আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

উখিয়া ক্যাম্পে আইসিজে রায় ঘোষণা শুনছেন রোহিঙ্গারা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উখিয়া ক্যাম্পে আইসিজে রায় ঘোষণা শুনছেন রোহিঙ্গারা
    • Author, আবুল কালাম আজাদ
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published ২ মিনিট আগে

  • পড়ার সময়: ৬ মিনিট

"যখন মিয়ানমারে ছিলাম তখন বলা হতো তোমরা বাঙালি, এখানে শুনি তোমরা বাংলাদেশি না। নিজেকে লস্ট চাইল্ড, এতিমের মত লাগতো। আইসিজের রায়টি শোনার পর অনুভূতি হয়েছে যেন আমি বাড়ি ফিরে পেয়েছি, আমার পরিবার ফিরে পেয়েছি"।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিবিসি বাংলাকে কথাগুলো বলেন সাবেকুন নাহার। মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায় নিয়ে এমন প্রতিক্রিয়া জানান এই রোহিঙ্গা তরুণী। ২০১৭ সালে রাখাইনের বুচিডং থেকে এগার বছর বয়সে সপরিবারে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, আইসিজের কী রায় দেয়, সেটি নিয়ে তার বিশেষ আগ্রহ ছিল।

"রায় শোনার পর আনন্দ লেগেছে, আবার কষ্টও লেগেছে। কারণ তখনকার ভয়ংকর স্মৃতিগুলো আমার মনে পড়ছিল।"

২০১৭ সালে রাখাইনে গুলিতে নিহত হন জোহরা বেগমের স্বামী। তিন সন্তান নিয়ে পাহাড় জঙ্গল নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন তিনি।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "তারা মহিলাদের উপর অনেক অত্যাচার করছে। জেনোসাইড করছে। আমরা ইনসাফ চাই। আমরা নিজ দেশে যেতে পারলেই শান্তি।"

মিয়ানমারের রাখাইনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেটিকে জেনোসাইড তথা জাতিগত নিধন অভিহিত করে ১৯শে নভেম্বর এক ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে।

মিয়ানমার সরকারকে দায়ী করে দেয়া এই রায়কে বাংলাদেশে আশ্রয় নেয়া বারো লাখের বেশি রোহিঙ্গা তাদের একটি বিজয় হিসেবে দেখছে।

এ তরুণ রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান

ছবির ক্যাপশান, এ তরুণ রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান

সায়েদুল মোস্তফা রোহিঙ্গা ইয়থ উইংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু বয়সে নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বিবিসি বাংলার কাছে রায় নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায় তাদের জাতিগত আত্মপরিচয় এবং নাগরিকত্ব ও অধিকার প্রশ্নে বিশেষ তাৎপর্য বহন করে।

Skip সর্বাধিক পঠিত and continue reading

সর্বাধিক পঠিত

  • গাজান খান ইসলাম ধর্ম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেছিলেন

  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন। দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • আগুনে পোড়া হাড়ি পাতিল

  • ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

End of সর্বাধিক পঠিত

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

"আমরা রোহিঙ্গা নাকি বাঙালি, এটা মিয়ানমার গর্ভণমেন্ট একেবারে কনফিউজ করে ফেলেছিল। উনিশ সালে গাম্বিয়া যে আমাদের পক্ষে মামলা করছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। কেসটা জয়ী হয়ে আমরা ভাগ্যবান মনে করতেছি। মিয়ানমার হিস্টিরিকালি আমাদের ডিনাই করার চেষ্টা করছে, মুছে ফেলার চেষ্টা করছে। দুনিয়া বুঝতেছে যে আমাদের সাথে কী হইছে। আসলে মিয়ানমার আমাদেরকে গণহত্যা করছে, জেনোসাইড করছে- এটাই সত্যি।"

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলেন ইয়থ উইংয়ের পরিচালক রু মং সই। রাখাইনে নিজস্ব ভাষায় নিজের নাম বলেন তিনি। ২০১৭ সালে ষোল বছর বয়সে বাংলাদেশে আসেন। ২০১৬ সালেও আরেকবার রাখাইনে আক্রমণের শিকার হয়ে বাংলাদেশে এসে তিন মাস থেকে মিয়ানমারে ফিরে গিয়েছিলেন।

আইসিজের রায় নিয়ে তরুণ এই রোহিঙ্গা নেতা বলেন, রায়ের ফলে আমরা মিয়ানমারে অন্য ক্ষুদ্র গোষ্ঠীর মত অধিকার ভোগ করতে পারবো। আমি অনেক খুশী।

"আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। যে রায় ঘোষণা করেছে। আমাদের রোহিঙ্গারা অনেক খুশী। আলটিমেটলি আমাদের নিজের দেশে যাবার চেষ্টা করতে হবে। রোহিঙ্গারা যে নির্যাতিত হয়েছে, একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ করছে। আমরা জেনোসাইড ফেইস করছি। এটা একটা আমাদের জন্য সার্টিফিকেট। আমাদের জন্য বড় পাওয়া। এটাকে ব্যবহার করে আমাদের চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে রিপ্যাট্রিয়েশন সহজ হবে।"

আইসিজের রায়ে বাস্তুচ্যুতদের রোহিঙ্গা নামে এবং রাখাইনের জনগোষ্ঠী হিসেবেও উল্লেখ করা হয়েছে। সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক হূমায়ুন কবির বলেন, রোহিঙ্গারা যে একটা স্বীকৃত জনগোষ্ঠী এই কথাটা মিয়ানমার কখনোই স্বীকার করেনি; অন্তত ১৯৮২ সালের পর থেকে।

"এখন এই রায়টার ফলে আন্তর্জাতিক আদালত তাদের একটা প্রটেক্টেড জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একটা বিষয় যেটা রোহিঙ্গাদের জন্য আত্মপরিচয়ের বিষয়, সেটা তারা পেল। আর দ্বিতীয় হলো রোহিঙ্গা নামটা দিয়েই কিন্তু আন্তর্জাতিক আদালত তাদের উল্লেখ করেছে। মিয়ানমার কিন্তু এদেরকে রোহিঙ্গা বলে না।"

মি. কবির বলেন, রায়ের গুরুত্বপূর্ণ আরেকটি তাৎপর্য তাদের নিজ দেশে ফেরার অর্থাৎ প্রত্যাবাসন ইস্যুতে।

"রায়ে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবার অধিকারটা যে তার একটা মৌলিক অধিকার, সেটাও কিন্তু স্বীকৃত হয়েছে। শুধু এই স্বীকৃতি নয়, তারা যেখানে যে অবস্থায় ছিল, সেখানে রিস্টোর করতে হবে। তার যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। দশ হাজার রোহিঙ্গা যে মারা গেছে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, একথাও কিন্তু স্বীকৃত যেটাকে আমরা জেনোসাইড বলছি।"

প্রত্যাবাসন প্রত্যাশা বাস্তবতা

উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে তরুণ থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে এ রায়কে স্বাগত জানিয়েছেন। রায়ের পর সাধারণ রোহিঙ্গা অনেকে আশাবাদি হচ্ছেন নিজ দেশে ফেরার ব্যাপারে। রোহিঙ্গা ক্যাম্পে বিচার আদালতের রায় লাইভ সম্প্রচার করে রোহিঙ্গাদের দেখার আয়োজন করেছিল ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গা নামে একটি সংগঠন। ওই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিক বিবিসি বাংলাকে বলেন, আইসিজের রায়ের পর ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অনেকের ধারণা এবার তারা দ্রুত নিজ দেশে ফেরত যেতে পারবেন।

"রোহিঙ্গারা অত্যন্ত আশাবাদী হয়েছে। বিশেষত যেটা লক্ষ্য করেছি তারা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে চাচ্ছে। প্রত্যাবাসনের দৃষ্টিকোণ থেকে এ রায় রোহিঙ্গাদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে।"

মি. রফিক বলছেন, তাদের দৃষ্টিতে এ রায় রোহিঙ্গাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করেছে।

"এ রায়ের বাস্তবায়নে আইনগত ইস্যু আছে। ভূ-রাজনীতি আছে, নানা ইস্যু আছে। কিন্তু আমরা নিজেরা এই রায়কে পূজি করে কীভাবে আমাদের অধিকার আদায় করতে পারবো, সেটি নিয়ে কাজ করবো। আমাদের সংগঠিত হতে হবে এবং ঐক্য তৈরি করতে হবে কৌশল নির্ধারণ করে সমন্বয়ের সঙ্গে এগুতে হবে। এছাড়া আমাদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করতে হবে, এরকম একটা বার্তা আমরা রোহিঙ্গাদের মধ্যে দিয়েছি।"

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আইসিজে রায় সরাসরি দেখার আয়োজন হয় রোহিঙ্গা ক্যাম্পে

ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের আশাবাদ যেমন আছে, তেমনি আশঙ্কাও রয়েছে। কারণ এই রোহিঙ্গারা যে রাখাইন থেকে এসেছেন, সেই এলাকা কার্যত এখন আরাকান আর্মির দখলে।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে বলেন, "আমরা চাই একটা স্থায়ী সমাধান। বার বার আমরা যাবো আবারো ফিরে আসবো- এমন প্রত্যাবাসন আমরা চাই না। আমরা এমনভাবে যেতে চাই যাতে আবার ফিরে না আসা লাগে"।

রোহিঙ্গা তরুণ নেতা সায়েদুল মোস্তফা বলেন, "এটা আমাদের দেশ না। বাংলাদেশ ছোট একটা দেশ। যারা আমাদের হেল্প করছে। আমরা যদি তাদের উপর বোঝা হয়ে যাই, সেটা বাংলাদেশের জন্য প্রবলেম। আইসিজে রায়কে ব্যবহার করে বাংলাদেশ সরকারের জোরালো তৎপরতা দরকার হবে।

"তারা (মিয়ানমার) আমাদেরকে কালচারালি, ভাষার দিক থেকে বলে আমরা নাকি বেঙ্গলি। এটা হলো একটা ইমপোজ আইডেন্টি শুধু আমাদের জন্য। আমি বাংলাদেশের না হয়েও ওরা পলিটিক্যালি ইমপোজ করতেছে বাংলাদেশকে এরা (রোহিঙ্গা) তোমাদের লোক তোমরাই ওদেরকে রাখো। এখানে বাংলাদেশকে অনেক বড় রোল প্লে করতে হবে। যে দাবিটা মিয়ানমার করছে সেটাতে কীভাবে রেসপন্স করবে তার জন্য। কারণ যেহেতু একটা টপ কোর্ট রায় দিয়েছে।"

ছবির ক্যাপশান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান

২০১৭ সালের বাংলাদেশে একসঙ্গে সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়ার পর প্রত্যাবাসন নিয়ে নানারকম তৎপরতা দেখা গেছে। একপর্যায়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রীতিমত বাসভাড়া করে প্রস্তুতি নেয়া হয়েছিল, যা সফল হয়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিবিসি বাংলাকে বলেন, যথাযথ প্রস্তুতি এবং সবপক্ষের মতৈক্য হতে হবে।

"আমরা বার বার বলছি যে, প্রিপেয়ার্ডনেস বলতে যা বোঝায় এটা আমাদের দেশের, রোহিঙ্গা কমিউনিটির নিজের এবং ওইপারের সরকারের এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রিপেয়ার্ডনেস একসাথে না হলে প্রত্যাবাসন সাসটেইনেবল হবে না। আপনি নিতে পারবেন জোর করে কিন্তু পরদিন আবার চলে আসবে।"

প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান মনে করেন, আদালতের রায় প্রত্যাবাসন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, যতগুলো চুক্তি হয়েছে, দেনদরবার হয়েছে, মিটিং হয়েছে, মিনিটস হয়েছে- কোথাও কিন্তু মিয়ানমার বলেনি যে তারা রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এখন বাংলাদেশ আদালতের রায় কোট করে বলতে পারবে রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইনের জনগোষ্ঠী।

"প্রত্যাবাসন একটা সহজ প্রক্রিয়া নয়। নিশ্চয়ই এটা দীর্ঘমেয়াদী প্র্রক্রিয়ারই অংশ হবে। কিন্তু এ রায়ের ফলে রোহিঙ্গা নিজেরাও উৎসাহিত হবে তারা নিজেদের জাতিসত্তা নির্মাণের সাহসী হবে এবং তারা সংঘবদ্ধ হবে এবং বাংলাদেশও তার প্রতিপক্ষ বা কাউন্টারপার্টের সাথে যোগাযোগের ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হয়েছে। ফলে আমি মনে করি এখন প্রত্যাবাসন আগের যে কোনো সময়ের চেয়ে প্রক্রিয়াগত দিক থেকে ভিত্তি সুদৃঢ় হয়েছে।"

ছবির ক্যাপশান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১২ লাখ ৮ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। নতুন অনুপ্রবেশও থেমে নেই। ২০২৩ সালের নভেম্বর থেকে গত তিন বছরে নতুন করে আরো দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।

রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ করছে এখন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বর্তমানে রাখাইনের যে অবস্থা তাতে এই মুহূর্তে প্রত্যাবাসন প্রক্রিয়া একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এটা চ্যালেঞ্জতো আছে। "আরাকান আর্মি ওই জায়গাগুলো দখল করে রেখেছে। কাজে তাদের রেস্ট্রিটিউশনের কথা বলা হয়েছে যে তারা পূর্বাবস্থায় ফেরত যাবে। যেখানে ছিল সেখানে তাদের ওই জায়গাতে রেস্টোর করতে হবে। তো এই জায়গায় কিছু গ্রাউন্ড ওয়ার্ক লাগবে। আমার মনে হয়, একটা নতুন চিন্তা আসবে। এই রায়ের পর সকলকে নতুন করে চিন্তা করতে হবে যে কীভাবে এই সমস্যা সমাধান করা যায়। এবং এ রায়টা এখানে ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের দিক থেকেও এখানে যথেষ্ট পরিমাণে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।"

রোহিঙ্গা জেনোসাইডের রায়কে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সরকার অন্যায্য হিসেবে অভিহিত করেছে। তবে বিশ্লেষকরা মনে করেন, আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর একটা আন্তর্জাতিক চাপ হিসেবে কাজ করবে।

Source: BBC Bangla · আবুল কালাম আজাদ

At a glance

Topic
World
Country
🇧🇩 BD
Publisher language
BN
Added to Allnira