অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি, যেসব উপসর্গ উপেক্ষা করা উচিত নয়
ছবির উৎস, Getty Images
- Author, ওমকার করম্বলকর
- Role, বিবিসি সংবাদদাতা
Published ২ মিনিট আগে
পড়ার সময়: ৯ মিনিট
অনেকেই মনে করেন স্ট্রোক শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়। আর এ ধারণার উপর ভিত্তি করে অল্পবয়সীরা প্রায়শই হঠাৎ মাথা ঘোরা, হাত বা পায়ে অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া, বা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণগুলোকে উপেক্ষা করে থাকেন।
তবে চিকিৎসকদের মতে এ লক্ষণগুলো উপেক্ষা করলে কখনো কখনো তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী স্ট্রোক এমন কোনো রোগ নয় যাতে শুধুমাত্র বয়স্করাই আক্রান্ত হন। ১৫ থেকে ৪৯ বছরের ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।
এর কারণ হিসাবে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে যে এ বয়সের মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিষ্ক্রিয় জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
স্ট্রোক প্রাণঘাতী রোগ এবং এর ফলে আজীবন শারীরিক অক্ষমতা, স্মৃতিশক্তি হ্রাস, বাকশক্তির উপর প্রভাব এবং মানসিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসায় বিলম্ব হলে মস্তিষ্কের কোষের আরো বেশি ক্ষতি হতে পারে। এ কারণেই স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে 'টাইম ইজ ব্রেইন' অর্থাৎ 'সময়ই মস্তিষ্ক' এমন একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত মূল্যবান, তাই এর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু হাওয়া দরকার।
Skip সর্বাধিক পঠিত and continue reading
সর্বাধিক পঠিত
End of সর্বাধিক পঠিত
এক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ তা হলো স্ট্রোকের প্রাথমিক লক্ষণ এবং কীসে এর ঝুঁকি বাড়ে তা বুঝে নেওয়া। কারণ অনেকেই এসব লক্ষণ উপেক্ষা করেন।
পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমাতে আমরা যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারি সে সম্পর্কেও জেনে নেওয়া দরকার।
ছবির উৎস, Getty Images
স্ট্রোক
সঠিকভাবে কাজ করার জন্য আমাদের মস্তিষ্কে ক্রমাগত অক্সিজেন এবং পুষ্টির প্রয়োজন হয় যা রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।
যখন মস্তিষ্কের দিকে পরিচালিত রক্তনালী অবরুদ্ধ হয়ে পড়ে বা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় তখন রক্ত সরবরাহ ব্যাহত হয়।
এ অবস্থাকে স্ট্রোকে আক্রান্ত হওয়া বলে।
এখন রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে আক্রান্ত মস্তিষ্কের কোনো অংশে পর্যাপ্ত অক্সিজেন নাও পৌঁছাতে পারে এবং কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষগুলোর ক্ষতি হতে থাকে।
স্ট্রোক দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, হাঁটাচলা এবং শরীরের নড়াচড়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
কিছু ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাই স্ট্রোকের কোনো লক্ষণ যদি নজরে পড়ে তাহলে দেরি না করে অবিলম্বে জরুরি চিকিৎসা নিতে হবে।
স্ট্রোক কত ধরনের?
স্ট্রোক মূলত দুই ধরনের। প্রথমটা হলো ইস্কেমিক স্ট্রোক এবং অন্যটা হেমোরেজিক স্ট্রোক।
মস্তিষ্কে সরবরাহকারী রক্তনালীতে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ অবরুদ্ধ হলে তাকে ইস্কেমিক স্ট্রোক বলে।
রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে হেমোরেজিক স্ট্রোক বলে। দুই ধরনের স্ট্রোক গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।
তাই এর কোনো লক্ষণ নজরে এলেই সময় নষ্ট না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া দরকার।
Skip স্ট্রোক নিয়ে আরো খবর and continue readingস্ট্রোক নিয়ে আরো খবর
End of স্ট্রোক নিয়ে আরো খবর
ছবির উৎস, Getty Images
লক্ষণ কী এবং কখন চিকিৎসকের সাহায্য নিতে হবে?
অল্পবয়সী এবং বয়স্ক ব্যক্তি - উভয়ের ক্ষেত্রেই লক্ষণগুলি প্রায়শই একই রকম। তবে শিশুদের ক্ষেত্রে এ লক্ষণ ভিন্ন হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে স্ট্রোকের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো এর প্রাথমিক লক্ষণগুলো প্রায়শই নজরে আসে না।
এ লক্ষণগুলোর মধ্যে শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বোধ করা, অসাড়তা, কথা বলতে অসুবিধা, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা, হাঁটা-চলায় অসুবিধা, ব্যালেন্স (ভারসাম্য) না রাখতে পারা - এসব অন্যতম।
এগুলোকে অনেকে মাংসপেশীতে ব্যথা, ক্র্যাম্প (টান) বা সাধারণ অসুস্থতা ভেবে ভুল করেন এবং উপেক্ষা করেন।
তবে এ লক্ষণগুলো হঠাৎ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। নিজে নিজে ঠিক হয়ে যাবে এটা ভেবে বসে থাকা উচিত নয়।
এই উপসর্গগুলো দেখা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে গেলেও উপেক্ষা না করে চিকিৎসকের কাছে যাওয়া এবং পরীক্ষা করানো প্রয়োজন।
স্ট্রোকের সময় প্রতিটা মিনিট মূল্যবান। দ্রুত চিকিৎসা মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা কমাতে পারে।
'ফাস্ট' টেস্ট
সমস্যা কতটা গুরুতর তা বোঝার জন্য 'ফাস্ট' (এফএএসটি) টেস্টের কথা প্রায়শই উল্লকেহ করেন। এই প্রসঙ্গে ডা. দর্শন দোশী একে উল্লেখ করেছেন 'বি ফাস্ট' (বিই এফএএসটি) বলে। তিনি ব্যাখ্যা করেছেন, এক্ষেত্রে যা লক্ষ্য করতে হবে, তা হচ্ছে -
- বি (ব্যালেন্স)- ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সমস্যা হওয়া বা হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যা।
- ই (আই)- এক চোখে বা দুই চোখে হঠাৎ দৃষ্টিশক্তি কমে আসা
- এফ (ফেস)- মুখ একদিকে বেঁকে যাওয়া।
- এ (আর্ম)- শরীরের একপাশে বাহুতে অসাড়তা বা দুর্বলতা। অনেক ক্ষেত্রে পায়েও অসাড়তা বা দুর্বলভাব দেখা দিতে পারে।
- এস (স্পিচ)- কথা বলতে সমস্যা হওয়া বা কথা জড়িয়ে যাওয়া, শব্দ নির্বাচনে বিভ্রান্তি বা অন্যরা কী বলছে তা বুঝতে অসুবিধা হওয়া।
- টি (টাইম): আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটা লক্ষ্য করেন তাহলে এক মিনিটও নষ্ট না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
Skip আরো পড়ুন and continue readingআরো পড়ুন
End of আরো পড়ুন
ছবির উৎস, Getty Images
স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে 'গোল্ডেন আওয়ার'-এর ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোকের লক্ষণ নজরে আসা মাত্র নিকটস্থ হাসপাতালে যাওয়া উচিত।
ডা. দর্শন দোশী ব্যাখ্যা করেছেন, স্ট্রোকের পর প্রথম সাড়ে চার ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে, প্রয়োজন মতো রোগীদের রক্ত জমাট বাঁধার সমস্যার সঙ্গে মোকাবিলার ওষুধ দেওয়া যেতে পারে।"
"এটা মস্তিষ্কের ক্ষতি কমাতে এবং রোগীকে পুনরুদ্ধার করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে।"
তবে স্ট্রোকের উপসর্গ দেখা দেওয়ার পর সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা দরকার।
কারণ, উপসর্গ প্রকাশের সময়, স্ট্রোকের ধরণ এবং পরীক্ষার ফলের উপর নির্ভর করে। উপসর্গ দেখা দেওয়ার সাড়ে চার ঘণ্টা পরেও রোগীকে কিছু কার্যকর চিকিৎসা দেওয়া যেতে পারে।
অল্পবয়সীদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা
অনেকেই মনে করেন অল্পবয়সীদের স্ট্রোক হয় না এবং এ রোগে বয়স্ক ব্যক্তিরাই আক্রান্ত হন। কিন্তু এই ধারণা ঠিক নয়।
তবে এটা ঠিক যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। তবে যে কোনো বয়সের মানুষই স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।
ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফর্মেশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ১৫ শতাংশ নতুনভাবে নথিভুক্ত হওয়া স্ট্রোকের ঘটনায় আক্রান্তদের বয়স ১৫ বছর থেকে ৪৯ বছরের মধ্যে।
অল্প বয়সে স্ট্রোকে আক্রান্ত হলে কারো জীবনে মারাত্মক প্রভাব দেখা দিতে পারে। কেউ হয়তো সদ্য কর্মজীবন শুরু করেছেন, বা কেউ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন বা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছে।
এ অবস্থায়, স্ট্রোকে আক্রান্ত হলে কারো কাজ করার ক্ষমতা প্রভাবিত হতে পারে, স্বাধীনভাবে কাজ করার এবং পরিবারকে দেখাশোনা করার ক্ষমতা হ্রাস পারে।
ফলে ব্যক্তিগত জীবন ও পরিবারের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই বিশেষজ্ঞদের মতে অল্পবয়সীদেরও স্ট্রোকের ঝুঁকি ও তার কারণ সম্পর্কে সচেতন হওয়া উচিত। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা উচিত।
ছবির উৎস, Getty Images
আগের চেয়ে কি অল্পবয়সীদের মধ্যে স্ট্রোক বেড়েছে?
মুম্বাইয়ের যশলোক হসপিটাল এবং রিসার্চ সেন্টারের নিউরোমাসকুলার ডিসঅর্ডার এবং স্ট্রোক থেরাপির কনসালটেন্ট নিউরোলজিস্ট এবং বিশেষজ্ঞ ডা. বিনয় ভান্ডারীর কাছে আমরা জানতে চেয়েছিলাম ৩০-৪০ বছরের কোঠায় থাকা ব্যক্তিদের মধ্যে স্ট্রোকের ঘটনা গত ১০ বছরে কি বেড়েছে?
ডা. ভান্ডারী বলেছেন, বিশ্বব্যাপী গবেষণা অনুযায়ী ১৯৯০ থেকে থেকে ২০২১-এর মধ্যে, ১৫ থেকে ৪৯ বছরের ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার নতুন ঘটনা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
"সহজভাবে বলতে গেলে, ১৯৯০ সালে এ বয়সের ব্যক্তিদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ১০০টা নতুন কেস এলে ২০২১ সালে তা বেড়ে ১৩৬-এ দাঁড়িয়েছে। এগুলো বৈশ্বিক পরিসংখ্যান। এটা ওই বয়সসীমার মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যাকে দর্শায়। তবে এর অর্থ এই নয় যে স্ট্রোকের ঝুঁকি ৩৬ শতাংশ বেড়েছে।"
অল্পবয়সীদের মধ্যে স্ট্রোকের প্রধান কারণ কী কী?
ডা. বিনয় ভান্ডারীর কথায়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান এবং হৃদরোগ অল্পবয়সীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে।
কিন্তু অল্পবয়সীরা স্ট্রোকে আক্রান্ত হলে অন্যান্য কারণগুলোও খতিয়ে দেখা দরকার।
"মস্তিষ্কে রক্ত বহনকারী রক্তনালীর ক্ষতি, নির্দিষ্ট ধরণের হার্টের সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং মস্তিষ্ক থেকে রক্ত বহন করে এমন শিরায় রক্ত জমাট বাঁধাও স্ট্রোকের কারণ হতে পারে। কিছু ব্যক্তির ক্ষেত্রে স্ট্রোকের পিছনে প্রদাহজনিত আঘাত বা জিনগত কারণ থাকতে পারে।"
নারীদের ক্ষেত্রে, গর্ভাবস্থায় এবং প্রসবের পর স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
তিনি বলেছেন, "অর্থাৎ এটা ধরে নেওয়া উচিত নয় যে অল্পবয়সীদের মধ্যে স্ট্রোক শুধুমাত্র জীবনযাত্রা সংক্রান্ত সমস্যার কারণেই ঘটে। স্ট্রোকের অন্তর্নিহিত কারণ খুঁজে পাওয়াটা খুবই জরুরি।
এর উপর ভিত্তি করে রোগীকে যে চিকিৎসা দেওয়া হবে তা যেমন নির্ভর করে তেমনই নির্ভর করে ভবিষ্যতে আবার স্ট্রোকের ঝুঁকি রুখতে কী ব্যবস্থা নিতে হবে।"
উচ্চ রক্তচাপ অল্পবয়সীদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায়?
ডা. বিনয় ভান্ডারী বলেছেন, "স্ট্রোকের ঝুঁকির মধ্যে নিয়ন্ত্রণ করা যায় এমন বিষয়গুলোর মধ্যে একটা উচ্চ রক্তচাপ। তবে উচ্চ রক্তচাপের লক্ষণ সবসময় যে স্পষ্ট হয় তা নয়। একজন অল্পবয়সী ব্যক্তি সুস্থ বোধ করতে পারেন, দৈনন্দিন কাজও করতে পারেন। কিন্তু দেখা যাবে তার উচ্চ রক্তচাপ রয়েছে।"
"দীর্ঘ সময়ের জন্য অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তনালীর ক্ষতি করতে পারে, যার ফলে মস্তিষ্কের দিকে পরিচালিত রক্তনালী ফেটে যেতে পারে।"
তাই নিয়মিত রক্তচাপ মাপার উপর জোর দিয়েছেন তিনি।
"উচ্চ রক্তচাপের উপসর্গ স্পষ্ট হওয়ার জন্য অপেক্ষা করার বদলে রক্তচাপ পরীক্ষা করাটা দরকার। নিজের রক্তচাপের মাত্রা সম্পর্কে ধারণা থাকা ও ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা করালে তা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষা এবং স্ট্রোকের ঝুঁকি কমানো- দুইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
ছবির উৎস, Getty Images
ডায়াবেটিস ও স্থূলতা কীভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়?
"ডায়াবেটিস এবং স্থূলতা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এর সঙ্গে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও বাড়লে তা সেই ঝুঁকি আরো বাড়াতে পারে," বলেছেন ডা. বিনয় ভান্ডারী।
তিনি বলেছেন, ডায়াবেটিস সময়ের সঙ্গে সঙ্গে রক্তনালীর ক্ষতি করে। একইভাবে শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, বিশেষত পেটের কাছে চর্বি জমার সঙ্গে ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য বিপাকীয় সমস্যার সম্পর্ক রয়েছে। এসবই স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
"উদ্বেগজনকভাবে, এ সমস্যাগুলো অল্প বয়সেই শুরু হতে পারে এবং বছরের পর বছর ধরে শনাক্ত না হওয়া অবস্থাতেই থাকতে পারে।"
এ সমস্যা সমাধানে ডা. ভান্ডারীর পরামর্শ হচ্ছে, সুষম ডায়েট, নিয়মিত ব্যায়াম করা এবং শরীরের ওজন বজায় রাখা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা।
তাছাড়া প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস শনাক্ত হওয়া, তা নিয়ন্ত্রণ করা দরকার এবং এর (ডায়াবেটিস) সঙ্গে সম্পর্কিত সমস্যা যেমন উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের চিকিৎসাও করা দরকার।
জিনগত কারণ কতটা দায়ী?
ডা. বিনয় ভান্ডারী বলেছেন, "কিছু জিনগত রোগ এবং বিরল রক্তনালীর ব্যাধিও অল্পবয়সীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে তুলতে পারে। এর মধ্যে রয়েছে সিকেল সেল ডিজিজ এবং মোয়া মোয়া ডিজিজ।"
"মোয়া মোয়া রোগ একটা বিরল রোগ যেখানে মস্তিষ্কে রক্ত বহনকারী প্রধান রক্তনালী ধীরে ধীরে সঙ্কুচিত হতে থাকে। এর ফলে অনেক সময় মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না, কারো কারো ক্ষেত্রে রক্তনালী সম্পর্কিত অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
তাই অল্প বয়সে স্ট্রোকের ক্ষেত্রে জেনেটিক এবং অন্যান্য অন্তর্নিহিত কারণগুলো চিকিত্সকদের খতিয়ে দেখা উচিত।"
আর কী বিষয় ঝুঁকি বাড়ায়?
ডা. বিনয় ভান্ডারী বলেছেন, "স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ সিগারেট খাওয়া। এটা রক্তনালীগুলির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়িয়ে তোলে।"
"অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে বিশেষত যদি তা অল্প সময়ের মধ্যে সেবন করা হয়। এটা হৃদস্পন্দনকে অনিয়মিত করে তুলতে পারে।
কোকেন এবং মেথামফেটামিনের মতো উত্তেজক রক্তচাপ হঠাৎ বৃদ্ধি করতে পারে।"
"ই-সিগারেট সেবন, যাকে ভেপিং বলে তার সঙ্গে স্ট্রোকের মধ্যে যোগসূত্র ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। ধূমপান এবং স্ট্রোকের মধ্যে যোগ সুপ্রতিষ্ঠিত হলেও ভেপিংয়ের দীর্ঘমেয়াদী প্রভাবগুলো সম্পর্কে আরও অধ্যয়ন করা দরকার। ই-সিগারেটকে নিরাপদ বলে মনে করা উচিত নয়।"
জীবনযাত্রার সঙ্গে সম্পর্ক
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
ডা. ভান্ডারী বলছেন, অল্পবয়সীদের অনেকেই কাজ সংক্রান্ত চাপ, আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব এবং ঘুমের অভাবের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন।
"দীর্ঘস্থায়ী স্ট্রেস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এটা রক্তচাপ, ঘুমের ধরণ, খাদ্যাভ্যাস এবং শারীরিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে।
কিছু লোক যারা স্ট্রেসের সঙ্গে যুঝছেন তাদের মধ্যে ধূমপান বা অ্যালকোহল পান করার মতো অভ্যাসও দেখা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে স্ট্রেস এবং স্ট্রোকের মধ্যে একটা যোগসূত্র রয়েছে।"
তবে এটাই একমাত্র কারণ নয়।
"শারীরিক কার্যকলাপ কমে যাওয়ার মতো বিষয়ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। অনেকে দিনের বেশিরভাগ সময় বসে, যাতায়াত করে বা কম্পিউটারে কাজ করে কাটান। এই অলস জীবনযাত্রার ফলে ওজন বেড়ে যায়, যার ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।"
জীবনযাত্রায় বদল আনা এবং প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।
"তাই অল্পবয়সীদের নিয়মিত রক্তচাপ এবং ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা।
ধূমপান এড়ানো, শারীরিকভাবে সক্রিয় থাকা, সুষম ডায়েট এবং পর্যাপ্ত ঘুমও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।"
"তবে ডায়েটে বড়সড় বদল, নতুনভাবে ব্যায়াম শুরু করা এবং ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।
শারীরিক অবস্থা এবং উপসর্গ পরীক্ষা করার পর বিশেষজ্ঞের পরামর্শের উপর ভিত্তি করে জীবনযাত্রার প্রয়োজনীয় পরিবর্তন আনা ভাল।
চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে নিজে নিজে ওষুধ খেলে তা বিপদ ডেকে আনতে পারে।"
Source: BBC Bangla · ওমকার করম্বলকর
At a glance
- Topic
- World
- Country
- 🇧🇩 BD
- Publisher language
- BN
- Added to Allnira