অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
ছবির উৎস, Getty Images
Published ৯ মিনিট আগে
পড়ার সময়: ৫ মিনিট
চীনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৃহস্পতিবারের বৈঠককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, এই বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম বিশ্বের এই তিন দেশের নেতা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে বসছেন।
এর আগে বুধবার চীনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দু'জন একে অপরকে আলিঙ্গন করেন।
এই বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা ও প্রভাব তুলে ধরার একটি সুযোগ হিসেবেও দেখছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও।
আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতির মতো বিষয়গুলো উঠে আসার কথা রয়েছে।
Skip আরও পড়তে পারেন: and continue readingআরও পড়তে পারেন:
End of আরও পড়তে পারেন:
ছবির উৎস, Getty Images
অ্যাপেক সম্মেলনে যা বললেন ট্রাম্প, পুতিন ও শি
চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকশ বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রভাবশালী শক্তি। এই অঞ্চলের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় দেশটি কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, দেশটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমৃদ্ধ হচ্ছে।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এই প্রযুক্তির প্রায় সব দিকই ইতিবাচক।
এআই খাতের বিকাশ বাধাগ্রস্ত করতে পারে, এমন নিয়ন্ত্রণেরও বিরোধিতা করেন তিনি।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলের অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব গড়ে তুলতে চায়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেছেন যে তার দেশ বিশ্বের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে নিজেদের অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতেও প্রস্তুত।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে সব পক্ষের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
এ লক্ষ্যে শেনজেনে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা এবং ডিজিটাল প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধির মতো খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেন তিনি। অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে দুই কোটি ডলার ব্যয়ের কথাও জানিয়েছেন শি।
ছবির উৎস, Reuters
ট্রাম্প-পুতিনের আলাদা বৈঠক
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
চীনে বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাদা বৈঠকও হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের খবর প্রকাশ করে।
এর আগে গত বছরের অগাস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সর্বশেষ বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। সে সময় তাদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ।
তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
আজ ট্রাম্প-পুতিন বৈঠকের দিকে ইউক্রেনসহ ইউরোপের অন্যান্য দেশও গভীর নজর রাখবে বলে ধারণা করা হচ্ছে।
কারণ, গত সপ্তাহেই ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে বলেছে, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন নিয়ে এবং ইউরোপকে বাদ দিয়ে ইউরোপ নিয়ে কোনো আলোচনা হতে পারে না।
আর, বুধবার-ই শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেই বৈঠকে চলমান অস্থিতিশীল বিশ্বপরিস্থিতির মধ্যেও চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার কথা তুলে ধরেছেন দুই নেতা।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আজ প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
বিবিসির চীনবিষয়ক সংবাদদাতা লরা বিকারের বিশ্লেষণ অনুযায়ী, এই বৈঠক শি জিনপিংয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা ও মর্যাদা তুলে ধরার একটি বড় সুযোগ।
কারণ, শি জিনপিং এমন দুই নেতাকে স্বাগত জানাচ্ছেন, যারা দু'টি যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং সেগুলোর অবসান ঘটাতে হিমশিম খাচ্ছেন।
তবে আলোচনার বিষয় অনেক হলেও সময় খুব কম। তাই এই বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে বলে খুব একটা আশা করছেন না লরা বিকার।
এছাড়া, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এরও একান্ত বৈঠকে বসবেন।
ছবির উৎস, AFP via Getty Images
যে স্থানে বৈঠকে বসছেন এই তিন নেতা
চীনের শেনজেন শহরের কাইলিন ভিলায় তাদের এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯৯৭ সালে চালু হওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন এই স্থাপনায় দীর্ঘদিন ধরেই চীনা ও বিদেশি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের ডিপল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কূটনীতি বিশেষজ্ঞ মিনসন কু বিবিসিকে বলেছেন, মূল সম্মেলনস্থলের বাইরে অপেক্ষাকৃত ব্যক্তিগত পরিবেশে বৈঠকের আয়োজন থেকে বোঝা যায়, চীন এটিকে আলাদা কোনো বড় সম্মেলন হিসেবে নয়, বরং অ্যাপেক সম্মেলনের অংশ হিসেবেই রাখতে চাইছে।
তার মতে, অ্যাপেক সম্মেলনের আয়োজক দেশ হিসেবে চীন চাইবে মূল সম্মেলনটিই সবচেয়ে বেশি গুরুত্ব পাক। তিন নেতার বৈঠক যেন অ্যাপেক সম্মেলনকে ছাপিয়ে না যায়, সেটিও শি জিনপিংয়ের চাওয়া হতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-চীন কূটনীতি নিয়ে গবেষণা করা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওইউ ইউয়ান বলেছেন, কাইলিন ভিলার নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। পাশাপাশি বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় বৈঠক শেষ করেই ট্রাম্পের সরাসরি রওনা হওয়ার সুযোগ রয়েছে।
তার মতে, বৈঠকের আনুষ্ঠানিক আয়োজন যত কম হবে, সুনির্দিষ্ট কোনো ফলাফল না এলেও রাজনৈতিকভাবে তার নেতিবাচক প্রভাব তত কম পড়বে।
ছবির উৎস, Getty Images
অ্যাপেক সম্মেলনে অন্যান্য বিশ্বনেতা
অ্যাপেক সম্মেলনের মূল আয়োজন শুরুর আগে বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসিমুখে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনা প্রেসিডেন্টের নিজে বিমানবন্দরে গিয়ে বিদেশি অতিথিকে স্বাগত জানানোর ঘটনা বিরল।
ধারণা করা হচ্ছে, কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে তিনি এবারই প্রথম এভাবে স্বাগত জানালেন।
এই বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের এক দিন আগে শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো একসঙ্গে একটি ছবিতে দেখা যায়।
এর আগে বুধবার ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অংশ নেন ট্রাম্প। সেখানে তাকে নিয়ে প্রশংসার কমতি না থাকলেও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি খুব একটা পাওয়া যায়নি।
ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলসহ আরও কয়েকজন বিশ্বনেতাও চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনে যোগ দিতে যান।
তারাও এখন বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনায় ব্যস্ত সময় পার করছেন।
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে এশিয়ার দেশগুলোর সঙ্গে বিভিন্ন চুক্তি করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
অন্যদিকে, চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে প্রথম আনুষ্ঠানিক সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
Source: BBC Bangla · BBC News বাংলা
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira