পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
ছবির উৎস, Nur Photo via Getty Images
Published ৫ মিনিট আগে
পড়ার সময়: ৫ মিনিট
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে মজুরি বোর্ডের সভায় সেই প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে, মালিকপক্ষ কত টাকা মজুরি প্রস্তাব করেছে সেই তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।
এদিকে, মালিকপক্ষ যে মজুরি প্রস্তাব করেছে সেটি 'যুক্তিসঙ্গত নয়' বলে জানিয়েছেন শ্রমিক নেতা বাবুল আক্তার।
এর আগে, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।
গত সপ্তাহে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি সেসময় পেছানো হয়েছিল।
অবশেষে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় এই সভা বেলা বারোটায় শুরু হয়।
এই সভার বিরতিতে বিকেল পাঁচটায় এক ব্রিফিং এ, মালিকপক্ষ নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মি. সুবহানি জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই মজুরি কত তা না জানানোর সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।
তবে মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার জানান, শ্রমিকদের প্রস্তাবের সাথে এই প্রস্তাবের ব্যবধান অনেক।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
সোমবারও গাজীপুরের বিভিন্ন স্থানে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রমিকদের মহাসড়ক অবরোধ, অন্যদিকে, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নানা ঘটনা ঘটেছে।
Skip বিবিসি বাংলার অন্যান্য সংবাদ and continue readingবিবিসি বাংলার অন্যান্য সংবাদ
End of বিবিসি বাংলার অন্যান্য সংবাদ
ছবির উৎস, Getty Images
শ্রমিকদের নিম্নতম মজুরি ঠিক কত টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ?
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
মজুরি বোর্ডের চেয়ারম্যান মি. সুবহানি জানান, মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার পর, উভয়পক্ষে যুক্তি-পাল্টা যুক্তি হয়েছে। এই প্রস্তাব আরো সংশোধিত হওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে, চতুর্থ বৈঠক খুব শিগগিরই হতে পারে এবং মঙ্গলবারও এই বৈঠক হতে পারে বলেও জানান মি. সুবহানি।
"আমরা বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছেন সেটি এখনই আমরা জানাচ্ছি না। কারণ আলটিমেটলি মজুরি বোর্ড যেই সুপারিশ করবে এবং সরকার যেটা নির্ধারণ করবে চূড়ান্তভাবে সেটি কিন্তু মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে," বলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান।
মালিকপক্ষের প্রস্তাব না জানানোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এর কারণ হিসেবে তিনি জানান, "ফলে এটি নিয়ে কোন কনফিউশন বা কোন বিভ্রান্তি বা কোন রকমের টেনশন হোক স্টেকহোল্ডারদের মধ্যে, তাই আমরা এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি।"
ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য এই বোর্ডের সভা চলাকালীন প্রায় তিন সপ্তাহ ধরেই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে, যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের এই কাজ শেষ করা যায় মজুরি বোর্ড সেটি চেষ্টা করছে বলেও জানান চেয়ারম্যান মি. সুবহানি।
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার তিনশো টাকার প্রস্তাব মালিকপক্ষ করেছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, "না, এর উপরে।"
মজুরি নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা হয়েছে এমন প্রশ্নে মজুরি বোর্ডের চেয়ারম্যান মি. সুবহানি জানান, মূল্যস্ফীতি, বাজারমূল্য, শ্রমিকদের কার ওপর কত নির্ভরশীলতা, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান কী হবে, রপ্তানির বাজারে কম্পিটিটির কারা এবং কেন হচ্ছে কম্পিটিশন এসব নানা বিষয় আলোচনায় রাখা হয়েছে।
তবে, মজুরি বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মালিকপক্ষ থেকে ১৫ হাজার তিনশো টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে।
সোমবার সকালে মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে মালিকপক্ষ ১৪ হাজার তিনশো টাকা প্রস্তাব দিতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল।
এদিকে, তৃতীয় এই সভার বিরতিতে হওয়া ব্রিফিং এ শ্রমিক নেতা বাবুল আক্তার জানান, মালিকপক্ষ সবসময়ই একটু কম প্রস্তাব দেওয়ার চেষ্টা করে।
"তারা যেটা করছে সেটা শ্রমিক প্রতিনিধি আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং এটা নিয়ে আমরা আরো কাজ করতেছি," বলেন মি. আক্তার।
এই শ্রমিক নেতা জানান, শ্রমিকদের মজুরি নিয়ে চলমান এই ইস্যু দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তবে, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ উভয়ই নতুন করে প্রস্তাব দেবে বলে জানান তিনি।
"তাদের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদেরটাও তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আরেকটা রিভাইজড প্রপোজাল শ্রমিকপক্ষ থেকে দেব আবার মালিকপক্ষ থেকেও একটা রিভাইজড প্রপোজাল তারা দেবে," বলেন এই শ্রমিক নেতা।
মালিকপক্ষের মজুরির প্রস্তাবের সাথে তাদের প্রস্তাবের ব্যবধান অনেক বলেও উল্লেখ করেন তিনি। তবে উভয়পক্ষ আবার পুনরায় পরিমার্জিত প্রস্তাব দিলে এই ব্যবধান কমে আসবে বলে জানান তিনি।
ন্যূনতম মজুরি নির্ধারণ না হওয়া এবং উভয়পক্ষ একমত না হওয়া পর্যন্ত এই সভা চলবে বলেও জানান তিনি।
এদিকে, সোমবারও শ্রমিকরা গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
সোমবারের এই বিক্ষোভের কথা উল্লেখ করে প্রশ্ন করলে শ্রমিক নেতা বাবুল আক্তার, শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
একইসঙ্গে, তিনি মনে করেন, ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকরা চলমান আন্দোলন চালিয়ে যাবে।
ছবির উৎস, Selim Ahmed
পোশাক শ্রমিকদের কবে, কত মজুরি ছিল?
বাংলাদেশে আশির দশকে বিকাশ লাভ করা তৈরি পোশাক শিল্প নব্বইয়ের দশকের শুরুতে এসে প্রধান রপ্তানি খাত হয়ে ওঠে। তখন এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ছিল ৬২৭ টাকা।
এরপর ১৯৯৪ সালে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।
এরপর প্রায় একযুগ পর ২০০৬ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়।
চার বছর পরে ২০১০ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি বাড়িয়ে তিন হাজার, ২০১৩ সালে পাঁচ হাজার তিনশো টাকা এবং ২০১৮ সালে আট হাজার টাকা নির্ধারণ করা হয়।
সবশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়।
এভাবে তিন দশকের বেশি সময়ে পোশাক খাতের সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৬২৭ টাকা থেকে বেড়ে সাড়ে ১২ হাজার টাকায় পৌঁছেছে।
এদিকে, গার্মেন্টস-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার বলছেন, ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ, সরকারের দমন-পীড়ণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কাম্য নয়।
মালিকপক্ষ যাতে শ্রমিকদের বেঁচে থাকার মতো একটি মজুরি প্রস্তাব করে সে বিষয়ে আহ্বান জানান তিনি।
"মালিকপক্ষকে অনুরোধ করবো, তারা যেন শ্রমিকের বাঁচার মত মজুরি এবং শ্রমিকপক্ষ যে মজুরি দিয়েছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রস্তাবনা দেয় এবং শ্রমিকদেরকে দ্রুত উৎপাদনের সাথে যুক্ত করে কারখানা খুলে দিয়ে এবং শ্রমিকদের জীবন ও শিল্পটাকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা তারা করেন, সেই আহ্বান জানাই," বলেন শ্রমিক নেতা জলি তালুকদার।
Source: BBC Bangla · BBC News বাংলা
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira