গুগল জানিয়েছে, তাদের ‘একাধিক’ ক্লাউড সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। "বিদ্যুৎ সংক্রান্ত কোনো ঘটনার কারণে" এই সমস্যা তৈরি হয়েছে বলেও তারা জানিয়েছে।
গুগল তাদের ক্লাউড স্ট্যাটাস পেজে দেওয়া এক বার্তায় বলেছে, “ইউরোপ-ওয়েস্ট ২ অঞ্চলে আমাদের একাধিক সেবায় সমস্যা দেখা দিয়েছে”।
“আমাদের প্রকৌশল দল বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রিটিশ সামার টাইম সকাল ৭টা থেকে, অর্থাৎ বাংলাদেশ সময় প্রায় দুপুর ১২টা থেকে এ সমস্যা শুরু হয়।
গুগল ক্লাউড হলো হাতে গোনা কয়েকটি বড় ক্লাউড কম্পিউটিং প্রদানকারীর মধ্যে অন্যতম, যা মূলত আমাদের ডিজিটাল জীবনকে সচল রাখে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং মাইক্রোসফট অ্যাজিউর -এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, গুগল ক্লাউড বিভিন্ন অবকাঠামো ও পরিষেবা- যেমন স্টোরেজ, ডেটা ব্যবস্থাপনা এবং ডেভেলপার টুল সরবরাহ করে, যা আমাদের দৈনন্দিন ব্যবহৃত পরিষেবাগুলোকে সচল ও কার্যকর রাখতে সহায়তা করে।
তাদের গ্রাহকরা নির্দিষ্ট কিছু "রিজিয়ন" বা অঞ্চলের মাধ্যমে এই পরিষেবা বা টুলগুলো ব্যবহার করতে পারেন; এগুলো হলো এমন ভৌগোলিক স্থান, যেখানে একটি বা একাধিক ডেটা সেন্টার থাকে।
এক্ষেত্রে, যে ঘটনার কারণে বিভিন্ন কোম্পানি ও প্ল্যাটফর্ম সমস্যার সম্মুখীন হয়েছে, তা মূলত গুগলের 'ইউরোপ-ওয়েস্ট ২' সাইটে সৃষ্ট বিঘ্নের ফল। লন্ডনে অবস্থিত এই সাইটটিতে বর্তমানে "একাধিক পরিষেবা" ব্যাহত হচ্ছে বলে গুগল জানিয়েছে।
যেসব সেবায় সমস্যা
ওয়েবভিত্তিক বিভিন্ন প্রোগ্রামের সমস্যার বিষয়ে ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদন সংগ্রহ করে এমন ওয়েবসাইট ডাউনডিটেক্টরে দেখা যাচ্ছে, মঙ্গলবার বেশ কয়েকটি ওয়েবসাইটে সমস্যা বেড়েছে।
তবে তালিকায় থাকা সব প্রতিষ্ঠান গুগল ক্লাউডের সেবা ব্যবহার করে কি না, তা জানা যায়নি।
ব্রিটেনের অনলাইন ব্যাংক রেভোলুট ‘সেবা বিঘ্নিত’ হওয়ার কথা জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকদের ‘অর্থ ও তথ্য নিরাপদ রয়েছে’।
হ্যালিফ্যাক্স ব্যাংকও জানিয়েছে, তাদের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে ‘কিছু গ্রাহক সমস্যার মুখে পড়ছেন’।
এছাড়া ব্রিটেনের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রসিকিউশন ও ডিফেন্সের ব্যারিস্টাররা “বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না”।
সংস্থাটি বলেছে, “সকাল ১০টা থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বড় অংশজুড়ে ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম (সিভিপি) বন্ধ রয়েছে। আজ আমাদের অনেকেই, প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের আইনজীবী হিসেবে, বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। “মামলার জট কমানোর ক্ষেত্রে আমাদের কাজ এতে বাধাগ্রস্ত হচ্ছে”।
Source: BBC Bangla · BBC News বাংলা
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira