জেমস বন্ড সিরিজ যেভাবে বাংলা গোয়েন্দা গল্পকে প্রভাবিত করেছে
- Author, সজল দাস
- Role, বিবিসি নিউজ বাংলা
Published ৪ মিনিট আগে
পড়ার সময়: ৭ মিনিট
জেমস বন্ড চরিত্রে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন এর অভিনয় করার বিষয়টি সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা চলছে। বিশ্বখ্যাত এই স্পাই থ্রিলার নিয়ে আলোচনায় পিছিয়ে নেই বাংলাদেশের জেমস বন্ড ভক্তরাও।
ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড বাংলাদেশের গোয়েন্দা উপন্যাস ও স্পাই থ্রিলারে কতটা প্রভাব ফেলেছে সেই আলোচনাও হচ্ছে।
ইংরেজ লেখক ইয়ান ফ্লেমিং তার বিশ্ববিখ্যাত স্পাই থ্রিলার সিরিজের নায়ক জেমস বন্ড-কে সৃষ্টি করেছিলেন ১৯৫০ এর দশকে।
১৯৫২ সালে জ্যামাইকায় বসে যে বইটি তিনি লিখেছিলেন, পরবর্তীতে সেটি 'ক্যাসিনো রয়েল' নামে পরিচিত হয়। যা ছিল জেমস বন্ডকে নিয়ে লেখা ১৪টি উপন্যাস ও ছোটগল্পের মধ্যে প্রথম।
এর ১০ বছর পর প্রথম বন্ড চলচ্চিত্র 'ডক্টর নো' মুক্তি পায়, যা এক সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সূচনা করে।
বৃটিশ লেখকের তৈরি এই চরিত্রের প্রভাব বাংলা সাহিত্যেও রয়েছে বলে মনে করেন বাংলাদেশের লেখক, প্রকাশক এবং সাহিত্য সমালোচকদের অনেকে।
তাদের মতে, বাংলা সাহিত্যে চিরায়ত রহস্য উপন্যাস বা গোয়েন্দা কাহিনীর বাইরে গুপ্তচর নির্ভর গল্প যখন শুরু হয়েছিল, তখন জেমস বন্ড চরিত্রের প্রভাব ছিল।
যদিও বাংলা সাহিত্যে এই ধারায় অনুকরণ বা অনুবাদের চেয়ে মৌলিক বই-ই বেশি প্রকাশিত হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
লেখক ও সাহিত্য সমালোচকদের মতে, বাংলাদেশের গোয়েন্দা উপন্যাস ও স্পাই থ্রিলারে জেমস বন্ড সিরিজের প্রভাব কতটা- এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের গোয়েন্দা সাহিত্যের পুরো ইতিহাসটাই পড়তে হয়।
কারণ বন্ড কেবল একটি বিদেশি চরিত্র নয়, এটি বাংলা থ্রিলারের ব্যাকরণটাই বদলে দিয়েছিল।
বাংলাদেশে স্পাই থ্রিলার ও গোয়েন্দা উপন্যাসের ধরনে পরিবর্তন আসার ক্ষেত্রে জেমস বন্ডের স্পষ্ট প্রভাব ছিল বলেই মনে করেন লেখক, প্রকাশকদের অনেকে।
তারা বলছেন, বাংলার ধুতি-পাঞ্জাবি পরা, চায়ের কাপ হাতে রহস্য ভেদ করা গোয়েন্দা চরিত্রের বাইরে অ্যাকশন, প্রযুক্তি নির্ভর সরঞ্জাম আর বিশ্বকে বাঁচানোর গুপ্তচর আঙ্গিকের বাঙালি চরিত্রের আবির্ভাবের ক্ষেত্রে ভূমিকা ছিল জেমস বন্ডের।
যদিও সময়ের পরিক্রমায় এই ধারায় অসংখ্য মৌলিক গল্পও রচনা করছেন বাঙালি লেখকরা।
Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:
End of আরো পড়তে পারেন:
বাংলাদেশে স্পাই থ্রিলার
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
গোয়েন্দা সাহিত্য হলো এমন এক ধারা, যেখানে ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে কোনো অপরাধ, রহস্য বা অজানা ঘটনার সত্য উদঘাটন করা হয়।
এই ধারার মধ্যে যেমন রয়েছে গোয়েন্দা অনুসন্ধান, তেমনি এর আরেকটি ধরন হচ্ছে স্পাই বা গুপ্তচরবৃত্তি।
যদিও বিশ্বের সাহিত্য জগতে এই ধারার লেখা বা গ্রন্থকে মূল ধারার সাহিত্য হিসেবে বিবেচনা করতে চাননি অনেকেই।
"রহস্য উপন্যাস বা গোয়েন্দা কাহিনিকে মূল ধারার সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় না; বিশ্বসাহিত্যের ক্ষেত্রেও তা সত্য," বিবিসি বাংলাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
লেখক ও প্রকাশকদের অনেকে বলছেন, বাংলা গোয়েন্দা সাহিত্যের শুরুটা স্পাই দিয়ে নয় বরং রহস্য দিয়েই হয়েছিল।
বাংলাদেশি থ্রিলার লেখক, অনুবাদক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শুরুর দিকে বাংলা গোয়েন্দা সাহিত্য ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক।
ওই সময় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের 'দারোগার দপ্তর', রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডিটেকটিভ', শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ বক্সী', সত্যজিৎ রায়ের 'ফেলুদা', নীহাররঞ্জন গুপ্তের 'কিরীটি রায়'- এরা সবাই ছিলেন বুদ্ধির গোয়েন্দা।
বাংলাদেশে আবু ইসহাকের 'জাল' উপন্যাসটিকে বাংলাদেশি কোনো লেখকের লেখা প্রথম উল্লেখযোগ্য গোয়েন্দা উপন্যাস হিসেবে উল্লেখ করেন মি. উদ্দিন।
এছাড়া কাজী আনোয়ার হোসেন, রকিব হাসান, হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালও এই ধারাকে সমৃদ্ধ করেছেন।
ছবির উৎস, Shahadat Hossain
গোয়েন্দারা খুনের রহস্য সমাধান করতেন, অপরাধীর মন পড়তেন, ক্লু মেলাতেন। তাদের হাতে পিস্তলের ব্যবহার ছিল কম, প্লেন থেকে লাফ দেওয়ারও দরকার ছিল না।
এই ধারা ছিল ব্রিটিশ ক্লাসিক্যাল ডিটেকটিভ ঐতিহ্যের উত্তরসূরি- শার্লক হোমস, আগাথা ক্রিস্টির পোয়ারো ধরনের। সেখানে গোয়েন্দা মানেই ছিল মস্তিষ্কের খেলা।
বাংলা সাহিত্যে এই ধারা চলেছে দীর্ঘদিন। ঢাকায় কিংবা কলকাতায় গোয়েন্দা মানেই ছিল ধুতি-পাঞ্জাবি পরা, চায়ের কাপ হাতে রহস্য ভেদ করা মানুষ।
কিন্তু ১৯৬০-এর দশকে ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাত ধরে এই ধারায় বড় পরিবর্তন আসে। তার তৈরি জেমস বন্ড চরিত্রটিকে (কোড নেম ০০৭) সিনেমার পর্দায় আনার পর এ নিয়ে কৌতুহল আরও বাড়ে।
বন্ড মানেই অ্যাকশন, গ্যাজেট, সুন্দরী নারী, বিদেশি লোকেশন, আর বিশ্বকে বাঁচানোর মিশন। এরপর থেকেই গোয়েন্দা আর শুধু বুদ্ধিমান থাকলেন না, হয়ে উঠলেন অ্যাকশন হিরো।
এই ঢেউ এসে লাগে বাংলা সাহিত্যেও। বাংলাদেশে ১৯৬৬ সালে পেপারব্যাক (নরম মলাটের হালকা বই) আকারে স্পাই থ্রিলার সিরিজ 'ধ্বংস পাহাড়' নিয়ে আসেন কাজী আনোয়ার হোসেন। পরবর্তীতে যা বিখ্যাত হয় মাসুদ রানা সিরিজ নামে।
Skip আরো পড়তে পারেন: and continue readingআরো পড়তে পারেন:
End of আরো পড়তে পারেন:
ছবির উৎস, Sygma via Getty Images
জেমস বন্ড ও মাসুদ রানা
১৯৬৬ সালে কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনী থেকে 'ধ্বংস পাহাড়' নামে স্পাই থ্রিলার প্রকাশ করেন যার মূল চরিত্র ছিল, কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট মাসুদ রানা।
যে চরিত্রে জেমস বন্ডের ছায়া রয়েছে বলেই মনে করেন অনেকে। বন্ডের যেমন বস এম, রানার তেমন বস মেজর জেনারেল রাহাত খান। বন্ডের যেমন কিউ, রানার তেমন সোহেল, সোহানা।
মাসুদ রানা চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন এর চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলছেন, মাসুদ রানা চরিত্রটি জেমস বন্ডের দ্বারা প্রভাবিত। কিন্তু রানা চরিত্রটি জেমস বন্ডের হুবহু নকল নয়।
"জেমস বন্ডের প্রচ্ছন্ন একটা প্রভাব মাসুদ রানা রচনার সময় অবশ্যই ছিল। কারণ, ওটাই উদ্বুদ্ধ করে। কিন্তু মাসুদ রানা যখন শুরু হয়ে গেল তখন কিন্তু আমাদের রানার ভেতরে আরও অনেক কিছুই বেশি যুক্ত হয়," বিবিসি বাংলাকে বলেন তিনি।
বন্ড ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি। আর রানা ছিলেন শুরুতে সদ্য স্বাধীন হতে যাওয়া আর পরে স্বাধীন বাংলাদেশের প্রতিনিধি।
অর্থাৎ থ্রিলারধর্মী ধরনটা একই রেখে, মৌলিক গল্পের ভেতরে পুরোপুরি একটি বাঙালি চরিত্র হিসেবেই মাসুদ রানাকে তুলে ধরা হয়েছিল বলে মত মি. হোসেন এর।
বাংলাদেশে আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পেয়েছিল মাসুদ রানা চরিত্রটি। আন্তর্জাতিক চক্রান্ত রুখে দেওয়া, জাতীয়তাবাদী উত্তেজনা আর অ্যাকশনের মিশেল মাসুদ রানাকে কোটি পাঠকের নায়ক বানিয়েছিল।
এই স্পাই থ্রিলারের নিয়মিত পাঠক ছিলেন বর্তমানে ঢাকায় আইনজীবী হিসেবে কর্মরত বিদ্যুৎ বিশ্বাস।
বিবিসি বাংলাকে তিনি বলেন, একটা প্রজন্মের পড়ার অভ্যাস তৈরি হয়েছিল মাসুদ রানা সিরিজ দিয়েই।
"মোবাইল, ইন্টারনেট ছিল না। কেবল বাংলাদেশ টেলিভিশনে শুক্রবারের নাটক, সিনেমাই ছিল বিনোদনের মাধ্যম। আর নামিদামি লেখকের গল্প উপন্যাসও আমার কাছে সহজলভ্য ছিল না। ফলে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল রোমাঞ্চে ভরা মাসুদ রানা," বলেন তিনি।
মি. বিশ্বাস জানান, ছোট আকার, কম দাম এবং দ্রুত পড়া যায়- এসব কারণে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী টিফিনের টাকা বাঁচিয়েও মাসুদ রানা কিনত।
ছবির উৎস, Getty Images
বন্ডের বাইরে অন্য ধারা
বাংলা সাহিত্যে স্পাই থ্রিলার ধারায় কয়েকটি বিষয় স্থায়ী করেছিল জেমস বন্ড।
বাংলা গোয়েন্দা গল্প গ্রাম বা শহরের খুন থেকে বেরিয়ে চলে গেল ব্যাংকক, হংকং, কায়রো, লন্ডন, নিউইয়র্কে। বাংলাদেশি পাঠক প্রথমবার বিদেশের মাটিতে বাংলাদেশি নায়ককে লড়তে দেখল।
গল্পে এলো গ্যাজেট, টেকনোলজি আর সিনেমাটিক অ্যাকশন। লেজার ঘড়ি, বিস্ফোরক কলম, পানির নিচে যুদ্ধ। সাহিত্য হয়ে উঠল সিনেমার মতো।
এই ধারার জনপ্রিয়তার কারণে, শুধু মাসুদ রানাই নয়- কুয়াশা, তিন গোয়েন্দা, ওয়েস্টার্ন এর মতো আরও অনেক সিরিজ বের হলো।
ওই সময়ের স্পাই থ্রিলার পাঠকদের অনেকের মতেই, বাংলাদেশে দুই ধরনের পাঠক ছিল- যারা মাসুদ রানা পড়েন, আর যারা লুকিয়ে পড়েন।
স্পাই থ্রিলার ধারার শুরুর দিকে জেমস বন্ডের প্রভাব থাকলেও সময়ের সাথে সাথে এর বাইরেও আন্তর্জাতিক অনেক লেখকের লেখা প্রভাব ফেলেছে বলে মনে করেন লেখক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন।
"মাসুদ রানার ক্ষেত্রে জেমস বন্ডের প্রভাব ছিল। কিন্তু সময়ের সাথে মৌলিক থ্রিলার লেখার যে প্রবণতা বাংলাদেশে তৈরি হয়েছে সেটা বিশ্বের থ্রিলার ঘরানার অন্যান্য যেসব লেখা অনুবাদ হয়েছে, সেসব বিভিন্ন বই থেকেও অনেকের মধ্যে এসেছে," বিবিসি বাংলাকে বলেন তিনি।
ধীরে ধীরে থ্রিলার লেখার ধরনেও পরিবর্তন আসতে শুরু করে বলে মনে করেন লেখক ও প্রকাশকদের অনেকে।
রাজনৈতিক থ্রিলার ও গোয়েন্দা গল্পের আরেকটি ধারাও তৈরি হয়। যেখানে পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, গুম, রাজনৈতিক হত্যা হয়ে ওঠে মূল বিষয়। সেখানে বন্ডের গ্ল্যামার ছিল না, কিন্তু অ্যাকশনধর্মী।
বাংলাদেশের প্রকাশনা সংস্থা সময় প্রকাশন এর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলছেন, শুরু দিকে পেপারব্যাক গল্পের মতো করে মাসুদ রানা চরিত্রের আবির্ভাব, যেখানে জেমস্ বন্ড চরিত্রের প্রভাব ছিল।
কিন্তু পরবর্তীতে অনেক বাংলা স্পাই থ্রিলার মৌলিক গল্প হিসেবেই জায়গা করে নিয়েছে। এছাড়া বিদেশি স্পাই থ্রিলারের অনুবাদও বাংলা থ্রিলারের জগতে ব্যাপক হারে প্রবেশ করেছে বলে বিবিসি বাংলাকে জানান মি. আহমেদ।
ছবির উৎস, NurPhoto via Getty Images
কতটা সমৃদ্ধ?
পাঠক তৈরিতে গোয়েন্দা ও স্পাই থ্রিলার ধারার কোনো বিকল্প নেই বলেই মনে করেন লেখক, প্রকাশক ও পাঠকদের অনেকে।
তারা বলছেন, বাংলাদেশে বই পড়ার অভ্যাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ধারার লেখাগুলো। কিন্তু বাংলাদেশে এই ধারা কতটা সমৃদ্ধ হতে পেরেছে, এই প্রশ্ন রয়েছে।
লেখক, প্রকাশক এবং সাহিত্য সমালোচকদের অনেকেই মনে করেন, এই ধারার লেখাগুলো দীর্ঘদিন একই ফর্মুলায় আটকে ছিল। ফলে এসব লেখায় বাংলাদেশের বাস্তবতা, আমলাতন্ত্র, রাজনীতি, সমাজের জটিলতা খুব কমই উঠে এসেছে।
অনেক আগে থেকেই বাংলাদেশে গোয়েন্দা কিংবা থ্রিলার বইয়ের পাঠক থাকলেও তাদেরকে যথার্থ কন্টেন্ট দেওয়া যায়নি বলেই মনে করেন লেখক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন।
পাশ্চাত্যের ছাঁয়ায় লিখতে গিয়ে বাংলা থ্রিলার অনেক সময় বাস্তবতা থেকে দূরে সরে গেছে বলেও মনে করেন তিনি।
ফলে, অনেক আগে থেকেই গোয়েন্দা সাহিত্যে সমৃদ্ধ কলকাতার বই পড়েই চাহিদা মিটতো বাংলাদেশি পাঠকদের।
তবে, বাংলাদেশে এখন গোয়েন্দা ও থ্রিলার ঘরানার মৌলিক গল্প নিয়ে ধারাবাহিক কাজ হচ্ছে বলে দাবি এই লেখকের।
"গোয়েন্দা বা থ্রিলার নির্ভর অনেক মৌলিক বই আসছে। কলকাতা থেকেও সম্প্রতি আমাদের প্রায় ৫০ থেকে ৬০ জন লেখকের বই প্রকাশ হয়েছে," বিবিসি বাংলাকে বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর অবশ্য মনে করেন, বাংলা সাহিত্যে গোয়েন্দা বা থ্রিলার ধারায় অনুকরণ বা অনুবাদের চেয়ে মৌলিক বই-ই বেশি প্রকাশিত হয়েছে।
"থ্রিলার ও গোয়েন্দা কাহিনির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। ফলে, পুরো বিশ্বসাহিত্য জুড়ে এই ধারায় মিল পাওয়া যাবে," বলেও মনে করেন তিনি।
Source: BBC Bangla · সজল দাস
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira