পত্রিকা: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬% বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ
Published ৩ মিনিট আগে
পড়ার সময়: ৭ মিনিট
এই খবরে বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য মাসিক নূন্যতম মজুরি ১৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের সভায় সবপক্ষের মধ্যে প্রায় ১২ ঘণ্টা আলোচনার পর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন করে নির্ধারিত এই মজুরি বিদ্যমান ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকার তুলনায় ৩৬ শতাংশ বেশি।
প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা হিসাবে প্রস্তাবিত এই ন্যূনতম মজুরি প্রায় ১৩৯ ডলারের সমান; যেখানে বিদ্যমান মজুরি কাঠামো অনুযায়ী এই পরিমাণ প্রায় ১০২ ডলার।
নতুন মজুরি কাঠামোটি কার্যকর করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে। ডিসেম্বর মাস থেকে এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
Skip বিবিসি বাংলায় আরও পড়ুন: and continue readingবিবিসি বাংলায় আরও পড়ুন:
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
এই সংবাদে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের জন্য শুরু থেকেই ঢাকা দাবি জানিয়ে আসছে।
কিন্তু দিল্লি এটিকে 'আইনি প্রক্রিয়া'র অংশ বললেও প্রত্যর্পণের জন্য কোনো দৃশ্যত উদ্যোগ নেয়নি।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ঢাকার দাবিকে গুরুত্ব দেয়নি দিল্লি। বরং পেছন থেকে কলকাঠি নেড়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে এনেছে। যার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা অব্যাহত আছে। ফলে ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
তারা বলছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন, সীমান্তে আওয়ামী লীগের নেতাদের বৈঠক, বিমানযোগে বাংলাদেশে আসতে চাওয়ার মতো বিষয়গুলো ঢাকার অবস্থানকে আরও 'হার্ডলাইনে' নিয়ে গেছে।
যা ক্রমেই 'পয়েন্ট অব নো রিটার্নের' পথে ধাবিত হচ্ছে।
ড. ইউনূস সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক যে তলানিতে চলে গিয়েছিল সেখান থেকে পুনরুদ্ধারের একটা পরিবেশ তৈরি হয়েছিল বিএনপি সরকারের শুরুর দিকে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে সৃষ্ট জটিল পরিস্থিতি ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে।
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এই খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কৌশল পরিবর্তন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দলটির নেতারা সীমান্তের বিভিন্ন রুট খতিয়ে দেখছেন, নেতাকর্মীদের সংগঠিত করছেন এবং ভারত থেকে সমন্বিতভাবে দেশে প্রবেশের পরিকল্পনা করছেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন।
এদিকে, মোজাম্মেল আলী দৈনিকটিকে জানান, দলের পরবর্তী পদক্ষেপ শিগগিরই ঘোষণা করা হবে এবং কোনো কিছুই গোপনে করা হবে না।
দলটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর নির্ধারিত লকডাউন কর্মসূচির পর শেখ হাসিনা নিজেই তার দেশে ফেরার তারিখ ও রুট ঘোষণা করবেন।
ওই সূত্রের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে একটি অনলাইন বৈঠকের মাধ্যমে তিনি সমর্থন চাইবেন।
সূত্রটি আরও জানায়, সরকার তাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ট্রাভেল পাস না-ও দিতে পারে—এমন আশঙ্কা থেকে শেখ হাসিনা স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।
আরেকটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পুলিশ ও বিজিবিকে বিভিন্ন স্থানে ব্যস্ত রাখতেই দলটি নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে।
খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার সরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিবিশেষকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন, এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন। তাদেরকে সতর্ক করা হয়েছে।
এছাড়া, নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারও কারও মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং তাদের জিজ্ঞাসাবাদ করে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। অন্যান্য মাধ্যমেও এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ।
নিরাপত্তার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতার প্রেক্ষিতে দেশের সবকটি বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকায় পাতা হয়েছে জাল।
আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। তারা দেশের সীমান্ত পয়েন্ট ও বিমানবন্দরগুলো চষে বেড়াচ্ছেন।
পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। এমনকি 'বিশেষ ড্রোনের' সহায়তায় দলটির নেতাকর্মীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে, সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে।
টাকার বিনিময়ে দালাল চক্র যেন কাউকে সীমান্ত পার করে না দেয়, সেজন্য দালালদের তালিকা তৈরি করে তাদের ওপরও নজর রাখা হচ্ছে।
এছাড়া, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বা বিমানবন্দর ব্যবহার করে দেশত্যাগ বা প্রবেশ করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ই ডিসেম্বর দিল্লি থেকে দেশে ফিরতে চান। রাষ্ট্রীয় বিমানে তাকে দেশে ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এমন দাবি করেছেন তার এক মুখপাত্র।
শেখ হাসিনার তরফে দেশে ফেরা সংক্রান্ত নতুন এই ঘোষণায় আলোচনার কেন্দ্রে এখন ১৬ই ডিসেম্বর। রাজনীতিতেও নতুন করে আলোচনার খোরাক যুগিয়েছে এই ঘোষণা।
যদিও সরকার অবশ্য বলছে, প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার ফেরার আর কোনো পথ নেই। শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে আলোচনা কেবল ভারতের সঙ্গে হবে।
Skip বিবিসি বাংলার আরও খবর: and continue readingবিবিসি বাংলার আরও খবর:
End of বিবিসি বাংলার আরও খবর:
এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে বিরোধী দলসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী একটি যৌথ কর্মসূচি প্রণয়নের বিষয়ও ভাবা হচ্ছে।
এর অংশ হিসেবে সব দলের অংশগ্রহণে বড় জনসভার আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।
খবরটিতে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ লাখ ২১ হাজার ২৬টি মামলা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫৭টি নির্যাতনের ঘটনা ঘটছে।
আর চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রতিদিন গড়ে ৬১টির বেশি। এই সময়ে মোট নির্যাতনে ঘটনা সারাদেশে ১৮ হাজার ৬৬৮টি।
বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত ১০ মাসে দুই হাজার ৪১১ শিশু ও নারী নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তারা এ তথ্য সংগ্রহ করে।
একইভাবে তথ্য সংগ্রহ করা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পরিসংখ্যান বলছে, গত ১০ মাসে দুই হাজার ৬৬৫ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৭৩৯ জন, যাদের মধ্যে ৪৩৪ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১৫০ নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৫ জনকে।
এই খবরে বলা হয়েছে, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংককে অবশেষে রেজল্যুশন প্রক্রিয়ায় আনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে একের পর এক নীতিসহায়তা, মূলধন জোগান এবং একীভূতকরণের উদ্যোগেও ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে পদ্মা ব্যাংকের সংকট মোকাবেলায় গত কয়েক বছরে নেয়া বিভিন্ন উদ্যোগের ব্যর্থতার বিষয়টিও সামনে এসেছে।
আইন অনুযায়ী, ব্যাংক রেজল্যুশন বলতে বোঝায়— কোনো ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে, আমানতকারীদের স্বার্থ ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে ব্যাংকটিকে পুনর্গঠন, পুনরুদ্ধার অথবা সুশৃঙ্খলভাবে অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা।
এই সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে বড় অংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ।
এই চিত্রের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ব্যাংক থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, কিন্তু উৎপাদনশীল বিনিয়োগে তার যথাযথ প্রতিফলন ঘটছে না। অন্যদিকে, খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে।
এতে মুনাফা কমছে, মূলধন দুর্বল হচ্ছে এবং নতুন ঋণ দেয়ার সক্ষমতা সঙ্কুচিত হচ্ছে।
ঋণ পুনঃতফসিল, ঋণ নবায়ন, সুদ মওকুফ কিংবা এককালীন ঋণ পরিশোধের সুযোগ দিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রচলিত পদ্ধতিতে আর কাজ হবে না বলে মনে করছেন অর্থনীতি ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তাদের মতে, খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন, স্বতন্ত্র সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠন, ঋণখেলাপিদের দায় নির্ধারণ এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
Source: BBC Bangla · BBC News বাংলা
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira