দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে?

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Published এক মিনিট আগে

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তার এ মন্তব্যের পর এই প্রশ্ন সামনে আসছে যে বিদেশের মাটিতে কোনো দূতাবাস বা মিশন নিজ দেশের নাগরিককে গ্রেফতার করতে পারে কি-না।

কূটনৈতিক সুবিধার আওতায় দূতাবাস বা মিশন কিছু শর্তসাপেক্ষে অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করলেও সেখানে কাউকে আটকে রাখা বা বন্দী করে রাখার সুযোগ আছে কি-না, সেই আলোচনাও সামনে আসছে।

আবার বিদেশের মাটিতে দূতাবাসের কর্মীরা কাউকে আটক করে রাখলেও স্বাগতিক দেশ বা হোস্ট কান্ট্রির সহায়তা ছাড়া তাকে নিজ দেশে আনা আদৌ সম্ভব কি-না, সেই প্রশ্নও অনেকে করছেন।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমান বলছেন, স্বাগতিক দেশের অনুমোদন ও সহায়তা ছাড়া এটি অসম্ভব, কারণ কাউকে আটক করে আনতে হলে সংশ্লিষ্ট দেশের পুলিশী সহায়তা প্রয়োজন হবে।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডঃ রায়হান রশীদ অবশ্য বলছেন, কোনো দূতাবাস যা যা করতে পারবে বলে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্সে বলা আছে, সেখানে কাউকে অ্যারেস্ট বা গ্রেফতারের বিষয়টি নেই।

Skip বিবিসি বাংলায় আরও পড়ুন: and continue readingবিবিসি বাংলায় আরও পড়ুন:

End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ছবির উৎস, BSS

ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

দূতাবাসে গ্রেফতারের প্রসঙ্গ কেন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এই খবর অনুযায়ী, শেখ হাসিনা বাতিল হয়ে যাওয়া কাগজপত্রও (জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট) বাংলাদেশ সরকারের কাছে চেয়েছেন। এছাড়া বাংলাদেশ সরকারের কাছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করারও জন্য অনুরোধ জানিয়েছেন।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • গাজান খান ইসলাম ধর্ম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেছিলেন

  • কয়েকজন হিন্দু নারী প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করছেন

  • মোবাইল ফোন

  • অলিম্পিয়া

End of সর্বাধিক পঠিত

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এই প্রেক্ষাপটে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে।

"আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে," বলেন মিজ ইসলাম।

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কিছু সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন, যাদের পাসপোর্ট বাতিল করে জাতীয় পরিচয়পত্র ব্লক করে রেখেছে সরকার।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ৮ই জানুয়ারি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তখনকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে, শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছিল, তাদের বেশিরভাগই পরে আর নিয়মিত সবুজ পাসপোর্টের জন্য আবেদনের সুযোগ পাননি।

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলের সাবেক এমপিদের বেশিরভাগই দেশত্যাগ করেছেন এবং তাদের উল্লেখযোগ্য সংখ্যক অংশ ভারতেই অবস্থান করছেন।

এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার সাথে আরও যারা বাংলাদেশের পাসপোর্টহীন অবস্থায় ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা দিল্লি কিংবা অন্য কোনো দেশে বাংলাদেশের দূতাবাসে গেলে তাদেরকেও আটক করা হবে কি-না।

অবশ্য শেখ হাসিনাকে গ্রেফতার করার মতো সক্ষমতা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আছে কি-না, তার কোনো স্পষ্ট জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তবে তিনি বলেছেন, ".... জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তাদের সবাইকে এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে"।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে যে চুক্তিটি সই করা হয়েছিল, সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপলোম্যাটিক রিলেশন হিসেবে পরিচিত

দূতাবাস কী গ্রেফতার করতে পারে

কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে স্নায়ুযুদ্ধের সময়ে বিদেশের মাটিতে দূতাবাস নিজ দেশের নাগরিককে গ্রেফতার করে বা আটক করে পরে নিজ দেশে নিয়ে গেছে, এমন কিছু ঘটনা ঘটেছে।

যদিও এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই যে দেশে ঘটনাটি ঘটেছে, সেই দেশের সরকারের এনডোর্সমেন্ট বা সম্মতি কিংবা সহযোগিতা নিতে হয়েছিল।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডঃ রায়হান রশীদ বলছেন, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স এর আওতায় দূতাবাস যা যা করতে পারে, তাতে 'গ্রেফতারের' বিষয়টি নেই।

আর সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমান বলছেন, দূতাবাসে কেউ গেলে তাকে দূতাবাসের লোকজন আটক করে রাখতে পারে, কিন্তু তার গ্রেফতার এনফোর্সমেন্টের লোকবল নেই। "আর দূতাবাস প্রাঙ্গণ অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করে এবং কূটনীতিকদের দায়মুক্তি সুবিধা আছে। কিন্তু দূতাবাসে যাওয়ার পর কাউকে আটকালেও তাকে তো দেশে আনতে হবে। সেটি তো হোস্ট কান্ট্রির সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স ১৯৬১ এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি কূটনৈতিক মিশনের কাজ হলো স্বাগতিক রাষ্ট্রে প্রেরণকারী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা, আন্তর্জাতিক আইন দ্বারা অনুমোদিত সীমার মধ্যে স্বাগতিক রাষ্ট্রে প্রেরণকারী রাষ্ট্র এবং তার নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করা, স্বাগতিক রাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতা করা, সকল আইনসম্মত উপায়ে স্বাগতিক রাষ্ট্রের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত হওয়া এবং সে বিষয়ে প্রেরণকারী রাষ্ট্রের সরকারকে প্রতিবেদন প্রদান করা, প্রেরণকারী রাষ্ট্র ও স্বাগতিক রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নীত করা এবং তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্কের বিকাশ সাধন করা।

মাহফুজুর রহমান বলছেন, অনেক সময় সরকার স্বাগতিক দেশের সাথে যোগাযোগ করে আনঅফিশিয়ালি এ ধরনের কাজ করে (কাউকে আটক করে ধরে আনা)। "অনেক সময় গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের কাজ করে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময়ে এগুলো হয়েছে। কিন্তু এখন এগুলো কঠিন। আর হোস্ট সরকারের সম্মতি না থাকলে এনফোর্স করা সম্ভব না"।

"ধরুন তাও আপনি আন্ডার কাভারে লোকজন রাখলেন। এরপর দূতাবাসে কেউ গেল ও তাকে আটকানো হলো। কিন্তু তাকে তো বিমানে হোক বা যেভাবে হোক আনতে হবে। স্বাগতিক দেশের সহায়তা ছাড়া সেটি তো সম্ভব হবে না," বলছিলেন মি. রহমান।

তিনি বলছেন, "এটি আসলে কূটনৈতিক শিষ্টাচারসুলভ মন্তব্য নয়। হয়তো অপরপক্ষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে"।

ছবির ক্যাপশান, শেখ হাসিনাকে ঘিরে জটিল হয়ে আছে ভারত- বাংলাদেশ সম্পর্ক

১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে যে চুক্তিটি সই করা হয়েছিল, সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপলোম্যাটিক রিলেশন হিসেবে পরিচিত।

ভিয়েনা কনভেনশনে যেসব নিয়ম-নীতি উল্লেখ করা আছে সে অনুযায়ী, কোন দেশে অন্য কোন দেশের কুটনীতিক মিশন বা প্রতিনিধিরা অবস্থান করে থাকে।

অন্যদিকে ডঃ রায়হান রশীদ বলছেন, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স ১৯৬১ অনুযায়ী দূতাবাসগুলো কিছু বিধিনিষেধ সাপেক্ষে অনেকটা সার্বভৌম।

"কিন্তু দূতাবাসের তো পুলিশিং অথরিটি নাই। তারা কিভাবে অ্যারেস্ট বা ডিটেইন করবে। আবার কেউ দূতাবাসে গেলে লোকজন তাকে আটকালেও তাকে তো সেখান থেকে বের করতে গেলেই হোস্ট কান্ট্রির সহায়তা লাগবে। আটক বা গ্রেফতার তো প্রতিটি দেশের নিজস্ব আইন অনুযায়ী নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়ে থাকে। দূতাবাস তো বিচারালয় বা জেলখানা না," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

অনেক দেশের সরকারি ওয়েবসাইটে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি উল্লেখ করা আছে।

নেদারল্যান্ড সরকারের ওয়েবসাইটের কূটনৈতিক দায়মুক্তি শীর্ষক পাতায় "কূটনৈতিক দায়মুক্তি: অসদাচরণের অবাধ ছাড়পত্র নয়"শীর্ষক প্যারায় লেখা হয়েছে, " ভিয়েনা কনভেনশন কূটনীতিকদের অসদাচরণের জন্য অবাধ ছাড়পত্র দেয় না। কূটনৈতিক দায়মুক্তির অর্থ এই নয় যে কূটনীতিকরা আইনের ঊর্ধ্বে। বরং, কূটনীতিকদের স্বাগতিক রাষ্ট্রের আইন মেনে চলতে হয়।

তবে কোনো কূটনীতিক অসদাচরণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কেবল প্রেরণকারী রাষ্ট্রেরই রয়েছে। উদাহরণস্বরূপ, সংশ্লিষ্ট রাষ্ট্র ওই কূটনীতিককে প্রত্যাহার করে নিতে পারে অথবা তাঁর কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করতে পারে"।

এই অংশে আরও লেখা আছে , "বহু আগে কূটনীতিকরা প্রেরণকারী রাষ্ট্রের সৎ আচরণের একধরনের নিশ্চয়তা হিসেবে কাজ করতেন। ওই রাষ্ট্র যথাযথ আচরণ না করলে তার কূটনীতিককে দায়ী করা হতো। কখনো কখনো এর পরিণতি এমনকি প্রাণঘাতীও হতে পারত। বর্তমানে এর বিপরীত ব্যবস্থা কার্যকর: কোনো কূটনীতিক আইন ভঙ্গ করলে প্রাথমিকভাবে তার দায়ভার প্রেরণকারী রাষ্ট্রের ওপর বর্তায়"।

তবে দূতাবাসে কেউ গেলে তাকে আটকে রাখা হলে সেটি কূটনৈতিক অসদাচরণের মধ্যে পড়বে কি-না, তা নির্ভর করবে স্বাগতিক দেশের মনোভাবের ওপর। বিশ্লেষকদের মতে, স্বাগতিক দেশের সম্মতি ও সহযোগিতা নিয়ে এটি সম্ভব হলেও হতে পারে।

আবার দূতাবাসের মধ্যে নিজ দেশের লোককে খুন করার অবশ্য উদাহরণ আছে। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতরে খুন হয়েছিলেন সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগজি। পরে সৌদি আরব স্বীকার করেছিল যে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা করা হয়েছে।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira