আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

ঢাকার লালবাগ থানায় চারজন আটককৃত ব্যক্তিরা পুলিশের হেফাজতে

ছবির উৎস, DMP

ছবির ক্যাপশান, যুবদল নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ

Published ১৫ নভেম্বর ২০২৬

পড়ার সময়: ৬ মিনিট

ঘটনাটি শনিবার সন্ধ্যার, বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুর এলাকার। দুইজন ব্যক্তিকে দুই হাতে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক দল ব্যক্তি। পরবর্তীতে তাদের একটা জায়গায় নিয়ে চড় থাপ্পর ও মারধর করতেও দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

যার বিরুদ্ধে এই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তিনি ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন।

এই ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও এবং ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও তৈরি হয়।

মি. নয়ন বিবিসির বাংলার কাছে দাবি করেছেন, নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। গোপনে সেই খবর পেয়ে তাদের মধ্যে থেকে চারজনকে ধরে তারা পুলিশে দিয়েছেন।

"ওইখানে কয়েকজন বলতেছিল আওয়ামী লীগ ফিরে আসবে। তখন আমাদের সাথের দুই চারজন কয়েকটা চড় থাপ্পর দিয়েছে, আমি নিজেও একটা চড় মেরেছি রাগের মাথায়। এটা অবশ্যই একটা খারাপ দিক", বলছিলেন মি. নয়ন।

এর আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামের ছাত্রলীগের সাবেক এক নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবীকে পুলিশে দিতে দেখা যায় মি. নয়নকে।

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে।

তবে ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, "নাশকতার কোন খবর আসলে আমরা সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না"।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • অলিম্পিয়া

  • লাটিসোটা হাতে মারামারি করতে দেখা যাচ্ছে দুটি পক্ষকে

End of সর্বাধিক পঠিত

এছাড়াও গত কয়েকদিনে ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর কিংবা তাদের বিরুদ্ধ মবের ঘটনাও ঘটছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা অতীতের ধারাবাহিকতারই অংশ। এখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করছে তারাই এসব ঘটনাগুলো ঘটাচ্ছে।

Skip এ নিয়ে আরও পড়তে পারেন and continue readingএ নিয়ে আরও পড়তে পারেন

End of এ নিয়ে আরও পড়তে পারেন

আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা

ছবির উৎস, Robiul Islam Noyan/FACEBOOK

ছবির ক্যাপশান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ার সেই ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

আজিমপুরে ঠিক কী ঘটেছিল?

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

শনিবার সন্ধ্যায় ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেটির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রাতেই।

সেখান থাকা যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ভেরিফাইড ফেসবুক পেজেও এই ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে।

মি. নয়ন বিবিসি বাংলার কাছে দাবি করেন, গত শুক্রবার ওই চারজনসহ আরো কয়েকজন আজিমপুর সরকারি অফিসার্স কলোনিতে মিটিং করছে। তাদের টার্গেট ছিল আজিমপুরের ওই কলোনির গ্যাসের লাইনে আগুন ধরিয়ে দেওয়া হবে পুরো কলোনিতে।

তিনি বলছিলেন, "এই কাজের জন্য সেখানে শ্রমিক লীগের একজনকে নিয়ে তারা আজিমপুর অফিসার্স কলোনিতে মিটিং করছে। তাদের ভেতর থেকে একজন আমাদেরকে ইনফরমেশন লিক করেছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণে একটা নেটওয়ার্ক তৈরি করছি। এর মাধ্যমে আমরা সফল হয়েছি, তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছি"।

সেই সময়কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় ওই চারজনকে ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে একটি স্থানে বসিয়ে চড়, থাপ্পড় কিল ঘুষি মারছেন মি. নয়নের সহযোগীরা।

যদিও রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "রাজধানীর আজিমপুরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ"।

যদিও ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা গেছে, ওই চারজনকে দিনের আলোয় ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

কিন্তু পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজনকেই কচুয়ার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

আর যুবদল নেতা মি. নয়নের দাবি তারা ধরে পুলিশে দিয়েছে। কিন্তু পুলিশ বলছে তারাই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আসলে ঘটনা কী?

এমন প্রশ্নের জবাবে লালবাগ থানার ওসি জামিল হোসেন বিবিসি বাংলাকে বলেন, "আমরাই অভিযান চালিয়ে ধরেছিলাম। পরবর্তীতে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে। পুরোটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না"।

ছবির উৎস, CHOWDHURI HASAN MAHMUD

ছবির ক্যাপশান, রোববার গোপালগঞ্জে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

দায়িত্ব কার পুলিশ নাকি নেতাকর্মীদের?

এর আগে গত শুক্রবার রাতে ঢাকার শান্তিনগর এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পুলিশে সোপর্দ করার ঘটনাটির সাথেও যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

সেই ঘটনার ভিডিওগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আইনজীবীদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও দেখা যায়।

এই প্রসঙ্গ টেনে যুবদল নেতা নয়ন দাবি করেন, ওই আইনজীবী নেতা বিভিন্ন ধরনের নাশকতায় উৎসাহ দিত। একই সাথে তাদেরকে জামিনে মুক্ত করে আনতো।

"যে কারণে তাকে (আইনজীবী রুদ্র) আমরা হাতে নাতে ধরেছি, থানায় সোপর্দ করেছি। পুলিশ আসতে দেরি হয়েছে তাই থানায় গিয়ে দিয়ে আসছি। তবে তার গায়ে কোনো ধরনের টাচও করিনি", বলছিলেন মি. নয়ন।

যুবদলের এই নেতা বিবিসি বাংলার কাছে দাবি করেন, তার গঠিত একটি নেটওয়ার্কের মাধ্যমে তিনি গোপন খবরের ভিত্তিতে কামরাঙ্গীরচর, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গা থেকে 'নাশকতায়' জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের অনেককে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তবে এসব ঘটনায় কারো গায়ে হাত তোলেন নি বলেও দাবি করেন তিনি।

যুবদলের এই নেতা এটিও দাবি করেছেন যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বর্তমান পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের অনেকেই রয়েছে। যে কারণে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে পুলিশে ধরিয়ে দিচ্ছে তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের ডিসি মোস্তাক সরকারের কাছে প্রশ্ন করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেন, শনিবার যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় আটকের দায়িত্ব পুলিশ নাকি আইনশৃঙ্খলাবাহিনীর? এমন প্রশ্ন শুনে ফোনের লাইনটি কেটে দেন মি. সরকার।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, কেউ যদি 'নাশকতা' বা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাহলে এ ব্যাপারে দায়িত্ব পালন করবে একমাত্র গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী।

মি. রিজভী বলেন, "আমাদের পক্ষ থেকে নেতাকর্মীদের কোন নির্দেশনা দেই নাই এমন কোনো কিছু করার। যদি কেউ এমন কিছু করে থাকে তাহলে তাদেরকে নিরুৎসাহিত করবো যেন এগুলো না করে"।

ছবির উৎস, Channel I

ছবির ক্যাপশান, গত সেপ্টেম্বরে ঢাকার মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার অভিযোগে একজন এমপি পদত্যাগে বাধ্য হন

আবারো আলোচনায় মব সহিংসতা

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর দেশে একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটেছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনর পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, সরকারের একাধিক কর্তা-ব্যক্তি প্রায় নিয়মিতই মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্রে তার খুব বেশি প্রতিফলন দেখা যায়নি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কয়েক মাস আগে তিনি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা যাচ্ছে।

কোথাও কোথাও অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল কিংবা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা গুলোও ঘটতে দেখা যাচ্ছে।

গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিএনপি অফিসে আগুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগও এসে গত কয়েকদিনে।

এমন অবস্থার মধ্যে গত আওয়ামী লীগ প্রতিহতে রাজপথে থাকার ঘোষণাও দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই ধারাবাহিকতা দলটির নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যেই মারধর বা মব ভায়োলেন্সের বিষয়গুলো সামনে আসছে।

তবে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে সেটির জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে।

তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে প্রতিহত করবো জনগণকে সাথে নিয়ে। গোপনে যদি কিছু শুনি সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো। দলের নেতাকর্মীরা যেনো এই কাজ না করে, আমরা তাদেরকে নিষেধ করবো।

অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না পাওয়ায় একের পর এক রাজনৈতিক মবের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় বেশিরভাগই ক্ষমতার প্রভাবকে কাজে লাগানো হচ্ছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক উমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, "এখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করে এবং প্রতিপক্ষকে দুর্বল মনে করে সেই অবস্থান থেকে অনেকে তারা মব ভায়োলেন্সের পথে হাঁটছে। বিশেষ করে পলিটিক্যাল মব ভায়োলেন্সটা বেশি হচ্ছে"।

এই অপরাধ বিশ্লেষকের মতে, এর ফলে রাষ্ট্রে অপরাধ প্রবণতা ও বিশৃঙ্খলা আরো বাড়তে পারে।

Source: BBC Bangla · BBC News বাংলা

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira