লাইভ , কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ঢাকায় আটক

বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ঢাকায় আটক

    বাবা আনোয়ারুল আজীম আনারের সাথে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

    ছবির উৎস, Mumtarin Ferdoush Dorin/Facebook

    ছবির ক্যাপশান, বাবা আনোয়ারুল আজীম আনারের সাথে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

    মি. হোসেন জানান, প্রাথমিকভাবে দেশে ‘নাশকতার’ অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে, পরে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

    ২৪ বছর বয়সী ডরিনের বাবা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য।

    ২০২৪ সালের ১১ই মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন তিনি। পরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। এই ঘটনায় মামলা হয় কলকাতায়।

    ঢাকার শেরেবাংলা নগর থানায়ও একটি মামলা করেছিলেন মিজ ডরিন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, পরবর্তীতে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এসব আসামিরা জামিনে বের হয়ে যায়।

  2. গতকাল বুধবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়।
    • বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার “সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত”, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
    • বিশ্লেষকরা বলছেন, এপ্রিলে বিশ্বব্যাপী ট্রাম্প বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। সেই শুল্কগুলোর অনেকগুলোই পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে বুধবার ঘোষিত এই আমদানি শুল্কগুলো হলো ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করার একটি নতুন প্রচেষ্টা।
    • তবে অনেক দেশের সাথে ট্রাম্প যে বাণিজ্য চুক্তিগুলো করেছেন তার কল্যাণে বাস্তবে যে হারে শুল্ক দিতে হবে সেটি অনেক কম হবে বলে মনে করা হচ্ছে।
    • সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনি হুতিরা।
    • ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাড়ে চার লাখের বেশি নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪০ জন।
    • রাজধানী ঢাকায় বেসরকারি আবাসন প্রকল্পে প্লট ক্রেতার কাছ থেকে চুক্তি হওয়ার পরেও দাম বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়।
    • বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। এক্ষেত্রে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়ে বিচার ও শাস্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নাই এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি এমপি পদ থেকে পদত্যাগ করা বিএনপি'র নেতা ওসমান ফারুকের এলাকা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ১০ই জানুয়ারি।
    • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।
    • বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
    • বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।
    • বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।
    • মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে বুধবার অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
    • বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira