচকিন একটি ডিপ্লোম্যাটিক গাড়িতে করে তেহরান থেকে তুরস্ক সীমান্তের দিকে রওনা হন।

তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়ের গোয়েন্দা উপপ্রধান সাঈদ হজারিয়ারের বিবরণ অনুযায়ী, ইরানি এজেন্টরা তাকে তাড়া করেছিল, কিন্তু তাবরিজ ও মাকুর মাঝামাঝি স্থানে তার ট্রেস হারিয়ে ফেলে।

তাড়া করা দলটি পরে বাজারগান সীমান্তে পৌঁছায় এবং কুজিচকিন যখন সীমান্ত ভবনের ভেতরে ছিলেন, তখন ট্রাক পার্কিংয়ে তার বিএমডব্লিউ কূটনৈতিক গাড়িটি খুঁজে পায়।

কুজিচকিন গাড়িটি সেখানে ফেলে যান, তার সোভিয়েত নথি ও ইরানি ট্রাভেল পারমিট ড্যাশবোর্ডে রেখে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সীমান্ত পার হওয়ার দিকে এগিয়ে যান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে নুরউদ্দিন কিয়ানৌরি বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন

বইটিতে বাজারগান সীমান্ত পার হওয়ার দৃশ্যটি বিশদে বর্ণনা করা হয়েছে। ম্যাকইন্টায়ারের মতে, জাল ব্রিটিশ পাসপোর্ট হাতে তিনি নিজেকে একজন কূটনীতিক হিসেবে পরিচয় দেন, যিনি একটি গুরুত্বপূর্ণ মিশনে ইরানে এসেছিলেন এবং তুরস্ক হয়ে ব্রিটেনে ফিরছেন।

একদল পাসদারদের (বিপ্লবী গার্ড) মুখোমুখি হয়ে তিনি ফার্সি না জানার ভান করেন, কিন্তু চরম উদ্বেগের কারণে ভুলবশত ফার্সিতে উত্তর দিয়ে ফেলেন।

তবে, এই ভুলটির কারণে তিনি ধরা পড়েননি।

কাস্টমস ভবনে একজন দোভাষীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এবার তিনি শক্তভাবে ফার্সি না জানার দাবি বজায় রাখেন। অবশেষে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং তিনি তুরস্কের মাটিতে প্রবেশ করেন, যেখানে এমআই৬ এজেন্টরা তার জন্য অপেক্ষা করছিলেন।

ম্যাকইন্টায়ার ইয়ান ম্যাকার্ডিসহ এই অপারেশনের সাথে জড়িত এমআই৬-এর প্রায় সব জীবিত কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন।

তবে তিনি স্বীকার করেছেন যে এমআই৬ ফাইলগুলোতে তার সরাসরি প্রবেশাধিকার ছিল না এবং অনেক কর্মকর্তার নাম বইয়ে ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে।

মূল অপারেশনটি বিভিন্ন প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও, এর সব কথোপকথন ও নাট্য রূপ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কেজিবি স্পাইয়ের সাথে ইরানি প্রতিনিধিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে কুজিচকিনের স্থানান্তরের পর ঘটে যাওয়া ঘটনাটি এ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য।

ম্যাকইন্টায়ারের মতে, কুজিচকিনের দেওয়া তথ্য ইরানের কাছে হস্তান্তরের পরিকল্পনাটি সিআইএ ও এমআই৬-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এবং তৎকালীন সিআইএ প্রধান উইলিয়াম কেসি এতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

যুক্তরাষ্ট্রে এ অপারেশন অত্যন্ত গোপন রাখা হয়েছিল। সিআইএ কুজিচকিনের তথ্য ব্যবহার করে একটি রিপোর্ট তৈরি করে, যেখানে ইরানে প্রায় ১০০ থেকে ২০০ জন সোভিয়েত এজেন্ট ও সহযোগীর নাম ছিল।

এমআই৬ পাকিস্তানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সাথে বৈঠকে কুজিচকিন ও তার সাথে থাকা ব্রিটিশ কর্মকর্তাদের উপস্থিতির সমন্বয় করে। এর উদ্দেশ্য কেবল কেজিবির ক্ষতি করা ছিল না।

কেসি আশা করেছিলেন যে এ গোপন সহযোগিতা তেহরানের সাথে যোগাযোগের পথ উন্মুক্ত করবে এবং সোভিয়েতের বিরুদ্ধে ইরানের অবস্থানকে শক্তিশালী করবে।

ইসলামাবাদে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দপ্তরে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

ম্যাকইন্টায়ার লিখেছেন যে ১৯৮২ সালের ২২শে সেপ্টেম্বর থেকে দুদিন ধরে কুজিচকিন ও তার ব্রিটিশ সহযোগীরা ইসলামিক প্রজাতন্ত্রের দুই নিরাপত্তা কর্মকর্তা হাবিবুল্লাহ বিতারাফ এবং মোহাম্মদ জাওয়াদ মাদারশবের সাথে বৈঠক করেন।

বইটির ভাষ্য অনুযায়ী, ডকুমেন্ট ও এক তালিকা - যার মধ্যে সোভিয়েত এজেন্ট, যোগাযোগকারী ও গোপন নেটওয়ার্কের সদস্যদের নাম ছিল - ইরানি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়।

কুজিচকিন ফার্সি ভাষায় ইরানে কেজিবির কাঠামো, যোগাযোগের পথ, সেফ হাউস, তুদেহ পার্টিকে আর্থিক সহায়তা ও সামরিক সংগঠনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

লেখককে সাক্ষাৎকার দেওয়া ব্রিটিশ এজেন্টদের মতে, আলোচনা যখন সম্ভাব্য অভ্যুত্থান, অস্ত্রের গুদাম ও তুদেহ পার্টি নেতাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনার দিকে মোড় নেয়, তখন ইরানি প্রতিনিধিরা বেশি আগ্রহ দেখান।

তারা জানতে চেয়েছিলেন যে পার্টির কতজন সশস্ত্র সদস্য রয়েছে, সম্ভাব্য পদক্ষেপ কখন শুরু হতে পারে এবং সোভিয়েত ইউনিয়ন কীভাবে তা সমর্থন করবে।

এ বৈঠকের সত্যতা কেবল এমআই৬ এজেন্টদের বক্তব্যের ওপর নির্ভরশীল নয়। এ সফর তৎকালীন ইরানের পার্লামেন্ট স্পিকার আকবর হাশেমি রফসানজানির স্মৃতিকথায়ও উল্লেখ রয়েছে।

তিনি ১৯৮২ সালের ২৭শে সেপ্টেম্বরের ডায়েরিতে লিখেছিলেন, "বিকালে প্রকৌশলী জাওয়াদ (মাদারশাহি) এবং হাবিব, যারা তথ্য পাওয়ার জন্য একজন ওয়াকিফহাল ব্যক্তির সাথে দেখা করতে পাকিস্তানে গিয়েছিলেন, তারা ফিরে আসেন এবং কেজিবি ও তুদেহ পার্টির কার্যক্রম এবং ইরানে সোভিয়েতের ভবিষ্যৎ সম্পর্কিত আকর্ষণীয় ও দরকারী তথ্য রিপোর্ট করেন।"

মোহাম্মদ জাওয়াদ মাদারশাহিও বহু বছর পর বলেছিলেন যে, তৎকালীন প্রেসিডেন্ট আলী খামেনি পাকিস্তানে কুজিচকিনের সাথে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানার পর বিষয়টি আকবর হাশেমি রফসানজানির সাথে আলোচনা করা হয় এবং তাকে হাবিবুল্লাহ বিতারাফসহ প্রাক্তন কেজিবি কর্মকর্তার কাছ থেকে তথ্য গ্রহণের জন্য পাকিস্তানে পাঠানো হয়।

আমেরিকান সাংবাদিক বব উডওয়ার্ড (যিনি ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন) ১৯৮৬ সালের নভেম্বরে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে লিখেছিলেন যে সিআইএ কুজিচকিনকে জিজ্ঞাসাবাদের পর তালিকাটি হস্তান্তর করেছিল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কেজিবি ব্যাজ

কিয়ানুরির মতে, জিজ্ঞাসাবাদকারীরা প্রথমে ১৯৮৩ সালের ফারওয়ার্দিন (মার্চ–এপ্রিল) এবং তারপর পহেলা অরদিবেহেশত (২১শে এপ্রিল) অভ্যুথানের তারিখ নির্ধারণ করেন এবং এমনকি একটি "অভ্যুত্থান পরিষদ", "অপারেশনস কাউন্সিল" এবং সরকারের সম্ভাব্য সদস্যদের একটি তালিকা তৈরি করেন।

তিনি বলেন, সেই তালিকায় তাকে প্রেসিডেন্ট, এহসান তাবারীকে সংস্কৃতি মন্ত্রী এবং মোহাম্মদ আলী আমুই ও মোহাম্মদ আলী হাজরীকে সামরিক বিভাগের প্রধান হিসেবে রাখা হয়েছিল।

কিয়ানুরি আরও দাবি করেন যে, জিজ্ঞাসাবাদকারীরা মনে করেছিলেন সোভিয়েতরা সীমান্ত অতিক্রম করে এ অভ্যুত্থানে সহায়তা করবে, আর এই কারণেই তার ওপর নির্যাতনের তীব্রতা বাড়ানো হয়েছিল।

যে চাপের মুখে তিনি টেলিভিশনে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন, সে সম্পর্কে বলতে গিয়ে তিনি তার স্ত্রী মারিয়াম ফিরুজকে চাবুক মারার হুমকি এবং পরিবারের সদস্যদের নির্যাতনের কথা উল্লেখ করেন।

তুদেহ পার্টি দমনের পর, ইসলামী প্রজাতন্ত্র ১৯৮৩ সালের মে মাসে ১৮ জন সোভিয়েত কূটনীতিক ও কর্মকর্তাকে বহিষ্কার করে।

ম্যাকইন্টায়ার লিখেছেন, তাদের অধিকাংশই ছিলেন কোজিচকিনের শনাক্ত করা গোয়েন্দা কর্মকর্তা।

পার্টির সামরিক শাখার সদস্যদেরও মোহাম্মদ মোহাম্মাদী রেইশাহরীর সভাপতিত্বে গোপন আদালতে বিচার করা হয় এবং রিয়ার অ্যাডমিরাল বাহরাম আফজালীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ১৯৮৩ সালের মার্চ মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পার্টির বহু সদস্য ও সমর্থককে কারাদণ্ড দেওয়া হয় এবং ১৯৮৮ সালের গণ মৃত্যুদণ্ডের সময় অনেক তুদেহ বন্দীকে হত্যা করা হয়।

এমন একটি অপারেশন যা রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল

ম্যাকইন্টায়ার 'অপারেশন রেডউড'কে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় গোয়েন্দা সাফল্য হিসেবে বিবেচনা করেন।

Source: BBC Bangla · রেজা সাবেতি

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira