পত্রিকা: 'সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

Published ২৫ মিনিট আগে

পড়ার সময়: ৭ মিনিট

এই খবরে বলা হয়েছে, প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সরকারের কাছে ধার চেয়েছে সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দিতে চায় ব্যাংকটি।

এর বাইরে অন্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে।

এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না থাকার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দুরবস্থা থেকে উদ্ধারের এমন প্রস্তাব পাঠিয়েছে।

ব্যাংকটিকে লাভজনক করতে তিন ভাগে বিভক্ত করে মোট ১৩টি প্রস্তাব দিয়েছে এর পরিচালনা পর্ষদ।

এদিকে, ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আন্দোলন করছে। এই ফোরাম জামায়াতপন্থী বলে পরিচিত।

জানা গেছে, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন হতে পারে।

সমকাল

Skip বিবিসি বাংলায় আরও পড়ুন: and continue readingবিবিসি বাংলায় আরও পড়ুন:

End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

দেশ রূপান্তর

নাশকতা মামলায় নতুন মোড়— দেশ রূপান্তরের প্রধান খবর এটি। এ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া নাশকতা ও সহিংসতার মামলাগুলোর তদন্তে নতুন গতি সঞ্চার হয়েছে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • মুসলিম নারী পুরুষ

  • মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক, ফাইল ছবি

  • বাংলা স্পাই থ্রিলার রচনার শুরুর দিকে জেমস বন্ড চরিত্রের প্রভাব রয়েছে

End of সর্বাধিক পঠিত

দীর্ঘদিন ঝুলে থাকা কিংবা স্থবির হয়ে পড়া এসব মামলার নথিপত্র পর্যালোচনা শুরু হওয়ায় তদন্তে গতি এসেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা ও আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নামও উঠে আসছে তদন্তে।

সম্প্রতি কয়েকটি জেলায় বোমাবাজি ও আগুনের ঘটনায় তদন্ত করতে গিয়ে এমন অনেকের সম্পৃক্ততা পেয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, নাশকতার মতো গুরুতর অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতিস্বীকার না করে তদন্ত সংস্থাগুলোকে নির্ভুল অভিযোগপত্র আদালতে দাখিল করতে হবে।

প্রথম আলোর প্রধান শিরোনাম— মালিকপক্ষের প্রস্তাব ১৫,৮০০ টাকা।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করার কথা বলা হয়েছে এই খবরে।

গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করেছে। যদিও সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা।

এর আগে, মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে তাদের প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে, তাদের সর্বশেষ প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা।

তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মূলতবি এই সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হবে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল ও গাজীপুর ও বিক্ষোভ সাভারে করেছেন পোশাকশ্রমিকেরা। তাতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরে বলা হয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) দিতে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, যাত্রী প্রতি আয়ের ২৭ শতাংশ, যা জনপ্রতি ২.১ মার্কিন ডলার এবং কার্গোর ক্ষেত্রেও আয়ের ২৭ শতাংশ যা প্রতি টনে ১১.৫ মার্কিন ডলার পাবে বাংলাদেশ।

বাকি আয় পাবে টার্মিনালটি পরিচালনাকারী কনসোর্টিয়াম। সরকার অগ্রিম ৮.১ মিলিয়ন ডলার অর্থ পাবে, যা প্রায় ১০০ কোটি টাকার সমান।

তৃতীয় টার্মিনালটিতে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ ডলার, বর্তমানে টার্মিনাল-১ ও ২-এর ক্ষেত্রে এই ফি ৫০০ টাকা।

এছাড়া, আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড-হ্যান্ডলিং সেবার ৫০ শতাংশ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পন্ন করবে।

খবরটিতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের জাতীয় ওষুধ পরীক্ষাগারে জমা পড়া নমুনার অর্ধেকেরও বেশি পরীক্ষা করা সম্ভব হয়নি। এতে ওষুধের মান যাচাইয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

তীব্র জনবল সংকটের কারণেই নকল ও নিম্নমানের ওষুধ শনাক্তের সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে (এনডিসিএল) ৪ হাজার ৬৯৯টি নমুনা জমা পড়ে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে মাত্র ১ হাজার ৮৯১টি, যার মধ্যে ৭৯টি মানোত্তীর্ণ হতে পারেনি। লোকবলের অভাবে বাকি ২ হাজার ৮০৮টি নমুনাই পরীক্ষা করা সম্ভব হয়নি, যা মোট জমা পড়া নমুনার প্রায় ৬০ শতাংশ।

এদিকে, নিয়ন্ত্রক সংস্থাটির অনুমোদিত ৭২০টি পদের মধ্যে ৩০৮টিই শূন্য। বিশেষ করে বিশেষায়িত পরীক্ষার ৫২টি পদের ৪৭টিই খালি পড়ে আছে।

জনবল সংকটের কারণে ফার্মেসি ও ওষুধ কারখানা পরিদর্শন, সন্দেহজনক ওষুধের নমুনা সংগ্রহ এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কাজও ব্যাহত হওয়ার কথা জানায় ডিজিডিএ।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে গতকাল সোমবার সচিবালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

আর সরকারের পক্ষ থেকে বলেছে, নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই। বিদ্যমান ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে থাকার বার্তা দিতেই এই মতবিনিময়।

Skip বিবিসি বাংলার আরও খবর: and continue readingবিবিসি বাংলার আরও খবর:

End of বিবিসি বাংলার আরও খবর:

মানবজমিনের প্রথম পাতার খবর— ধারণক্ষমতার তিনগুণ বন্দি কারাগারে। এ খবরে বলা হয়েছে, দেশের সবকটি কারাগারেই বন্দির চাপে অনেকটাই বিপর্যস্ত কারা ব্যবস্থাপনা।

কোথাও মেঝেতে, কোথাও গাদাগাদি করে রাত কাটাচ্ছেন বন্দিরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঘুম ও চলাফেরা। বাড়ছে সংক্রামক রোগের ঝুঁকিও।

বিপুলসংখ্যক বন্দির বিপরীতে চিকিৎসক সংকট, চিকিৎসাসামগ্রী ও জরুরি পরিবহনের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

দেশের ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন।

তবে, বাংলাদেশ কারা অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ১ লাখ ১০ হাজারের বেশি বন্দি রয়েছে। সে হিসাবে কারাগারে প্রতি ১শ' জনের জায়গাতে থাকতে হচ্ছে প্রায় আড়াইশ' জনকে।

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের ২০২৬ সালের পহেলা অক্টোবরের তথ্য বলছে, বাংলাদেশের কারাগারে মোট বন্দির মধ্যে বিচারাধীন বন্দির হার ৬৭ দশমিক ৪ শতাংশ।

এসব বন্দির মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৮শ' জন জামিনে মুক্তি পেলেও ২ হাজার ১শ' জনের বেশি নতুন করে বন্দি কারাগারে প্রবেশ করছেন।

খবরটিতে বলা হয়েছে, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্বাচনের দায়িত্ব সিনেটের ওপর ন্যস্ত।

তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে সিনেট নির্বাচন অনেক সময় কয়েক দশক ধরে স্থগিত থাকে। সরকার সাধারণত আগে উপাচার্য নিয়োগ দেয় এবং পরবর্তীতে সেই নিয়োগকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনের আয়োজন করে।

বাকি ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে উপাচার্য নিয়োগ দিয়ে থাকেন।

এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের নিয়ে সাম্প্রতিক বেশ কিছু বিতর্ক দেশের উচ্চশিক্ষাব্যবস্থার শীর্ষ নেতৃত্ব নির্বাচনে অন্ধ রাজনৈতিক আনুগত্যের ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সমালোচক, শিক্ষাবিদ ও ছাত্র সংগঠনগুলোর মতে, বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলো দেশের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে বেশি গুরুত্ব দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন ও একাডেমিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। এই চর্চা ক্যাম্পাসগুলোতে বিভাজন আরও গভীর করেছে।

পর্যবেক্ষকদের মতে, যারা দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ পান, তারা নৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব বজায় রাখতে হিমশিম খান।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সীমান্তের ওপারে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

সংগঠনটির ৩০ থেকে ৩৫ হাজার নেতাকর্মীকে ওপারের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সূত্রে জানা যায়।

প্রতিবেশী দেশের একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই সশস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিদেশে পলাতক সাবেক মন্ত্রী-এমপি ও সিনিয়র নেতারা এরই মধ্যে কলকাতায় অবস্থান করে দফায় দফায় মিটিং করছেন। সেখানে থেকেই নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

অপরদিকে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

এই খবরে বলা হয়েছে, প্রাথমিক স্তরে ভর্তির হারে বিগত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় ৯০ শতাংশ।

তবে বিপরীত চিত্র প্রাক-প্রাথমিক স্তরে, ভর্তির হার এখনো ৪০ শতাংশের নিচে। এ স্তরে সাধারণত পাঁচ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিক স্তরে ভর্তির হারে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে।

বিশ্বের বেশির ভাগ অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোয় প্রাক-প্রাথমিকে ভর্তির হার কম।

চলতি নভেম্বরে বিশ্বব্যাংক 'ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট' শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করায় শৈশবেই শিশুদের মধ্যে বিভিন্ন ঘাটতি তৈরি হচ্ছে। কারণ এ পর্যায়েই শিশুর জ্ঞানীয়, সামাজিক, আবেগীয় ও শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হয়।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira